ব্যাকটেরিয়ার কথা শুনতে কৃত্রিম কান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাকটেরিয়া ও ভাইরাসের মতো ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণ, এমনকি এই জীবাণু চোখে দেখা যায় না। কিন্তু এট্টুকুন একটা প্রাণ মানুষের শরীরে ঢুকে কী লঙ্কাকাণ্ডটাই না ঘটিয়ে বসে। সামান্য সর্দি, জ্বর থেকে শুরু করে মারাত্মক সব রোগের আকর নিয়ে ঘুরে বেড়ায় এই ভাইরাস ও ব্যাকটেরিয়া।খুদে এসব প্রাণ দেখতে গবেষকেরা এত দিন অণুবীক্ষণ যন্ত্রে চোখ রেখেছেন। এবার এদের নানা কর্মকাণ্ড শুনতে তাঁরা আড়ি পাতবেন ছোট্ট একটা কানে। ওষুধ কীভাবে রোগ-জীবাণুর বিরুদ্ধে লড়ে, সেসব ধরা পড়বে কৃত্রিম ওই কানে।লেজার রশ্মিকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে ওই কান। খুদে ওই যন্ত্র থেকে একাধিক রশ্মি বের হয়। রশ্মিগুলো আংটির মতো একটা বলয় তৈরি করে। ধরুন, একটি ব্যাকটেরিয়াকে ওই বলয়ের মধ্যে ফেলা হলো। চিরাচরিত স্বভাবে ওটি সেখান থেকে বেরিয়ে যেতে চাইবে। বলয় থেকে বের হওয়ার সময় বিদ্যুতায়িত লেজার রশ্মির সঙ্গে নির্ঘাত ধাক্কা খাবে ব্যাকটেরিয়া। সঙ্গে সঙ্গে পেন্ডুলামের মতো দুলে উঠবে ওই রশ্মি। আর সেই নড়াচড়া স্পিকারের মাধ্যমে পৌঁছে যাবে মানুষের কানে। এই হলো কৃত্রিম কানের মূল কথা। লেজার রশ্মির নড়াচড়া ফ্রেমে বন্দী করতে বসানো হয়েছে উচ্চগতির ক্যামেরা, যা সামান্যতম নড়াচড়া দেখলেই ফটাফট ছবি তুলে ফেলে।ব্রিটেনের গ্লাসগো ইউনিভার্সিটি, অক্সফোর্ড ও ন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল রিসার্চের একদল গবেষক খুদে কানটি উদ্ভাবন করেছেন। তাঁদের বক্তব্য, তাঁরা ব্যাকটেরিয়ার ওপর গবেষণা শেষে মানুষের রক্তকণিকার ওপর কৃত্রিম কানের কার্যকারিতা পরখ করবেন।বিবিসি অবলম্বনে