১৯৯৭ সাল, সময়টা বর্ষাকাল। তখন আমি নবম শ্রেণীতে পড়ি। প্রথম সাময়িক পরীক্ষা শেষ হয়েছে মাত্র। তাই পড়ালেখার চাপ একটু কম। আম্মুর শরীর খারাপ ছিল সেদিন। সন্ধ্যার পর আমাকে বলল, ‘ডিম ভুনা করতে পারবি?’ আম্মুর রান্না মাঝেমধ্যে দেখেছি। কিন্তু নিজ দায়িত্বে একা কখনো রান্না করিনি। তার পরও ভাবলাম, ডিম ভুনা করা তো সহজ। তা ছাড়া আম্মুকে জিজ্ঞেস করে সম্পূর্ণ রেসিপিটা শুনে নিলে সমস্যা হবে না। তাই একবাক্যে বললাম, ‘পারব।’ রান্নাঘরটা ছিল মূল ঘরের বাইরে। আলাদা, তবে মূল ঘরের খুব কাছে। রান্নাঘরের মেঝেটা মাটির, কোনো প্রাচীর ছিল না, ওপরে টিনের চাল। তখন বিদ্যুৎ ছিল না। সন্ধ্যার সময় একপশলা বৃষ্টি হয়েছে, তাই চারদিকে ব্যাঙ ডাকার শব্দ। দুটি হারিকেন ছিল আমাদের। একটা হারিকেন নিয়ে খুব আগ্রহের সঙ্গে ডিম ভুনতে পাতিল, ডিম, মসলাসহ অন্যান্য উপকরণ নিয়ে রান্নাঘরে গেলাম। রান্নার চূড়ান্ত পর্যায়ে যখন মসলা ভুনা করছি, তখন মনে পড়ল লবণ আনা হয়নি। হারিকেন হাতে নিয়ে ঘরে গেলাম লবণ আনতে। কিছুক্ষণ পর আবার মনে হলো, পাতিলের ঢাকনা আনা হয়নি। এভাবে খোলা পাতিল চুলোয় রেখেই দু-তিনবার ঘরে যেতে হয়েছে এটা-সেটা আনতে। রান্না শেষ হলো। রাত নয়টার দিকে সবাই একসঙ্গে খেতে বসেছি। সবাই বলল, রান্না খুব ভালো হয়েছে। ঠিক সেই সময় শায়লা চিৎকার দিয়ে বলল, ‘আপা ব্যাঙ!’ শায়লার বয়স তখন চার-পাঁচ বছর হবে। ওর দিকে তাকিয়ে দেখি ব্যাঙের একটা ঠ্যাঙ উঁচুতে ধরে অবাক চোখে দেখছে। সবাই তাকিয়ে আছে শায়লার হাতের দিকে। আর আমার যে তখন কী অবস্থা, তা বোঝানো যাবে না। ব্যাঙটা ছিল মাঝারি আকারের। চারটি পা চারদিকে ছড়িয়ে আগুনের তাপে শক্ত হয়ে গিয়েছিল, তাই আরও বড় দেখাচ্ছিল। শায়লা তো এখনো আমাকে খেপায় ব্যাঙ রান্নার কথা বলে।মেরিনা ইয়াসমিন কাউনিয়া প্রধান সড়ক, বরিশাল।