ব্যান্ড অ্যাসোসিয়েশনের কনসার্ট
নগরের চেরাগি পাহাড়ের লুসাই ভবন চত্বর হয়ে উঠেছিল লোকারণ্য। ৬ জানুয়ারি শুক্রবার ‘গান শুনুন আর শীতার্তদের সাহায্যে এগিয়ে আসুন’ স্লোগান নিয়ে চিটাগাং মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (সিএমবিএ) চট্টগ্রামের ব্যান্ডদলগুলোকে নিয়ে আয়োজন করে কনসার্টের। এই অনুষ্ঠানের সার্বিক সহায়তায় ছিল ২৪ ঘণ্টার বাংলা অনলাইন রেডিও—রেডিও অথৈ।প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজির্যা চৌধুরী, সিএমবির উপদেষ্টা জেকভ ভাইস ও আহমেদ নেওয়াজ চৌধুরী জমজমাট এই সংগীত উর্যাসবের উদ্বোধন করেন। সিএমবিএ এবং রেডিও অথৈর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্বজির্যা চৌধুরী বলেন, ‘ভবিষ্যতেও তাঁরা এ ধরনের ভালো কাজ করে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা। সন্ধ্যা হতে শুরু হয়ে কনসার্ট চলে রাত ১১টা অবধি। হেমন্তের কুয়াশাভেজা বাতাসকে গৌণ করে নেচে-গেয়ে মঞ্চ মাতালেন চট্টগ্রামের ব্যান্ডদল এ-নাইনটি নাইন, বিন্দু, ড্রিমজ, তীরন্দাজ ও ইকবাল (স্পার্ক)। শুরুতেই নিজেদের গাওয়া ‘মন কাছে আসে’ গান নিয়ে মঞ্চে আসে ব্যান্ডদল এ-নাইনটি নাইন। তারা একে একে পরিবেশন করে ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘দিন বাড়ি যায়’ ইত্যাদি গান। দর্শকদের মাতিয়ে রাখতে এরপর গান নিয়ে মঞ্চে ওঠে বিন্দু। শিরোনামহীনের ‘হাসিমুখ’ গানটি ছাড়াও আরও চারটি গান পরিবেশন করে। এরপর মঞ্চে আসে ড্রিমজ। ‘একটা পাখি উড়ে’, ‘একা পাখি বসে আছে,’ ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ ইত্যাদি গান পরিবেশন করে তারা শ্রোতাদের মন জয় করে। ড্রিমজ যাওয়ার পর মঞ্চ মাতাতে আসে চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ডদল তীরন্দাজ। ‘ইচ্ছেঘুড়ি’, ‘অসামাজিক’সহ একে একে চারটি গান পরিবেশন করে তীরন্দাজ। ঠান্ডার মধ্যে দর্শকরাজ্যে সংগীতের উষ্ণতা ছড়িয়ে দেন ব্যান্ডদল ইকবাল (স্পার্ক)। তাঁরা একে একে পরিবেশন করেন ‘তুমি কেন বোঝ না’, ‘পাগলা হাওয়ার তরে’, ‘মেলায় যাইরে’, ‘পিরিতের ঘর বানাইলা অন্তরের ভিতর’ ইত্যাদি জনপ্রিয় গান। সবশেষে মঞ্চে এলেন অতিথি শিল্পী সুমন। তাঁর মঞ্চ মাতানো পরিবেশনার সঙ্গে সঙ্গে শেষ হলো প্রাণময় এই আসর।