ব্যান্ডসংগীতের সুর মূর্ছনা
ব্যান্ডসংগীতের সুর মূর্ছনায় ভাসল চট্টগ্রামের দর্শক শ্রোতারা। ১০ নভেম্বর নগরের ১৩টি ব্যান্ডের পরিবেশনায় স্টুডিও থিয়েটার মিলনায়তনে হয়ে গেল সংগীতসন্ধ্যা। পার্ল হারবারের উদ্যোগে এই আয়োজনে সহযোগিতা করে চট্টগ্রামের ব্যান্ড দল আয়োনিক বন্ড এবং ২৪ ঘণ্টার বাংলা অনলাইন বেতার-রেডিও অথৈ।গত শনিবার বিকেল সাড়ে চারটায় ব্যান্ডদল ভারডিক্টের পরিবেশনার মাধ্যমে ব্যান্ডসংগীতের এই আসর শুরু হয়। একটি বাংলা ও দুটি ইংরেজি গান করে বিদায় নেয় তারা। এরপর ব্যান্ডদল ইনোসেন্ট ক্রসের শিল্পীরা ‘দি ডার্কেস্ট নাইট’, ‘লেইড টু রেস্ট’, ‘ইলেকট্রিক আই’ ও ‘মাই লাস্ট’ শিরোনামে চারটি গান করেন। এরপর একে একে মঞ্চে আসে ব্যান্ডদল সাইলেন্ট জাস্টিস, লস্ট প্রজেক্ট, থাউজেন্ড ডাইস, মেসিঞ্জ ও পাওয়ার অব গ্রাউন্ড। এই দলগুলো তিনটি করে ইংরেজি গান গেয়ে যখন বিদায় নেয় মিলনায়তনে তখন আনন্দের বন্যা। এই আনন্দে বাড়তি কিছু যোগ করতেই যেন মঞ্চে আসে ব্যান্ডদল বিবর্ণ। ‘অচেনা পথ’, ‘চুলটানা বিবিয়ানা’, ‘সমাজ’ শিরোনামের তিনটি গান পরিবেশন করে দলের শিল্পীরা আসর জমিয়ে তোলেন। এরপর ব্যান্ডদল প্রান্তর, স্টোন ও আয়োনিক বন্ড চারটি করে ইংরেজি গান পরিবেশন করে। এরপর ব্যান্ডদল মাস্টার স্ট্রোক পরিবেশন করে ‘লোভের আগুন’, ‘ভবঘুরে’, ‘চল চল’ গানগুলো। সবশেষে মঞ্চ মাতাতে আসে ব্যান্ডদল ফোক রেভ্যুলুশন। ‘গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ’ গানটির মাধ্যমে শুরু হয় তাদের পরিবেশনা। মিলনায়তনে তখন করতালির শব্দে কানে তালা লাগার উপক্রম। এরপর তাঁরা একে একে পরিবেশন করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘হেলায় হেলায়’ ও ‘সিন্ধু’ শিরোনামে কয়েকটি গান।