ব্যাটারি রিকশা বারবার দুর্ঘটনার কবলে পড়ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ মন্জুর আলম, মেয়র  চট্টগ্রাম সিটি করপোরেশন
মোহাম্মদ মন্জুর আলম, মেয়র চট্টগ্রাম সিটি করপোরেশন

উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে নগরে বন্ধ হয়েছে ব্যাটারিচালিত রিকশার চলাচল। কিন্তু এই রিকশা চলবে কি চলবে না, এ নিয়ে বিতর্ক চলছেই। এই নিয়ে কথা বলেছেন সিটি করপোরেশনের মেয়র ও সড়ক পরিবহন বিশেষজ্ঞ। সাক্ষাৎকার নিয়েছেন একরামুল হক
প্রথম আলো: নগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল কীভাবে শুরু হয়? আর জটিলতা কেন সৃষ্টি হলো?
মোহাম্মদ মন্জুর আলম: চট্টগ্রাম নগরের রাস্তায় ব্যাটারিচালিত রিকশা অনুমতি ছাড়া চলাচল শুরু হয়। একপর্যায়ে মালিকপক্ষ আমাদের কাছে লাইসেন্সের জন্য আসে। আমরা যাচাই করে দেখলাম এই রিকশা যন্ত্রচালিত। আর যন্ত্রচালিত রিকশার লাইসেন্স দেওয়ার এখতিয়ার সিটি করপোরেশনের নেই। তাই আমরা তাঁদের বিআরটিএ থেকে লাইসেন্স নেওয়ার পরামর্শ দিলাম। বিআরটিএ তাঁদের আবেদন নাকচ করে দেয়। এরপর তাঁরা উচ্চ আদালতে রিট করে। আমাদের পক্ষ থেকে তাঁদের কোনো বাধা দেওয়া হয়নি। জটিলতাও সৃষ্টি হয়নি।
প্রথম আলো: তাহলে সিটি করপোরেশনকে কেন প্রতিপক্ষ করা হলো?
মোহাম্মদ মন্জুর আলম: ব্যাটারিচালিত রিকশার মালিক-শ্রমিক পক্ষ উচ্চ আদালতে যান। আমাদের প্রতিপক্ষ করা হয়। আমরা কারও পক্ষে বা বিপক্ষে ছিলাম না। আদালত তাঁদের রিটের পরিপ্রেক্ষিতে স্থিতাবস্থার আদেশ দেন। তখন আমরা কিছু করিনি। রিট খরিজ করার আগ মুহূর্ত পর্যন্ত তাঁরা নগরে রিকশা চালিয়েছে। একপর্যায়ে শুনানির পর তাঁদের রিট খারিজ করে দেন মহামান্য হাইকোর্ট।

প্রথম আলো: এই রিকশা বন্ধ করার জন্য নাগরিক সমাজ থেকে আপনি চাপ পেয়েছিলেন?
মোহাম্মদ মন্জুর আলম : ব্যাটারিচালিত রিকশা ঘন ঘন দুর্ঘটনার কবলে পড়ছিল। যাত্রীরা আহত হচ্ছিল। এ কারণে বিভিন্ন মহল থেকে এ ব্যাপারে আমাদের কাছে
অভিযোগ আসে, যাতে আমরা এই বাহন বন্ধ করি। এমনকি সিএনজিচালিত অটোরিকশা ও প্যাডেল রিকশার মালিক-চালকেরাও এই বাহন বন্ধ করতে চাপ দিয়ে আসছিলেন। আমরা চতুর্মুখী চাপের মধ্যে ছিলাম। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন তাঁদের গাড়ি রাস্তা থেকে তুলে দেয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবাইকে আইন মেনে চলতে হবে। আর ব্যাটারিচালিত রিকশা সিটি করপোরেশন বন্ধ করে দিয়েছে কিংবা চালাতে দিচ্ছে না বলে যে অভিযোগ ওঠে তা সঠিক নয়