ব্যান্ডবাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথার চুল আটকে রাখাই তো তার কাজ। যার কাজ সে করছে। একে নিয়ে এত মাতামাতি করার কী আছে? কিন্তু ফ্যাশনের মজা তো এখানেই। যেকোনো কিছুর মাধ্যমেই তৈরি করে ফেলা যায় স্টাইল। সাধারণ জিনিসেই ফুটিয়ে তোলা যায় অসাধারণত্ব। ইদানীং বাজারে ঘুরতে গেলে এমনই একটি উপকরণে চোখ আটকে যায়। স্টাইলের পুরোনো এ মাধ্যমটি আবারও ফিরে এসেছে নতুনভাবে, নতুন রূপে।বাজার ঘুরেকাপড়ের ওপর প্রিন্ট অথবা ছোট চেকের ব্যান্ডগুলো জনপ্রিয়তা পেয়েছে বেশ। এগুলো অবশ্য কিছুটা মোটা ধাঁচের হচ্ছে। এ ছাড়া পাওয়া যাবে প্লাস্টিকের তৈরি কালো, সাদা, মেরুনসহ বিভিন্ন রঙের ব্যান্ড। সাদা পুঁতিগুলোকে কালো সুতায়ও সাজানো হচ্ছে। কখনো পাথরের ঝলকানিতে মাথার শোভা বাড়াচ্ছে। মোটকথা, বিভিন্ন রঙে এবং নকশার খেলায় খেলে যাচ্ছে উপকরণটি। সোজা চুলে এ ব্যান্ডগুলো বেশি মানানসই, তবে কোঁকড়া চুলেও এনে দেয় আলাদা সৌন্দর্য। ছোট চুল ও বড় চুলে সমান মানানসই, তবে বর্ষাকালে চুল বেঁধে রেখেও এ ব্যান্ডগুলো পরা যায়। হালকা বেণি, ফ্রেঞ্চ বেণি ও ঝুঁটি করে ব্যান্ড পরে নিলেই হবে। যেকোনো পোশাকের সঙ্গেই ব্যান্ড মানানসই, তবে শাড়ির সঙ্গে না পরলেই ভালো। বয়সের সঙ্গে মিলিয়ে পরলেই বেশি ভালো লাগবে। পোশাক ও অনুষ্ঠানের সঙ্গে মানানসই ব্যান্ডই পরা উচিত।সালেহা রহমান অবশ্য জিমে গেলেই ব্যান্ড বেশি ব্যবহার করেন। তিনি বলেন, ‘সামনে ব্যাংগস স্টাইলে চুল কাটা, ব্যায়ামের সময় খুব অসুবিধা হয়। এ কারণে এ সময়ই ব্যান্ডের ব্যবহার বেশি করতে হয়।’শুধু ব্যান্ড ব্যবহার করে চেহারায় পরিবর্তন আনা যায়। দরকার চেহারা, চুল ও স্টাইলের কথা চিন্তা করে জিনিসটি কেনা। চুলের স্টাইলে বাড়তি সৌন্দর্য আনার এ উপকরণটি তা না হলে দেখতে বেমানান লাগবে।যাত্রা, নিউমার্কেট, গাউসিয়া, বসুন্ধরা সিটিসহ বিভিন্ন মার্কেটে পাওয়া যাচ্ছে রকমারি ব্যান্ড। দাম ৩০০ টাকার ভেতরেই।চুলের সাজেবড় হোক, ছোট হোক—চুলের সাজ বাড়াতে, চেহারায় ভিন্নধর্মী লুক আনতে জুড়ি নেই ব্যান্ডের। রূপবিশেষজ্ঞ আফরোজা কামালের মতে, ‘ব্যান্ডের সঙ্গে চুল বেঁধে রাখলে ভালো লাগবে না। কোঁকড়া হোক কিংবা সোজা, খোলা চুলেই ব্যান্ড ব্যবহার করা উচিত।’চেহারার গঠনের সঙ্গে মিল রেখে ব্যান্ড পরা উচিত। কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে, সেটাই জানালেন আফরোজা কামাল।লম্বাটে চেহারার অধিকারীরা ব্যান্ড পরার সময় পাশ দিয়ে কিছুটা চুল বের করে রাখবেন। এতে চেহারার লম্বা ভাবটি কেটে যাবে। কপাল বড় থাকলে তাও ঢেকে যাবে। একই ভাবে পরবেন গোল কিংবা ফোলা গালের অধিকারীরা। সামনের দিক দিয়ে অথবা গালের দুই পাশ দিয়ে চুল থাকলে ভালো লাগবে।ছোট মুখ যাঁদের, তাঁরা সব চুল পেছনে টেনে নিয়ে পরবেন। কোঁকড়া চুলের আছে আলাদা সৌন্দর্য। ব্যান্ড পরলে এতে যোগ হয় আলাদা মাত্রা। কপাল থেকে সব চুল টেনে পরতে হবে। খেয়াল রাখতে হবে, কপাল ও ব্যান্ডের মধ্যে দূরত্ব যেন একদমই না থাকে। কপাল থেকে খুব বেশি পেছনে চলে না যায়। অর্থাৎ ব্যান্ড কপালের কাছাকাছি পরতে হবে।ব্যান্ডের সঙ্গে জুতার একটা সামঞ্জস্য রাখতে হবে। ব্যান্ড পরলে অবশ্যই হিল ছাড়া ফ্ল্যাট জুতা পরবেন।