ব্যাগে যা যা রাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যালেন্ডারের পাতা বলে দিচ্ছে ঋতুটা বসন্ত। আর বসন্ত মানেই ঝকঝকে রোদ, কিছুটা এলোমেলো বাতাস। এই রোদ আর বাতাস হয়তো ভালো লাগে, তবে এই বাতাসে থাকে প্রচুর ধুলোবালি। এই ধুলোবালি বেশি সময় ত্বকে লেগে থাকলে ত্বকের যেমন ক্ষতি হয়, তেমনি রোদে বেশি সময় ছাতা ছাড়া চলাচল করলে হতে পারে সানবার্ন। যাদের চোখে রোদের তেজ সহ্য হয় না, তাদের জন্যও রোদ বেশ সমস্যার কারণ। তাই রোদচশমা ব্যবহার করা যেতে পারে এ সময়। আর এসব সমস্যা থেকে রেহাই পেতে ঘরের বাইরে বের হওয়ার সময় প্রয়োজন নিজেকে সেভাবে তৈরি করে বের হওয়া। আর সে কারণেই ব্যাগে ভরে নিতে হচ্ছে পানির বোতল, ছাতা, সানগ্লাস, ফেসওয়াশ, হাত ভালো করে ধোয়ার জন্য তরল সাবান, ভেজা টিস্যু পেপার, রোদে পোড়া থেকে ত্বক রক্ষা করতে সানস্ক্রিন বা সানব্লক ও সানগ্লাস। চাইলে মুখ ধুয়ে মাখতে পারেন ক্রিম। ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলের প্রসাধনসামগ্রীর দোকানের মালিক মোহাম্মদ মোজ্জাম্মেল হোসেন বলেন, ‘যেহেতু ঋতুটা গরম, তাই এ সময়ে ভ্যানিশিং ক্রিম ব্যবহার করাই ভালো। এ সময় ঘাম বেশি হয়, তাই চাইলে ব্যাগে রাখা যেতে পারে বডি স্প্রে বা পারফিউম। আবার চুল খোলা থাকলে বেঁধে ফেলার জন্য সঙ্গে রাখতে পারেন স্কার্ফ। এতে ধুলোবালি থেকে সুরক্ষিত থাকছে চুল। আর এই গরমে সঙ্গে যদি খাওয়ার জন্য বিশুদ্ধ পানি না থাকে, তবে কি চলে? এত সব জিনিস ব্যাগে ভরে নিয়ে সারা দিনের জন্য ঘর ছাড়তে হচ্ছে আপনাকে। তাই প্রস্তুতিটা দরকার আগেভাগে। যে ব্যাগটি নিয়ে বাইরে যাচ্ছেন, সেই ব্যাগে গুছিয়ে নিতে হচ্ছে এসব প্রয়োজনীয় জিনিস।’ পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাসুমা আহম্মেদ বলেন, ‘সকালে ক্লাস করে তারপর অফিসে যাই। সারা দিন যেহেতু বাইরেই কাটে, তাই নিজের সুরক্ষার কথা ভেবে ব্যাগে প্রতিটি প্রয়োজনীয় জিনিস নিয়ে বাইরে যেতে চেষ্টা করি।’ তিনি আরও বলেন, যেহেতু অনেক জিনিস নিতে হয়, তাই প্রথমে একটা তালিকা করে নেওয়া যেতে পারে। আর সবকিছু একসঙ্গে নেওয়ার জন্য কাঁধের ব্যাগটা হতে হবে বড় ও মজবুত।