ব্যাগ হাতানো ওরা ১১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরা ১১ জন। বাংলাদেশ বিমানের দৈনিক মজুরিভিত্তিক কর্মী (ক্যাজুয়েল)। কাজ করেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। কেউ পরিবহন বিভাগে (ট্রাফিক) আর কেউ নিরাপত্তা বিভাগে। বহির্গমন যাত্রীদের ব্যাগ-লাগেজ ইত্যাদি স্ক্যানিং-এর সময় এঁরা থাকেন সুযোগের অপেক্ষায়। বিদেশফেরত যাত্রীদের ব্যাগ উড়োজাহাজ থেকে নামিয়ে কনভেয়র বেল্টে তোলার আগে পর্যন্ত চলে এঁদের তৎপরতা। মুহূর্তের মধ্যে এঁরা কৌশলে বল পেনের নিব দিয়ে ব্যাগের চেইন খুলে হাতিয়ে নেন স্বর্ণালংকার, দামি মোবাইল ফোন, ল্যাপটপ। এভাবে নগদ ডলার, রিয়াল, দিরহামও জুটে যায় অনেক সময়। স্বর্ণালংকার বিক্রি করা হয় বন্দরটিলা বাজারের অন্তর জুয়েলার্স ও স্টিল মিল বাজারের তৃপ্তি জুয়েলার্স নামের দুটি দোকানে। আর নগদ টাকা ভাগাভাগি হয় নিজেদের মধ্যে। পুলিশের অপরাধ দমন তদন্ত বিভাগের (সিআইড) একটি দল গত তিন মাসের টানা অনুসন্ধানে বিমানবন্দরের ১১ জনের এই চক্রটি শনাক্ত করেছে। এঁদের মধ্যে বিমানের নিরাপত্তাকর্মী মহিউদ্দিন আহমেদ ও পরিবহন সহকারী (ট্রাফিক হেলপার) রফিকুল ইসলাম নামের দুজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া অপর দুই সহোদর চন্দন ধর ও বন্ধন ধর স্বর্ণব্যবসায়ী। তাঁরা বন্দরটিলা বাজারের অন্তর জুয়েলার্স ও স্টিল মিল বাজারের তৃপ্তি জুয়েলার্সের মালিক। বিমানবন্দরের যাত্রীদের ব্যাগ হাতিয়ে যেসব স্বর্ণালংকার পাওয়া যেত, সেগুলো মূলত এ দুটি দোকানে বিক্রি করা হতো বলে জানা গেছে।গ্রেপ্তার হওয়া চারজন চট্টগ্রামের মহানগর হাকিম আদালত পৃথক পৃথকভাবে দণ্ডবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তাঁরা যাত্রীদের লাগেজ কেটে জিনিসপত্র হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেন। এর আগে সিআইডি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন ভরি স্বর্ণালংকার, ১৪টি দামি মোবাইল ফোনসেট, বিদেশি মুদ্রাসহ বিপুল পরিমাণ চোরাই সামগ্রী উদ্ধার করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া স্বীকারোক্তি এবং সিআইডির অনুসন্ধানে যাত্রীদের ব্যাগ হাতানো আরও যে নয়জন অস্থায়ী কর্মীর নাম এসেছে তাঁরা হলেন: হোসাইন মোহাম্মদ এরশাদ, সাইদুর রহমান, পরিমল দাশ, এনামুল হক, আনোয়ার হোসেন, জহুরুল হক, রাজিব, আশীষ ও মুক্তার। এঁরা যাত্রীদের লাগেজ পরিবহনের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত বলে জানা গেছে। পুলিশ এঁদের গ্রেপ্তার করতে তৎপরতা শুরু করেছে বলে জানা যায়। সিআইডি সূত্র জানায়, এঁদের দলনেতা হচ্ছেন এরশাদ। তাঁর বাড়ি ফটিকছড়ির ভূজপুর থানার বড় ভেতুয়া গ্রামে। তবে তিনি বিমানবন্দরের কাছে বিজয়নগর চরবস্তি এলাকায় বায়তুর রহমান মাদ্রাসা কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। সহযোগী দুজন গ্রেপ্তার হওয়ার পর এরশাদ গা ঢাকা দেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। সিআইডির চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মুসলিম প্রথম আলোকে বলেন, ‘বিমানবন্দরে বিদেশগামী কিংবা বিদেশফেরত যাত্রীদের ব্যাগ থেকে মালামাল হারানোর ঘটনা অহরহ ঘটলেও ঝামেলার ভয়ে কেউ সহজে মামলা করতে আসেন না। আর বিমানবন্দরের চক্রটি এতই শক্তিশালী যে দুই-একজন মামলা করলেও তাঁদের কেউ প্রতিকার পান না। সন্ধ্যায় আটক হলেও মধ্যরাতে ছাড়া পান: বিমানকর্মী মহিউদ্দিন, রফিকুল ও সাইদুর চার মাস আগে আটক হন নগরের পতেঙ্গা থানায়। দুবাইগামী যাত্রী তাহাচ্ছুম আবছারের ব্যাগ থেকে স্বর্ণালংকার ও হিরার চেইনসহ অন্যান্য সামগ্রী লোপাট হওয়ায় গত ৮ ফেব্রুয়ারি দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এঁদের থানায় আনা হয়েছিল। রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের থানা হাজতে রাখা হয়। কিন্তু রাত দুইটার দিকে অজ্ঞাত কারণে তাঁদের থানা হাজত থেকে ছেড়ে দেওয়া হয়। এ ক্ষেত্রে মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) গোফরানের ভূমিকা রহস্যময় ছিল বলে অভিযোগ আছে। সিআইডি কর্মকর্তারা মনে করেন, সেই সময়ে এই আটক তিনজনকে গ্রেপ্তার ও পরে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে আরও আগে চক্রটির সন্ধান পাওয়া যেত এবং উদ্ধার করা যেত আরও অনেক চোরাই মালামাল।আটক তিনজনকে ছেড়ে দেওয়ার বিষয়টি স্বীকার করে নগর পুলিশের বন্দর অঞ্চলের উপকমিশনার (ডিসি) কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে তখন বিমানবন্দর দিয়ে অনেক গুরুত্বপূর্ণ লোকজন যাওয়া-আসা করছিলেন। আর বিমান কর্মীদের না ছাড়লে তা কর্মবিরতি পালানের হুমকি দিয়েছিল। এ কারণে সেই সময়ে আটক তিনজনকে ছেড়ে দিতে হয়েছিল।এ সংক্রান্ত মামলার তৎকালীন কর্মকর্তা এসআই গোফরান প্রথম আলোকে বলেন, আটক তিনজনকে নোটিস দিয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এঁদের কাছ থেকে কোনো তথ্য না পাওয়ার কারণে সেইদিন ছেড়ে দেওয়া হয়েছিল। সিআইডি সেই তিনজনকে গ্রেপ্তার করলেও থানার পুলিশ পারেনি কেন এমন প্রশ্নের জবাবে এসআই গোফরান বলেন, ‘আমরা শুধু একটি মামলা নিয়ে পড়ে থাকতে পারিনা। সিআইডি ভালোভাবে তদন্ত করতে পারে বলে তাঁরা চক্রটিকে ধরতে পেরেছে।’