ব্যাংকের তারল্যসংকট কাটার অপেক্ষায় বিনিয়োগকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে যে চরম ধস নামে রোববার তা থেকে রেহাই মেলেনি চট্টগ্রামের বিনিয়োগকারীদেরও। রাজধানী ঢাকার মতো চট্টগ্রামের বিনিয়োগকারীরা রাস্তায় না নামলেও চাপা ক্ষোভ ছিল সবার মধ্যে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক প্রায় সাড়ে পাঁচ শ পয়েন্টেরও বেশি কমে যায়। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তিনটি সূচকেরই পতন হয়। তবে গতকাল সোমবার দুপুর পর্যন্ত সিইসির মূল্যসূচক ৫ শতাংশ হারে বাড়ার চিত্র পাওয়া যায়। আগের দুই কর্মদিবসে ডিএসইর মতো সিইসির সূচকও অস্বাভাবিক হারে হ্রাস পায়। বিনিয়োগকারীরা এ অবস্থার জন্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) দুষলেও বাজার বিশ্লেষকেরা এ ব্যাপারে ভিন্নমত দেন। তাঁদের মতে, দরপতনের এ নজির ১৯৯৬ ও ২০০৪ সালের সব নজিরকেই ছাপিয়ে গেছে সত্যি। তবে এটা সাময়িক ব্যাপার। ব্যাংকের তারল্যসংকটের কারণে এমনটি হচ্ছে বলে তাঁরা মনে করেন। এ কথা মাথায় রেখে বিনিয়োগকারীদের লেনদেন করা দরকার। অযথা উদ্বেগের কিছু নেই। সিএসই সূত্রে জানা যায়, রোববার ১৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বাড়ে চারটির, কমে ১৭৯টির। আর এর আগের কার্যদিবসে ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২২টির এবং কমেছে ১৬২টির। অপরিবর্তিত ছিল চারটির। রোববারে ১৫১ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৩০২ টাকা ৩০ পয়সার শেয়ার লেনদেন হয়। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ১২৫ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৩৬৪ টাকা ৩৫ পয়সা। এদিন আগের দিনের চেয়ে ২৫ কোটি ৫১ লাখ ৪৪ হাজার ৯৩৭ টাকা ৩৫ পয়সা বেশি লেনদেন হয়। তবে সিএসইর ১৮টি খাতের মধ্যে সব সূচকই কমে যায়। সব প্রতিষ্ঠান নিয়ে গড়া সিএএসপিআই সূচক ৫ দশমিক ৯৮ শতাংশ অথবা ১৩৮৩ দশমিক ৩৮ পয়েন্ট কমে দাঁড়ায় ২১৭৪৯ দশমিক ০০০৫ পয়েন্টে। ভালো মৌলভিত্তিক প্রতিষ্ঠান নিয়ে গড়ে ওঠা সিএসসি সূচক ৭ দশমিক ৯৫ শতাংশ অথবা ১৬১১ দশমিক ৮১ পয়েন্ট কমে ১৮৬৫০ দশমিক ৯২ পয়েন্টে দাঁড়ায়। সিএসসিএক্স সূচক ৬ দশমিক ১১ শতাংশ অথবা ৯১৪ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়ায় ১৪০৩৪ দশমিক ২১ পয়েন্টে। সিএসই সূত্র আরও জানায়, রোববার সবচেয়ে বেশি কমে ব্যাংকিং খাতের সূচক। এ খাতের সূচক ৮ দশমিক ৬০ শতাংশ অথবা ৭০৬২ দশমিক ৮১ পয়েন্ট কমে দাঁড়ায় ৭৪৯৮৪ দশমিক ৬২-এ। এর আগের কার্যদিবসে এর সূচকের পরিমাণ ছিল ৮২০৪৭ দশমিক ৪৪ পয়েন্ট। গত কয়েকদিনের পুঁজিবাজারের দরপতনের অস্বাভাবিক ওঠানামায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রচণ্ড রকম ক্ষুব্ধ। তাঁরা মনে করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সিইসির সঠিক ও সময়োচিত সিদ্ধান্ত অনেক কার্যকর ভূমিকা রাখতে পারত। এসইসিকে ইংগিত করে বিনিয়োগকারী আবুল কাশেম বলেন, ‘আমরা কারও ইচ্ছা-অনিচ্ছার কাছে জিম্মি থাকতে চাই না। সরকার ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে এগিয়ে আসা উচিত দ্রুত।’ ইলোরা গোমেজ নামে অপর এক বিনিয়োগকারী হতাশা ব্যক্ত করে বলেন, ‘এরকম ঝুঁকি নিয়ে শেয়ার ব্যবসা করার ইচ্ছে নেই।’বাজার বিশ্লেষক ও বিভিন্ন ব্রোকারেজ হাউসের সঙ্গে কথা বলে জানা যায়, পুঁজিবাজারের এ সংকটের ক্ষেত্রে সিএসসির কিছু সিদ্ধান্ত প্রভাব ফেললেও সামগ্রিকভাবে তাদের দায়ী করা যায় না। কারণ বছরের শেষ পর্যায়ে এসে ব্যাংকের তহবিলেও ঘাটতি পড়েছে। অনেক ব্রোকারেজ হাউসও শেয়ার কেনার জন্য ব্যাংকের কাছে প্রয়োজনীয় অর্থ চেয়ে পায়নি। এ প্রসঙ্গে বাজার বিশ্লেষক ও ব্রোকার হাউসের কর্ণধার মোহাম্মদ সামশুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পুঁজিবাজারের বর্তমান সংকটের জন্য ব্যাংকের তারল্যসংকটকে চিহ্নিত করা যায়। এ কারণে শেয়ার কেনার মতো অবস্থা ছিল না সবার। তবে গত কয়েকদিনে ব্যক্তি পর্যায়ে বিনিয়োগ কমলেও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কিছু লেনদেন হয়েছে।’দাম পড়ে যাওয়ার গুজবেও অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী শেয়ার ব্যবসা থেকে সরে আসার অথবা কম দামে হলেও শেয়ার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান। তিনি বিনিয়োগকারীদের অহেতুক বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন। এদিকে, শেয়ারবাজারের বিপর্যয় ঠেকাতে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রোববার চারটি সিদ্ধান্ত নিয়েছে। এগুলো হচ্ছে—মেম্বারস মার্জিন বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার, শেয়ারের বিপরীতে মার্জিন ঋণ অনুপাত ১:১ থেকে ১:১ দশমিক ৫ বাড়ানো, এনএভি ফর্মুলা স্থগিত এবং গ্রামীণফোন ও ম্যারিকাকে মূল বাজারে ফিরিয়ে আনা। এসব সিদ্ধান্ত গতকাল সোমবার থেকে কার্যকর হয়েছে। এ ছাড়া পুঁজিবাজারের পতন ঠেকাতে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক ঋণের সমন্বয়ের সময় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে বলে জানা যায়। ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগের (এসএমই) ঋণ সঠিক খাতে ব্যয় না হয়ে পুঁজিবাজারে ঢুকছে কি না তা যাচাইয়ের জন্য একটি তদন্ত দল গঠনের প্রস্তুতি নিচ্ছে। এসইসির সিদ্ধান্তগুলো কার্যকর হওয়ায় সোমবার পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি আরও বলেন, ‘এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের টেকসই নীতিমালা থাকা প্রয়োজন।’