ফেব্রুয়ারি মাস এলে বাংলা ভাষা সম্পর্কে আমাদের আগ্রহ ও ভালোবাসা গতি লাভ করে। সংবাদপত্রে, টেলিভিশনে বাংলা ভাষার গুরুত্ব, সৌন্দর্য নিয়ে আলোচনার ঝড় ওঠে। এর পরও আমাদের সচেতনতা খুব বাড়ে বলে মনে হয় না। শুদ্ধভাবে বাংলা লেখা ও বলার জন্য বাংলা ব্যাকরণ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকার কোনো বিকল্প নেই। অথচ এই ব্যাকরণ শিক্ষার্থীদের কাছে অধিকাংশ সময় এক অপ্রীতিকর ও ভীতিকর বিষয়ের নামান্তর। এর কারণ সম্ভবত শিক্ষার্থীর কাছে প্রাঞ্জল ও সরসভাবে ব্যাকরণকে উপস্থাপনের ক্ষেত্রে আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা লাঘবের চেষ্টা করেছেন যতীন সরকার তাঁর গল্পে গল্পে ব্যাকরণ বইটিতে। যতীন সরকার বাংলা ভাষা ও সাহিত্যের কীর্তিমান অধ্যাপক। শিক্ষক হিসেবে তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতাকে তিনি কাজে লাগিয়েছেন এই বইয়ে। গল্প বলার ছলে তিনি ঢুকে পড়েছেন বাংলা ভাষার বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, ব্যাকরণের নিয়মকানুনে। এ গল্পে মোট তিনটি চরিত্র—কথক মধুদা, রুবী ও চামেলি। ‘ব্যাকরণ যে একটি বিজ্ঞান, কথাটি মনে আছে তো?’ এই দিয়ে গল্পের শুরু এবং ‘একেই বলে গুরুমার বিদ্যা।’ এই বলে গল্পের শেষ। আকর্ষণীয় শিরোনাম দিয়ে ১০টি অধ্যায়ে এ গল্পকে ভাগ করেছেন লেখক। ‘কেবলই বদলায়’, ‘পরীর ভাষা নয়, পরিভাষা’, ‘শব্দের পদযাত্রা’, ‘ক্রিয়ার আত্মীয়স্বজন’, ‘বিভক্তির কেরামতি’—এ ধরনের সরস আলোচনার মাধ্যমে বাংলা ব্যাকরণের খুঁটিনাটি বিষয়কে মনোমুগ্ধকর করে তুলেছেন লেখক। একটি উদাহরণ দেওয়া যাক। ধ্বনির পরিবর্তনের কারণে শব্দের বদলে যাওয়াকে চমত্কার ভঙ্গিতে ব্যাখ্যা করেছেন তিনি। ইংরেজি ‘অরেঞ্জ’ শব্দটি এসেছে সংস্কৃত ‘নবরদ’ থেকে—মধুদার এমন দাবিকে মানতে চায় না রুবী ও চামেলি। মধুদা তাঁর গল্প শুরু করলেন, ‘প্রাচীন ভারতবর্ষে কমলালেবুকে বলা হতো “নবরদ”। এটি পারস্যে হয়ে যায় “নওরদ”। তারপর পারসি ভাষায় এটি আরও বদলে গিয়ে হয়ে যায় “নারাঙ্গ”। আরবীয়রা অনেক সুন্দর জিনিসের সঙ্গে এই নারাঙ্গও নিয়ে যেত ইউরোপে। আরবীয়দের মুখে এই নারাঙ্গ হয়ে যায় “নারাঞ্জ”। বন্দরে জাহাজ ভিড়লেই সুন্দর ফলগুলো দেখে ইংরেজরা জিজ্ঞেস করত, “এগুলো কী?” বণিকেরা বলতেন, নারাঞ্জ; তখন ইংরেজ খদ্দের বলত, “ও নরেঞ্জ! তা বেশ, দাও তো একটি নরেঞ্জ।” “Give me a noronge”. A noronge বলতে বলতে হয়ে গেল An orange. এখন বুঝলে তো “নবরঙ্গ” কী করে orange হয়ে যায়?’ (পৃ: ১০)শুধু ধ্বনি পরিবর্তন নয়, সন্ধি, কারক, বিভক্তি, সমাসসহ বাংলা ব্যাকরণের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়কে স্পর্শ করেছেন লেখক। পরিভাষা-সম্পর্কিত আলোচনায় প্রকৃতি, মৌলিক শব্দ, বিভক্তি, পদ প্রভৃতির সহজ উদাহরণসহ সংজ্ঞা দিয়েছেন। ‘শব্দের পদযাত্রা’ অধ্যায়ে তিনি ইংরেজি পদের সঙ্গে বাংলা পদের তুলনামূলক আলোচনা করেছেন। ‘বিভক্তির কেরামতি’তে বিভক্তির বৈচিত্র্য দেখিয়ে কারক বিভক্তি নির্ণয়ের সহজ উপায় চিনিয়ে দিয়েছেন। ‘শব্দ তৈরির কারখানা’য় বাংলা শব্দ তৈরির চমত্কার পদ্ধতির কথা বলেছেন। ‘শব্দে শব্দে শব্দ’ অধ্যায়ে সমাস সম্পর্কে রসঘন আলোচনা করেছেন তিনি। শেষে ‘শব্দের অর্থ বদল’-এ শব্দের অর্থ পরিবর্তনের বিজ্ঞানসম্মত আলোচনা করেছেন সহজ ও সুন্দর উদাহরণের মাধ্যমে। এই ১০টি অধ্যায় পড়তে গিয়ে কারও মনে হবে না, কোনো নীরস বিষয়ের আলোচনা হচ্ছে। অসাধারণ কুশলতায় যতীন সরকার সহজেই আবিষ্ট করে ফেলেছেন ব্যাকরণবিমুুখ শিক্ষার্থীদের। প্রতিটি বিষয় বিশ্লেষণ করতে গিয়ে অসংখ্য উদাহরণ টেনেছেন, সংস্কৃত ও ইংরেজি ব্যাকরণের সঙ্গে প্রাসঙ্গিক তুলনা করেছেন বাংলা ব্যাকরণের। তাই গল্পের রুবী ও চামেলি সহজেই একাত্ম হতে পেরেছে। যেমন—বিভক্তির গুরুত্ব বোঝাতে গিয়ে মুধদা তাদের বললেন, ‘যেমন কতকগুলো ইট দিয়ে তৈরি হয় একটি দালান, তেমনি কতকগুলো শব্দ দিয়ে তৈরি হয় একটি বাক্য। কিন্তু খালি ইট দিয়ে দালানের গাঁথুনি তৈরি করা চলে না। ইটের সঙ্গে যদি সিমেন্ট না থাকে তাহলে তো একটার পর একটা ইট বসালেও হুড়মুড় করে পড়েই যাবে। দালান আর তৈরি হবে না। তেমনি শব্দ দিয়ে যখন বাক্য তৈরি করা হয়, তখন ওই সিমেন্টের মতো একটা বস্তু ব্যবহার করতে হয়। ব্যাকরণে তাকেই বলে বিভক্তি।’ (পৃ: ২৯-৩০)যেসব শব্দ ব্যবহার করতে গিয়ে আমরা প্রতিনিয়ত ভুল করি—উত্কর্ষতা, ঐক্যতা, দারিদ্র্যতা, সৌজন্যতা ইত্যাদি শব্দ ব্যবহারে লেখক মনোযোগ রাখার কথা বলেছেন। প্রচলিত ব্যাকরণের বিভিন্ন ভুল ও সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেছেন তিনি। গল্পে গল্পে ব্যাকরণ পড়লেই রাতারাতি কেউ ব্যাকরণবিশারদ হয়ে যাবে না। কিন্তু গুরুত্বপূর্ণ কাজটি হবে—বাংলা ব্যাকরণ সম্পর্কে অকারণ অনীহা ও ভীতি কেটে যাবে সহজেই।