‘এক ছিল ব্যাঙ্গমা। আরেক ছিল ব্যাঙ্গমি। একটা আমগাছের ডালে ছিল তাদের বাস। ওই আমগাছটা কোথায় ছিল?ঢাকা বিশ্ববিদ্যালয়ে।ঢাকা বিশ্ববিদ্যালয়টা কোথায়?পূর্ব পাকিস্তানে।’যারা ভোর এনেছিল উপন্যাসের শুরুটা এভাবে। এক ব্যাঙ্গমা এবং এক ব্যাঙ্গমি ১৯৪৭ সাল-পরবর্তী পূর্ব পাকিস্তানের ঐতিহাসিক স্থানে বসে বসে ভবিষ্যৎ বলে যায়। আনিসুল হক শুরু করেছেন অত্যন্ত সহজ কথায়, একদম নতুন এক স্বাদে।১৯৭১ বাঙালির জীবনে দ্বিতীয়বার কখনো আসবে না। তবে এই ’৭১-এর পটভূমি তৈরি করতে বাঙালিকে ১৯৪৭-এর পর একটার পর একটা স্মরণীয় ঘটনার মধ্য দিয়ে যেতে হয়েছে। আনিসুল হকের কলমে বাঙালির ইতিহাসের সবচেয়ে শক্তিশালী নায়ক শেখ মুজিবুর রহমানকে ব্যাঙ্গমা-ব্যাঙ্গমি খুঁজে নেয় একদম শুরুতেই।ব্যাঙ্গমা বলে, ‘আচ্ছা, কও তো, শেখ মুজিব এক আঙুল তুইলা কথা কয় ক্যান?’‘কারণ, সে নানা কথা কয়, নানা কাজ করে, কিন্তু শেষ লক্ষ্য তার একটাই।’ ব্যাঙ্গমা এবার বউয়ের ধাঁধার জবাব দেয়।ব্যাঙ্গমি চোখ উজ্জ্বল করে বলে, ‘দেশ স্বাধীন করব—এইটাই তার জীবনের একমাত্র টার্গেট।’ব্যাঙ্গমা বলে, ‘দেশ স্বাধীন হইব। যুদ্ধ কইরা। সেই যুদ্ধের সময় মুজিবর আর একলা একটা মানুষ থাকব না। সাড়ে সাত কোটি মুজিবর হইয়া যাইব, ওই রকম যদি সাড়ে সাত কোটি হয়, তার মানে কী দাঁড়ায় তুমি বুঝলা?’‘সাড়ে সাত কোটি আগুন-মানুষ। হা হা হা, পাকিস্তানিগুলান খুব নাস্তানাবুদ হইব।’ব্যাঙ্গমি মুখের পালকগুলো ফুলিয়ে বলে, ‘আচ্ছা, কও তো, ক্যান আমি কইলাম এই কথাটা? কোন হিসাবে যে বাংলাদেশের মানুষের জয় হইব?’ব্যাঙ্গমা মুখ তোলে। ‘১০১টা কারণ আছে। এর মধ্যে একটা হইল, ছয় ফুট লোকটার ডান হাত হইয়া আছে একটা পাঁচ ফুট লোক। তার নাম তাজউদ্দীন। মুজিবর হইল ঝড়ের মতোন। সবকিছু উড়ায়া নেয়। মুজিবর হইল সাগরের মতোন। সবকিছু বুকে টাইনা লয়। আর তাজউদ্দীন হইল ঠান্ডা মাথার মানুষ। কথা কম কয়। আস্তে কয়। কিন্তু মাথা ঠান্ডা রাইখা পরিকল্পনা করতে পারে। বাঙালির পরম সৌভাগ্য যে তারা শেখ মুজিবরের মতোন নেতা পাইছিল। তবে সোনার সঙ্গে সোহাগা পাইছিল তাজউদ্দীনরে।’যারা ভোর এনেছিল উপন্যাসে তাজউদ্দীনের মতো একে একে তাঁদের পাকাপোক্ত অস্তিত্ব জানান দেন, বাঙালির ইতিহাসকে স্বয়ংসম্পূর্ণ করে দেওয়া অন্য সব বলিষ্ঠ নায়কেরাও। কেউ কারও চেয়ে কম নন। কারও অবদান কারও চেয়ে কম নয়। কেউ কাউকে ছাপিয়ে যাওয়ার মতো নন। আনিসুল হকের সরস লেখনীতে উঠে এসেছে ছোট ছোট মজার সব ঘটনাও। তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শেখ মুজিব এবং তিন বছর বয়সী রেনুর বিয়ে, শেখ মুজিবের বেকার হোস্টেলের রাজনৈতিক উত্থানের দিনগুলো, কিংবা কারাগারে কীভাবে বাড়তি ডায়েট পাওয়া যায়, মুজিব কর্তৃক অন্য নবীন বন্দীদের সেই তরিকা শেখানো। ভাষা আন্দোলনের হিরণ্ময় মুহূর্তগুলো আমাদের চোখের সামনে জ্বলতে থাকে উজ্জ্বল হয়ে। বইয়ের ফ্ল্যাপে লেখা আছে, যারা ভোর এনেছিল একটি ট্রিলজির প্রথম খণ্ড, যা পাঠকের সামনে রক্তমাংসের মানুষ হিসেবে হাজির করবে আমাদের ইতিহাসনির্মাতাদের।লেখক এই বইতে বায়ান্ন পর্যন্ত এসেছেন। সদ্য বাংলা একাডেমী পুরস্কার পাওয়া কথাসাহিত্যিক আনিসুল হক ট্রিলজির বাকি দুই খণ্ড উপহার দিয়ে নতুন আরেকটি ইতিহাস রচনা করবেন বাঙালি পাঠকের জন্য। আমরা অপেক্ষায় থাকলাম।জুয়েল দেব[email protected]