দরদাম বিভিন্ন ব্র্যান্ডের ফেসওয়াশের দাম আকারভেদে কিছুটা ভিন্ন হয়। জনসন শিশুদের ব্র্যান্ড হিসেবে পরিচিত হলেও সবার জন্যই এই ফেসওয়াশটি বেশ ভালো। এমনটি জানালেন নিউমার্কেটের প্রসাধনসামগ্রীর দোকান ফ্যামিলি অ্যান্ড বেবি কালেকশনের স্বত্বাধিকারী আলমগীর হোসেন। জনসন ফেসওয়াশ আকারভেদে ৯০-২৫০ টাকা, গার্নিয়ার ১১০-২০০, পন্ডস ৬০-১২০ টাকা, ওলে ২৭৫ এবং ডাভ আকারভেদে ১১০-১৯৫ টাকায় পাওয়া যাবে। হ্যান্ডওয়াশ কিংবা হাত ধোয়ার তরল সাবান ফামার্সি ও ডাভের দাম আকারভেদে ১৫০-২৫০ টাকা। সানস্ক্রিন আর সানব্লকের দামও কোম্পানিভেদে ভিন্ন হয়ে থাকে। নিউট্রিজিনা ৮৫০ টাকা, লরিয়াল ৫৫০, নিভিয়া ৩৫০, ডাভ ২৫০ টাকা এবং ওলে ব্র্যান্ডের সানস্ক্রিন আর সানব্লকের দাম পড়বে ৪৫০ টাকা।  ফেস পাউডারের মধ্যে ম্যাক ব্র্যান্ডের ফেস পাউডারের দাম ১৮০০-২০০০ টাকা, আরমানি ১৮০০, ক্যারল ২৫০ এবং লরিয়াল ৬৫০ টাকা। গরমে অত্যন্ত প্রয়োজনীয় প্রসাধন পারফিউম। শ্যানেল ফাইভ ৮৫০০ টাকা, কোকো শ্যানেল ৮০০০, গুচি রাশ ৩৯৫০, ওয়ান ম্যান শো ৮০০ এবং ম্যাক্সি ব্র্যান্ডের পারফিউম পাওয়া যাবে ৬০০ টাকায়। আর বডি স্প্রে কেনা যাবে কিছুটা কম দামে। রেক্সোনা ২৬০ টাকা, ব্লু লেডি ২৬০, ফা ২২০ এবং গার্ডেন ব্র্যান্ডের বডি স্প্রে বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। এ ছাড়া জনসন পাউডারের দাম পড়বে আকারভেদে ১৫০-৩৫০ টাকা ও পন্ডস ১৮০ টাকা। মুখ মোছার জন্য পার্লিন কোম্পানির ভেজা টিস্যুর (ওয়েট টিস্যু) দাম প্যাকেটপ্রতি ২৮০ টাকা, বেবিস ২৮০ এবং জনসন কোম্পানির টিস্যু প্যাকেটের আকারভেদে পাওয়া যাবে ২৬০-৪০০ টাকায়। ভেজা ছাড়া শুকনা ন্যাপকিন টিস্যু কেনা যাবে প্যাকেটভেদে ৮-৫০ টাকায়। আকারভেদে আয়না ৫০-১৫০ টাকা এবং চিরুনি মিলবে ২০-১২০ টাকায়। ব্র্যান্ডের ছাতা অ্যাটলাস আর শংকরস বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকায়। আর নন-ব্র্যান্ড ছাতার দাম কিছুটা কম, ২০০-৩০০ টাকা। ব্র্যান্ডের সানগ্লাস কেনা যাবে ৩০০০-১৫০০ টাকায়। এ ছাড়া নন-ব্র্যান্ড সানগ্লাসের দাম ২০০-৮০০ টাকা। পানির বোতলটা খুবই দরকারি এই সময়ে। ঢাকার নিউমার্কেটে ঘুরে জানা যায়, প্লাস্টিকের পানির বোতলের দাম কিছুটা কম। পাওয়া যাবে ১২০-২৬০ টাকায়। তবে প্লাস্টিকের বোতলের পানি তাপের কারণে গরম হয়ে যায়। তাই ফ্লাস্কের আদলে তৈরি পানির বোতল ব্যবহার করা উচিত। এসব পাত্রে পানি যে তাপমাত্রায় রাখা হয়, সেই তাপমাত্রাতেই থাকে। দাম আকারভেদে ১৫০-৩৫০ টাকা।