ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের ভূমিকাই বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশা চলাচলের অনুমতি চেয়ে করা পৃথক রিট ৩ জুলাই খারিজ করে রায় দেন উচ্চআদালত। কিন্তু এর পরও নগের এসব রিকশা চলছে। এ নিয়ে সচেতন নাগরিক সমাজ, রিকশা মালিক সমিতি ও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছেন নিজাম সিদ্দিকী

দেলোয়ার হোসেন মজুমদার
দেলোয়ার হোসেন মজুমদার

দেলোয়ার হোসেন মজুমদার
সভাপতি, সচেতন নাগরিক কমিটি (টিআইবি), চট্টগ্রাম
প্রথম আলো: নগরে ব্যাটারি রিকশার চলাচল কতটুকু নিরাপদ?
দেলোয়ার হোসেন মজুমদার: ব্যাটারি রিকশার চলাচল নিরাপদ নয়। এসব যানের বডির (কাঠামো) সঙ্গে গতির ভারসাম্য নেই। এ ধরনের গঠন নিয়ে এগুলো যান্ত্রিক হতে পারে না। দেহটাকে ভারসাম্য পূর্ণ হতে হবে।
পায়েচালিত রিকশার চেয়ে এগুলো মানবিকতার বিচারে ভালো মনে হলেও জীবনকে ঝঁুকিপূর্ণ করে তুলতে পারে কি না সেটিও বিবেচনায় আনা প্রয়োজন। কারণ, এগুলো চালাতে কোনো প্রশিক্ষণ ও লাইসেন্সের প্রয়োজন পড়ে না। রাস্তায় গাড়ি চালানোর কোনো পরীক্ষায়ও অবতীর্ণ হতে হয় না। ফলে চালকদের ট্রাফিক আইন সম্পর্কেও কোনো ধারণা নেই। তা ছাড়া ব্যাটারির মেয়াদ শেষে এগুলোর িসসা জাতীয় যে উপাদান থাকে, তা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আর ব্যাটারি চার্জ দিতে যে পরিমাণ বিদ্যুৎ অপচয় হচ্ছে, তা এ ক্ষেত্রে আমাদের সংকটকে ঘণীভূত করছে।
প্রথম আলো: আইনগতভাবে এদের চলাচল নিয়ন্ত্রণে কার ভূমিকা বেশি বলে মনে করেন?
দেলোয়ার হোসেন মজুমদার: করপোরেশন কোনো যান্ত্রিক যানের লাইসেন্স দেয় না। আবার বিআরটিএ এগুলোকে যান্ত্রিক যান হিসেবে বিবেচনায় নেয় না বলে তাদেরও তেমন কোনো ভূমিকা নেই এখানে। সে ক্ষেত্রে এসব রিকশার চলাচল নিয়ন্ত্রণে পুলিশের ট্রাফিক বিভাগের ভূমিকাই বেশি বলে মনে করি।
প্রথম আলো: দায়িত্ব পালনে তাদের আন্তরিকতা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। এ ব্যাপারে আপনার অভিমত কী?
দেলোয়ার হোসেন মজুমদার: আমার জানামতে, পুলিশের ট্রাফিক বিভাগের আন্তরিকতার কোনো ঘাটতি থাকার কথা নয়। কোনো চাপের কারণে হয়তো সমস্যা হতে পারে। এ জন্য সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, সুশীল সমাজের মাধ্যমে ব্যাপকভাবে জনমত গড়ার প্রয়োজন রয়েছে। এ ছাড়া আদালতের পক্ষ থেকেও এ ব্যাপারে নিয়মিত মনিটরিং করা হলে তাও অনেক কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রথম আলো: অর্ধলাখেরও বেশি ব্যাটারিচালিত রিকশা নগরে চলছে। এগুলোর মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে, রিকশা বন্ধ হলে অনেক পরিবার জীবন-জীবিকার সংকটে পড়বে। এ ক্ষেত্রে বিকল্প উপার্জনের কী ব্যবস্থা হতে পারে?
দেলোয়ার হোসেন মজুমদার: ব্যাটারি খুলে নিয়ে তাঁরা (চালকেরা) আগের মতো প্যাডেল রিকশায় ফিরে আসতে পারেন। এ ছাড়া বুয়েট, চুয়েটের প্রকৌশলীদের তত্ত্বাবধানে এসব রিকশা পরিবেশবান্ধব এবং ঝুঁকিমুক্ত যানে পরিণত করার উদ্যোগ নেওয়া যেতে পারে।