ব্যাটারি রিকশার বৈধতার জন্য কী করা যায়, সেটা সরকারকে ভাবতে হবে

প্রথম আলো: বিকল্প ব্যবস্থা না করে চট্টগ্রাম মহানগর থেকে ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়া হয়েছে। এতে নাগরিকদের যাতায়াতে সমস্যা বেড়েছে। বিষয়টি কীভাবে দেখছেন?
সুভাষ বড়ুয়া: বিকল্প ব্যবস্থা না করে হুট করে ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়া ঠিক হয়নি। এই ঘটনার পর নাগরিকদের যাতায়াতে সমস্যা প্রকট হয়েছে। বাস-টেম্পোতে ঠাসাঠাসি করে যাত্রীরা উঠছে। আর এই সুযোগে সিএনজিচালিত অটোরিকশা ও প্যাডেলচালিত রিকশার ভাড়া অস্বাভাবিক বেড়েছে। প্রশাসন কি ছোট গাড়ির চালকদের নিয়ন্ত্রণ করতে পারছে? এ ছাড়া ব্যাটারিচালিত রিকশার লক্ষাধিক চালক বেকার হয়ে গেছে। ওদের কথা কি ভাবা হচ্ছে?
প্রথম আলো: উচ্চ আদালতের আদেশে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দেওয়া হয়। এ ক্ষেত্রে প্রশাসনের কী করার আছে?
সুভাষ বড়ুয়া: আমি যতটুকু জানি, ব্যাটারিচালিত রিকশার বৈধতা নেই। সিটি করপোরেশন কিংবা বিআরটিএ কেউ এই যানের বৈধতা দেয়নি। এ কারণে আদালত চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এখন বৈধতার জন্য কী করা যায় সেটা সরকারকে ভাবতে হবে।
প্রথম আলো: বৈধতা দেওয়ার জন্য কী করা যায়?
সুভাষ বড়ুয়া: এই রিকশার নকশা পরিবর্তনের জন্য প্রয়োজনে বুয়েটের বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যায়। চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাদের জন্য নগরে আলাদা লেন করা যেতে পারে। কারণ ব্যাটারিচালিত রিকশার গতি ২০ কিলোমিটার। আর প্যাডেলচালিত রিকশার গতি আট কিলোমিটার। চট্টগ্রামে পাহাড়ি পথ বেশি। প্যাডেলচালিত রিকশা দিয়ে চলাচল কঠিন হয়ে পড়ে। প্যাডেলচালিত রিকশার পেছনে কোনো গাড়ি থাকলে আট কিলোমিটার বেগেই সেটি চলবে। এতে জ্বালানি খরচ বাড়বে, বাড়বে যানজট। ব্যাটারি রিকশা থাকলে যানজট সহনীয় পর্যায়ে আসবে।