
সম্প্রতি ডাল-জাতীয় মসুর ফসলে তিনটি নতুন ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে। এগুলোর বৈজ্ঞানিক নামের আন্তর্জাতিক স্বীকৃতিও মিলেছে।
এসব ব্যাকটেরিয়া দিয়ে উন্নত মানের ‘জীবাণু সার’ তৈরির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুন অর রশিদ ব্যাকটেরিয়াগুলো আবিষ্কার করেন।
মসুর উদ্ভিদে ব্যাকটেরিয়াগুলো কী কাজ করে?
মো. হারুন অর রশিদ: ডাল-জাতীয় ফসল মসুরের শিকড়ে ওই ব্যাকটেরিয়াগুলো গুটি সৃষ্টি করে, যা ওই উদ্ভিদে বাতাসের নাইট্রোজেন সংবন্ধন করে গাছের পুষ্টি জোগায়। এতে গাছে ইউরিয়া সার প্রয়োগ করতে হয় না। ফলনও অনেক বেশি হয়।
নতুন আবিষ্কৃত ব্যাকটেরিয়াগুলোর নাম কী?
মো. হারুন অর রশিদ: ব্যাকটেরিয়ার প্রজাতিগুলোর নাম রিজোবিয়াম বাংলাদেশেনস (Rhizobium bangladeshense), রিজোবিয়াম বিনায়ে (Rhizobium binae) ও রিজোবিয়াম লেনটিস (Rhizobium lentis)। নামকরণের আন্তর্জাতিক কর্তৃপক্ষ ইন্টারন্যাশনাল কমিটি অন সিস্টেমেটিকস অব প্রোক্যারিওটস (আইসিএসপি) ওই তিনটি নামের স্বীকৃতি দিয়েছে।
বাংলাদেশের মসুর ফসলে নতুন ব্যাকটেরিয়ার উপস্থিতি বুঝলেন কীভাবে?
মো. হারুন অর রশিদ: ওই তিন ব্যাকটেরিয়া আবিষ্কারের আগে বিশ্ব জানত মসুর উদ্ভিদের শিকড়ে গুটি তৈরির জন্য রিজোবিয়াম লেগুমিনোস্যারাম (Rhizobium leguminosarum) ব্যাকটেরিয়াই দায়ী। কিন্তু বাংলাদেশের মসুর ফসলে অন্য তিনটি ব্যাকটেরিয়ার প্রজাতি গুটি তৈরি করে। ছয় বছর গবেষণা করে আমি তা প্রমাণে সক্ষম হই।
নতুনভাবে নামকরণ করতে আপনাকে কী করতে হয়েছে?
মো. হারুন অর রশিদ: অণুজীব বিজ্ঞানের তিনটি বিখ্যাত সাময়িকীতে ওই ব্যাকটেরিয়াগুলোর বিস্তারিত বিবরণ প্রকাশ করতে হয়েছে। পাশাপাশি তিনটি আন্তর্জাতিক অণুজীব সংরক্ষণাগার ব্যাকটেরিয়া নমুনা জমা রাখার পরেই স্বীকৃতি মিলেছে।
ব্যাকটেরিয়াগুলো কী কাজে আসবে?
মো. হারুন অর রশিদ: এ ব্যাকটেরিয়াগুলো দিয়ে উত্কৃষ্ট মানের জীবাণু সার তৈরি করা সম্ভব। যা মসুর, খেসারি এবং মটরশুঁটি ফসলে ব্যবহার করা যায়। এতে ইউরিয়া সারের ব্যবহার কমবে এবং ফলনও বাড়াবে। এ জীবাণু সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা বাড়বে ও মাটির দূষণ কমবে।
আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
মো. হারুন অর রশিদ: বাংলাদেশে স্থানীয় অণুজীবের কৌলিক বৈচিত্র্য ও সক্ষমতা নিরূপণ করা, যাতে মানুষ কৃষিক্ষেত্রে ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এগুলো ব্যবহার করে উপকৃত হতে পারে। আর এসব মৌলিক গবেষণায় সরকার ও বিনা অধিকতর সুযোগ করে দেবে বলে আশা করি। অণুজীব গবেষণায় আরও বেশি অবদান রেখে বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরতে চাই।