ব্যাটারি রিকশার নিয়ন্ত্রণ কার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারও নিয়ন্ত্রণে নেই। নগরের রাস্তায় প্রতিদিন নামছে  ব্যাটারিচালিত নতুন রিকশা। বিপজ্জনক এই বাহনে দুর্ঘটনা লেগেই আছে  জুয়েল শীল
কারও নিয়ন্ত্রণে নেই। নগরের রাস্তায় প্রতিদিন নামছে ব্যাটারিচালিত নতুন রিকশা। বিপজ্জনক এই বাহনে দুর্ঘটনা লেগেই আছে জুয়েল শীল

সিটি করপোরেশন কিংবা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কারোই অনুমোদন নেই। তবু নগরে চলছে প্রায় ৩৫ হাজার ব্যাটারিচালিত রিকশা। প্যাডেল রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক যানে পরিণত করলেও কাঠামোতে পরিবর্তন আসেনি। তা ছাড়া দ্রুতগতির এই বাহনের চালকদেরও নেই প্রশিক্ষণ। প্রতিদিন দুর্ঘটনার শিকার হয়ে যাত্রীরা হাসপাতালে ভর্তি হলেও হাইকোর্টে রিট মামলার কারণে পুলিশ ব্যবস্থা নিতে পারছে না।
ব্যাটারিচালিত রিকশার কারণে দুর্ঘটনা বাড়ার কথা স্বীকার করেন মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, ‘ব্যাটারিচালিত রিকশার মালিকদের পক্ষে হাইকোর্টে রিট করা হয়েছে। এ বিষয়টির নিষ্পত্তি হলে আমরা ব্যবস্থা নিতে পারব।’ তিনি আরও বলেন, ‘এখন আমরা ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে ওঠা গ্যারেজ ও শোরুমগুলো সরিয়ে দিচ্ছি। একইভাবে বিদ্যুতের অবৈধ সংযোগ নিয়ে রিকশার চার্জ দেওয়ার জায়গায় অভিযান চালাচ্ছি।’
বিএরটিএ সূত্রে জানা গেছে, ব্যাটারিযুক্ত কোনো অযান্ত্রিক যানকে বৈধতা দেওয়ার বিধান নেই। এসব রিকশার কোনো লাইসেন্স দেয় না বিআরটিএ। অপর দিকে, সিটি করপোরেশনেরও নিয়ন্ত্রণ নেই এসব রিকশার ওপর। এ ব্যাপারে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা আমাদের আওতার বাইরে। এগুলোর নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই।’
নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকায় নগরে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা কত, তা জানাতে পারেনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। তবে মালিক ও চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ সংখ্যা প্রায় ৩৫ হাজার। পাশাপাশি প্রতিদিনই রাস্তায় নামছে নতুন রিকশা।
চালক-মালিকদের সংগঠন: নিয়ন্ত্রণকারী সংস্থা না থাকলেও এসব রিকশার চালক ও মালিকেরা নানা সংগঠন তৈরি করেছেন। নগরে এমন অন্তত আটটি সংগঠন রয়েছে। এগুলো হলো চট্টগ্রাম মহানগরী রিকশা চালক-মালিক ফোরাম, চট্টগ্রাম ব্যাটারিচালিত চালক-মালিক ঐক্যজোট, চট্টগ্রাম সিটি রিকশা মালিক ফেডারেশন, চট্টগ্রাম ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতি, চট্টগ্রাম ব্যাটারিচালিত অটোরিকশা চালক-মালিক সমিতি, চট্টগ্রাম জেলা ডিজিটাল ব্যাটারিচালিত রিকশা সমবায় সমিতি, চট্টগ্রাম জেলা ডিজিটাল ব্যাটারিচালিত রিকশা চালক-মালিক সমবায় সমিতি লিমিটেড এবং চট্টগ্রাম মোটরচালিত রিকশা চালক-মালিক সমবায় পরিষদ।
