ব্যাডমিন্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতকাল এলেই আমাদের গলিতে শুরু হয়ে যায় ব্যাডমিন্টন খেলার উৎসব। তখন ২০০৩ সালের ডিসেম্বর মাস। খুব শীত পড়েছিল তখন, তবুও রাতের বেলায় খেলা চলত। আমার র‌্যাকেট ছিল না বলে আমাকে খেলায় কেউ নিত না। তাই শুধু চেয়ে চেয়ে দেখতাম। গলির এক ছেলের সঙ্গে আমার সম্পর্ক খুবই খারাপ ছিল। সে প্রতি রাতে খেলার জায়গায় এসে তার নতুন র‌্যাকেট দেখিয়ে সবার সঙ্গে ভাব জমাত। এটা দেখে আমার পুরো শরীর জ্বলত। একদিন আমি হিংসায় তাকে বলেছিলাম, তার র‌্যাকেট তিন দিন পরই ছিঁড়ে যাবে। যেই কথা সেই কাজ। ঠিক তিন দিন পরই আমি ব্লেড দিয়ে তার র‌্যাকেটের তার ছিঁড়ে দিই। কিন্তু তার সামনে ধরা খেয়ে যাই। আর ঠিক ওই দিনই আমার বাবা আমার জন্য নতুন র‌্যাকেট কিনে বাড়ি ফিরছিলেন। কী কপাল আমার! আমাদের ঠিক সামনেই বাবা এসে হাজির। ওই ছেলেটা বাবার সামনে সব খুলে বলল। আর আমি লজ্জায় শুধু নিচের দিকে তাকিয়ে রইলাম। আমার র‌্যাকেটটা বাবা তাকে দিয়ে দিল। আমি বাসায় গিয়ে ধমকও খেলাম। আমও গেল ছালাও গেল। ওই ছেলেটি বর্তমানে আমার বেস্ট ফ্রেন্ড। এলিফ্যান্ট রোড, ঢাকা।