‘৮০ হাজার সেনার পশ্চিম পাকিস্তানি দখলদার বাহিনীর সঙ্গে লড়ছে চাষি আর শহুরে মানুষজন, তারই ফলে পূর্ব পাকিস্তানে শুরু হয়েছে তুমুল যুদ্ধ। বিভিন্ন প্রতিবেদন থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এর মধ্যে দুই লাখের বেশি সাধারণ মানুষ ভারী অস্ত্রে সজ্জিত পশ্চিম পাকিস্তানি সেনাদের হাতে নিহত হয়েছে। তবে ক্ষুব্ধ চাষিদের প্রবল প্রতিরোধের মুখে সেনাবাহিনীও বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়েছে।’কুষ্টিয়ার প্রতিরোধযুদ্ধ নিয়ে টাইম সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনের শুরুর অংশ এটি। ১৯ এপ্রিল, ১৯৭১ সালে প্রকাশিত ‘পাকিস্তান: ব্যাটল অব কুষ্টিয়া’ শিরোনামের এই প্রতিবেদনটি পাঠিয়েছিলেন মার্কিন সাংবাদিক ড্যান কগিন। ড্যান কগিন নামের এই ভিনদেশি বন্ধুটিকে হয়তো আর নতুন করে খুঁজে পাওয়া হতো না বাংলাদেশের। হয়েছে একজনের কারণে। তিনি অনিন্দ আতিক। আতিক কুষ্টিয়ার ছেলে। ১৯৯৪ সালে আতিক পাড়ি জমান নিউইয়র্কে। সেখানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিষয়ে ভর্তি হন স্কুল অব ভিজ্যুয়াল আর্টসে। শুরু থেকেই তরুণ এই চিত্রনির্মাতার আগ্রহের বিষয় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ২০১০ সালের কথা। বর্ষীয়ান আলোকচিত্রী আবদুল হামিদ রায়হানকে নিয়ে স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র রূপান্তরের রূপকার তৈরির কাজ করছিলেন আতিক। ইন্টারনেটে ১৯৭১ সালের তথ্য-উপাত্ত ঘাঁটতে গিয়েই আতিক পেলেন ড্যানের খোঁজ। খুঁজে পেতে যতগুলো ফোন নম্বর মিলল, সবগুলোয় যোগাযোগ করলেন। জরুরি বার্তা দিয়ে রাখলেন ‘আপনি কি সেই ড্যান কগিন, যিনি একাত্তর সালে ‘‘ব্যাটল অব কুষ্টিয়া’’ শিরোনামের প্রতিবেদন লিখেছিলেন?’ তিন দিন পর ফোন এল সানফ্রান্সিসকো থেকে। ‘হ্যাঁ, আমিই সেই। ড্যান কগিন।’শুধু ব্যাটল অব কুষ্টিয়া নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আরও বেশ কয়েকটি রিপোর্ট লিখেছিলেন ড্যান। সেই এপ্রিলেই বাংলাদেশের ভেতর থেকে যুদ্ধের সংবাদ পাঠিয়েছিলেন তিনি। বেনাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন ড্যান। এপ্রিলের ৩ তারিখে পৌঁছান কুষ্টিয়া।অসম বয়সী দুজন মানুষের সখ্য হয়েছিল দারুণ। কিন্তু সেই বন্ধুত্বটা বেশি দিন টেকেনি। কারণ, মৃত্যু এসে ছিনিয়ে নিয়েছিল ড্যানকে। মস্তিষ্কে প্রবল রক্তক্ষরণ হচ্ছিল তাঁর। লাইফ সাপোর্ট দিয়ে তাঁকে জিইয়ে রাখার চেষ্টা হয়েছিল, ফল হয়নি। ২০১২ সালের জানুয়ারিতে ড্যান কগিন চলে যান অন্য ভুবনে। আরেকবার বাংলাদেশকে দেখার সাধ ছিল তাঁর। তাঁকে ঢাকা নেওয়ার সবকিছু চূড়ান্তও হয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হকের সহায়তায়। ড্যানের সেই ইচ্ছা পূরণ হয়নি।ড্যানের দুর্লভ সঙ্গ আর তাঁর অকস্মাৎ মৃত্যু সম্ভবত নির্মাতা হিসেবে আরও সাহসী করে তুলেছিল আতিককে। ড্যানের সেই সাড়াজাগানো প্রতিবেদনের নাম থেকেই আতিক তাঁর পরের তথ্যচিত্রটির নাম ঠিক করেন, ব্যাটল অব কুষ্টিয়া। এরই মধ্যে কুষ্টিয়ায় আতিক শুরু করেছেন পূর্ণদৈর্ঘ্য এই তথ্যচিত্রের নির্মাণকাজ। পুরোপুরি তাঁর নিজের উদ্যোগেই। শুধু কষ্টিয়া প্রতিরোধ নয়, পুরো কুষ্টিয়া এলাকার মুক্তিযুদ্ধকেই তাঁর ছবিতে তুলে আনতে চান আতিক। গড়াই নদের পাড়ে শুটিংয়ের ফাঁকে আতিক বলছিলেন মুক্তিযুদ্ধের তথ্যচিত্র নিয়ে তাঁর ভাবনার কথা। আতিক নিজেই ক্যামেরা চালান। ক্যামেরার আনুষঙ্গিক যন্ত্রপাতির ভারী বাক্সটাও সব সময় নিজের কাঁধেই রাখেন এই তরুণ নির্মাতা। তাঁর শুটিং দেখে ফিরছি। আতিক সঙ্গে সঙ্গে এলেন অনেক দূর। শেষে বললেন, ‘ভাই, আমার ছবির কথা লিখেন আর না লিখেন, কুষ্টিয়ার মুক্তিযোদ্ধাদের কথা অবশ্যই একটু লিখবেন।’