যেভাবে শুরু: খোঁজ নিয়ে জানা যায়, হাইকোর্টে রিট করে ২০১২ সালের শেষ দিকে জনৈক খায়রুল ইসলাম সিলেট থেকে চট্টগ্রাম এসে ব্যাটারিচালিত রিকশা প্রথম চট্টগ্রামের রাস্তায় নামান। এ জন্য তিনি প্রথমে হাটকোর্ট থেকে ছয় মাসের সময় নিয়েছিলেন। এরপর তিন মাস ও সর্বশেষ ছয় মাস সময় বাড়ানো হয়।
আন্দোলন ও মামলা: জানা যায়, ব্যাটারিচালিত রিকশা বন্ধের জন্য চট্টগ্রাম মহানগর রিকশা মালিক এবং অটোরিকশা মালিক সমিতির পক্ষ থেকে গত বছরের ২ সেপ্টেম্বর হাইকোর্টে মামলা করা হয়।
সিএনজিচালিত অটোরিকশা ও প্যাডেলচালিত রিকশা চালক-মালিকদের ছয়টি সংগঠন ৩ মার্চ রিকশা ও অটোরিকশা ধর্মঘট পালনের পাশাপাশি নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মহাসমাবেশের আয়োজন করে। ১৬ মার্চ অতিরিক্ত পুলিশ কমিশনারের সঙ্গে রিকশা ও অটোরিকশা চালক-মালিকদের ছয়টি সংগঠনের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা ব্যাটারিচালিত রিকশা তৈরির কারখানা, গ্যারেজ, শো-রুম ও ব্যাটারি চার্জ দেওয়ার ৭২টি জায়গার তালিকা দেন। এ তালিকা অনুসরণ করে পুলিশ অভিযানেও নেমেছে বলে জানা গেছে।
ছয় সংগঠনের পক্ষে চট্টগ্রাম মহানগর রিকশা মালিক পরিষদের সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ আন্দোলন ও মামলা প্রসঙ্গে বলেন, ‘মামলাটি এখনো বিচারাধীন। আমরা আলোচনা করে নতুন কর্মসূচি ঘোষণা করব।’
অবৈধ বিদ্যুৎ সংযোগে ব্যাটারি চার্জ: খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণত অবৈধ সংযোগ নিয়ে অথবা বাসাবাড়ির জন্য নির্ধারিত মিটার বসিয়ে রিকশার ব্যাটারিতে চার্জ দেওয়া হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কয়েকটি অভিযানে এ ধরনের সংযোগও বিচ্ছিন্ন করা হয়। গত ২৫ ফেব্রুয়ারি নগরের পাহাড়তলী এলাকায় এবং গত বছরের ১৬ সেপ্টেম্বর কালুরঘাট ও ৭ অক্টোবর চকবাজার এলাকায় পৃথক অভিযানে বেশ কয়েকটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
চট্টগ্রাম বিদ্যুৎ আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুল হক বলেন, ‘মহানগরের বিশাল এলাকায় সীমিত লোকবলের কারণে অভিযান চালানো সম্ভব হয় না সব সময়। তারপরও আমরা সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ও সংযোগে ব্যবহূত যন্ত্রপাতি জব্দ করি। বেশির ভাগ অভিযানে দেখা গেছে, বাসাবাড়ির জন্য নির্ধারিত সংযোগে ব্যাটারির চার্জ দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ।’ মালিক-চালকদের বক্তব্য: চট্টগ্রাম মহানগরী রিকশা চালক-মালিক ফোরামের সভাপতি আবদুল কাদের মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমরা আদালতের রিট নিয়েই রিকশায় রাস্তায় নামিয়েছি। কিন্তু প্রশাসন বিভিন্ন গ্যারেজ ও বৈধ সংযোগে ব্যাটারি চার্জ দেওয়ার জায়গায় গিয়ে চার্জারসহ বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে আসার বিষয়টি অনভিপ্রেত। অবৈধ সংযোগের বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই।’