ব্যান্ডসংগীতের মূর্ছনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যান্ডের গানে উন্মতাল তারুণ্য। গিটারের ঝংকারে সুরের খেয়ায় অন্য রকম সময়। ৮ ও ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম (বীর উত্তম) মিলনায়তনে বসে ব্যান্ডসংগীতের আসর। ‘রেড রক ফিয়েস্তা’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে রেড কার্পেট ইভেন্ট। এতে ঢাকা ও চট্টগ্রামের ৩০টি ব্যান্ডদল অংশ নেয়।
সংগীত আয়োজনের প্রথম দিন বেলা ১১টায় মঞ্চে আসে ব্যান্ডদল গ্রিন স্কেপ। ‘ইচ্ছে ঘুড়ি’ গানটির মাধ্যমে তাঁরা শুরু করেন পরিবেশনা। এরপর আটটি গান করে বিদায় নেন। এবার একে একে মঞ্চ মাতিয়ে যায় ব্যান্ডদল স্টেয়ারওয়ে অফ হ্যাভেন, প্যারিশড এম্পায়ার, অ্যারর, এক্সপ্লোর, ফ্রান্টিক, থাউজ্যান্ড ডায়াজ, ক্রোফেটজ ও স্যাকরেড সাইলেন্স। তাঁদের মন মাতানো পরিবেশনায় মুগ্ধ হয়ে থাকে পুরো মিলনায়তন।
বিকেল হয়ে আসতেই মঞ্চে উঠে ব্যান্ডদল আয়োনিক বন্ড। থ্রাশ মেটালের ছোঁয়ায় সবাইকে আনন্দে উদ্বেলিত করে তাঁরা নামতেই মঞ্চে অন্য রকম আবহ। একে একে মঞ্চে উঠে আসেন বিভিন্ন ব্যান্ডদলের সদস্যরা। এ দলে যোগ দেন তীরন্দাজের বাহার ও অভি, সাইকিক থিওরেমের ইরফান, পাওয়ার অব গ্রাউন্ডের তাঞ্জিব ও রাফি। এ লাইনআপটি মঞ্চে এসে শুরু করে পরিবেশনা। তাঁদের সঙ্গে ধীরে ধীরে যোগ দেন চট্টগ্রামের আরও বিভিন্ন ব্যান্ডের দলের সদস্যরা। মঞ্চ যেন পরিণত হয় সব ব্যান্ডের মিলনমেলায়। পুরোপুরি জমে উঠে আয়োজন। এর পর মঞ্চ মাতায় ব্যান্ডদল বিন্দু ও সাইকিক থিওরেম। অবশেষে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাত নয়টায় মঞ্চে আসে ঢাকার ব্যান্ডদল মিনারভা। তাঁদের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের পর্ব।
দ্বিতীয় দিনও শুরু হয় সুরের মূর্ছনায়। গান পরিবেশন করে ব্যান্ডদল ফ্ল্যাগ পোল ড্যামেজ, প্রলয়শিখা, ক্রায়োনিকস, একসেস ডিনাইড, ওয়ান ক্লাউড, উন্মাদ, ম্যাট্রিকাল ও পাওয়ার অব গ্রাউন্ড। পড়ন্ত বিকেলে মঞ্চে আসে ঢাকার ব্যান্ডদল দ্য ম্যানেজার। ‘চুলটানা বিবিয়ানা’সহ পাঁচটি গান গেয়ে তাঁরা মাতিয়ে তোলেন দর্শকদের। এরপর মঞ্চে আসে ব্যান্ডদল তীরন্দাজ। ‘অন্ধকার ঘরে’ গানটিসহ তাঁরাও করেন পাঁচটি গান। এ ছাড়া গান করে বিবর্ণ, বে অব বেঙ্গল ও দ্য ট্রি। ততক্ষণে ঘড়ির কাঁটায় রাত সাড়ে ১০টা। এরপর শুরু হয় মূল চমক। চট্টগ্রামের বিভিন্ন ব্যান্ডের শিল্পীদের একত্র করে তৈরি হয় ছয়টি লাইনআপ। তাঁদের পরিবেশনার মধ্যে ছিল ‘এক আকাশের তারা’, ‘মহারাজ’, ‘পাখি’ ও ‘আবার দেখা হবে’।
আয়োজন প্রসঙ্গে রেড কার্পেট ইভেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইসলাম খান বলেন, ‘মূলত চট্টগ্রামের ব্যান্ডসংগীত শিল্পীদের মধ্যে হূদ্যতা বাড়াতে এই আয়োজন। এর মাধ্যমে চট্টগ্রামের শিল্পীদের সারা দেশের সামনে তুলে ধরা এবং তারুণ্যকে মাদক ও সন্ত্রাসের থাবা থেকে সংগীতের মাধ্যমে দূরে রাখাই আমাদের প্রয়াস।’