ব্যান্ডের গানে মুগ্ধ শ্রোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আনন্দ আরও বর্ণিল করতে ২৫ আগস্ট নগরের মুসলিম হলে বসে গানের আসর। চট্টগ্রাম ও দেশের নামকরা ব্যান্ড দলগুলোর গান শ্রোতাদের মন ছুঁয়ে যায়। ড্রিম ইনোভেশন লিমিটেডের ‘ড্রিম ঈদ ফেস্ট’ শিরোনামের এই আয়োজনে সহযোগিতা করে ২৪ ঘণ্টার বাংলা অনলাইন রেডিও ‘রেডিও অথৈ’।বিকেল চারটার দিকে চট্টগ্রামের ব্যান্ড দল ‘আয়োনিক বন্ড’-এর পরিবেশনা দিয়ে শুরু হয় কনসার্ট। তারা গেয়ে শোনাড ‘ইন ইজ মোনা’, ‘ফেয়ার অব দ্য ডার্ক’ ও ‘এভরি টাইম’—এমফ তিনটি ইংরেজি গান। এরপর একে একে মঞ্চ মাতিয়ে যায় ব্যান্ড দল ‘ম্যাটরিকাল’, ‘স্যাকরেড সাইলেন্স’ ও ‘পাওয়ার অব গ্রাউন্ড’। ব্যান্ডগুলো তিনটি করে গান করে। সুরের মূর্ছনায় বুঁদ হয়ে থাকা দর্শকদের ভিন্ন আমেজ দিতে মঞ্চে শুরু হয় ডিজে ফাহিমের পরিবেশনা। ডিজের তালে তালে উল্লাসে মেতে ওঠেন সবাই। এরপর আবার গান। এবার মঞ্চে আসে ব্যান্ড দল ‘বিবর্ণ’। ‘অচেনা পথ’সহ তিনটি গান করে তারা। বিবর্ণের পরে মঞ্চ রাঙায় ব্যান্ড দল ‘রঙ’। তাদের নিজেদের অ্যালবামের ‘বৃষ্টি’ ও ‘নীল খাম চিঠি’ গান দুটি ছাড়াও পরিবেশন করে ‘শেষ ঠিকানা’, ‘আসি আসি’সহ কয়েকটি গান। রঙের সুরের রং ছাড়নো মঞ্চে ব্যান্ড দল ‘তীরন্দাজ’ তাদের পরিবেশনা শুরু করে ওয়ারফেইজের ‘অসামাজিক’ গানটি দিয়ে। তারা একে একে গেয়ে শোনাড ‘স্মৃতি স্মারক’, ‘সুইট চাইল্ড,’ ‘বেওয়ারিশ’ ও ‘অন্ধকার ঘরে’ শিরোনামের গানগুলো। সবশেষে মঞ্চ মাতাতে আসে জনপ্রিয় ব্যান্ডদল ‘শূন্য’। সবার যেন অপেক্ষা শূন্যের জন্য। ‘শত আশা’ গানটি গেয়ে যখন তাদের পরিবেশনা শুরু হলো, তখন করতালির ঢেউ পুরো মিলনায়তনে। তারা একে একে পরিবেশন করে ‘গোধূলির ওপারে’, ‘আমার আমি’, ‘স্মৃতির ছেঁড়া পাতা’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘রাজ্যহীন রাজা’ ও ‘সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর’ প্রভৃতি গান। কনসার্টে আসা চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী ইশতিয়াক শাকিল বলেন, ‘শূন্য ব্যান্ডের গান আমার সব সময় ভালো লাগে। আজ সরাসরি ওদের গান শুনে ভালো লাগাটা আরও বেড়ে গেল।’ অনুষ্ঠান আয়োজন সম্পর্কে ড্রিম ইনোভেশন লিমিটেডের মহাপরিচালক মুশফিক উদ্দিন বলেন, ‘চট্টগ্রামে এটি আমাদের প্রথম আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার ইচ্ছে আছে।’