কক্সবাজারের মহেশখালী উপজেলায় তিন হাজার ৭০০ কৃষকের নামে খোলা হিসাবে ২৭ মাস ধরে কোনো লেনদেন হচ্ছে না। ফলে এসব হিসাব হালনাগাদ রাখার বিষয়টি ব্যাংকগুলোর জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। ব্যাংকে জমা রাখার মতো টাকা না থাকা এবং সচেতনতার অভাবে সংশ্লিষ্ট হিসাবধারী কৃষকেরা ব্যাংকমুখো হচ্ছেন না বলে জানা গেছে।সংশ্লিষ্ট কৃষক, কৃষি কর্মকর্তা এবং ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সেচ খাতে বোরো মৌসুমের কৃষি ভর্তুকি হিসেবে ডিজেল কেনার জন্য অর্থ বরাদ্দ দেয় সরকার। এ টাকা তোলার জন্য ২০০৯ সালের নভেম্বর মাসে ১০ টাকা দিয়ে স্থানীয় কৃষকেরা কৃষি ব্যাংক গোরকঘাটা, বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, মাতারবাড়ি শাখা এবং সোনালী ব্যাংক মহেশখালী শাখায় কৃষি হিসাব খোলেন। এসব হিসাবে মাঝারি চাষির জন্য এক হাজার টাকা করে এবং ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জন্য ৮০০ টাকা করে মোট ৩৫ লাখ টাকা বরাদ্দ আসে। ২০১০ সালের মার্চে এসব টাকা তুলে নেন কৃষকেরা। এরপর নতুন করে কোনো ভর্তুকির টাকা বরাদ্দ দেওয়া হয়নি।মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল এলাকার প্রান্তিক চাষি নুরুল আলম বলেন, ‘আমি ২০০৯ সালের শেষ দিকে কৃষি ব্যাংক মাতারবাড়ি শাখায় একটি ব্যাংক হিসাব খুলি। কিছু দিন পর ওই হিসাবে ডিজেলের ভর্তুকির টাকা জমা হলে তা তুলে নিই। এরপর আর কোনো দিন ব্যাংকে যাইনি। টাকাও জমা দিইনি।’ তাঁর প্রশ্ন, ‘৪০ শতক জমিতে চাষ করে যেটুকু ফসল পাই, তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। অনেক সময় না খেয়েও থাকতে হয়। এর মধ্যে ব্যাংকে টাকা জমা দেওয়ার টাকা পাব কোথায়?’শাপলাপুর ইউনিয়নের জেমঘাট এলাকার ক্ষুদ্র চাষি আমান উল্লাহ ও আবদুর রহিম জানান, এক একর জমিতে বোরো চাষ করতে ২০-২৫ হাজার টাকা খরচ হয়। এর মধ্যে সরকারের দেওয়া ৮০০ থেকে এক হাজার টাকা কিছুটা উপকারে এলেও অনেককে বাইরে থেকে আরও ঋণ নিতে হয়। ফলে তাদের পক্ষে ব্যাংকে টাকা জমা দেওয়া সম্ভব হয় না।উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এমদাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২০১০ সালের শুরুতে ডিজেলের ভর্তুকি হিসেবে চার হাজার কৃষকের জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ আসে। এর মধ্যে তিন হাজার ৭০৪ জন ৩০ লাখ ৩৩ হাজার টাকা তুলে নিলেও বাকি চার লাখ ৭৭ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত যায়। প্রায় ৩০০ চাষি কৃষি হিসাব না খোলার কারণে ওই টাকা ফেরত গেছে বলে তিনি মন্তব্য করেন।কৃষি ব্যাংক গোরকঘাটা শাখার ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, তাঁর শাখায় ৯০০ কৃষি হিসাবের মধ্যে মাত্র ৫০টি হিসাবে কিছুটা লেনদেন হলেও বাকি হিসাবে কোনো লেনদেন হচ্ছে না। ফলে এসব হিসাব হালনাগাদ রাখার কাজটি অনেকটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। একই মন্তব্য করেন সোনালী ব্যাংকের মহেশখালী শাখার ব্যবস্থাপক নুরুল আমিন। তিনি জানান, সাধারণত একটি ব্যাংক হিসাবে এক বছর লেনদেন না করলে ওই হিসাবটি বন্ধ হয়ে যায়। কিন্তু ১০ টাকা দিয়ে খোলা এসব কৃষি হিসাব বিনা লেনদেনে কত দিন চালু রাখা যাবে, সে ব্যাপারে কোনো নির্দেশনা বাংলাদেশ ব্যাংক এখনো দেয়নি। এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন বলেন, ‘ব্যাংক হিসাব সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকায় কৃষকেরা ব্যাংকমুখী হচ্ছেন না। তাঁদের ব্যাংকমুখী হওয়ার ব্যাপারে উৎসাহিত করার জন্য কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হবে।