অবসরে কেউ বেড়িয়ে আনন্দ পান, কেউ বা ঘরে বসে আলসেমিতে। অপু বিশ্বাসের অবসর কাটে একটু ভিন্নভাবে। ছবিতে অভিনয়, নিজের ব্যবসা এসব নিয়েই তিনি ব্যস্ত থাকেন বেশি। একটু অবসর পেলেই চলে যান ব্যায়ামাগারে। আর ছুটির দিনটাতে তো অনেক সময় কাটান সেখানে। বললেন, ‘আমি যেহেতু অভিনয় নিয়েই থাকি, তাই শারীরিক ফিটনেসের দিকে নজর দিতে হয় একটু বেশি। দর্শকেরা কখনোই তাঁদের প্রিয় নায়িকাদের মুটিয়ে যাওয়া মেনে নিতে পারেন না। তাই দর্শকদের চাওয়ার প্রতি সম্মান দেখাতে হয় বেশি। তা ছাড়া নিজের স্বস্তিরও একটা ব্যাপার থাকে।’

বছর কয়েক হলো ঢাকার গুলশানের নিকেতনে অপু বিশ্বাস নিজেই ছোটখাটো একটি ব্যায়ামাগার চালু করেছেন। প্রতিদিন কাজের ফাঁকে ফাঁকে ছুটে যান সেখানে। আর ছুটির দিনে সাধারণত চার-পাঁচ ঘণ্টা এখানেই কাটে তাঁর। অপু বলেন, ‘মাঝে হঠাৎ করেই ওজন বেড়ে যায়। এরপর নিয়মিত ব্যায়াম এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে ওজন কমিয়েছি। এরপর থেকেই ব্যায়ামাগারে সময় দিচ্ছি বেশি। ছুটির দিনে তা বাড়িয়ে দিই।’
চরিত্রের প্রয়োজনে নায়িকা অপু বিশ্বাসকে অনেক পোশাক পরতে হয়। সাজতে হয় নানা সাজে। টানা শুটিংয়ের কারণে পোশাক-আশাক ও প্রসাধন সামগ্রী বাসায় বিক্ষিপ্তভাবে থাকে। ছুটির দিনে এগুলোর দিকেও নজর দেন বলে জানান অপু। বললেন, ‘একেক ছবিতে একেক চরিত্রে হাজির হতে হয়। চরিত্রের জন্য পোশাকেও পরিবর্তন আসে। সঙ্গে মেকআপেও। একটানা শুটিং শেষে বাসায় ফেরার পর এগুলো নানা জায়গায় রেখে দিই। সময় নিয়ে গুছিয়ে রাখা সম্ভব হয় না। ছুটির দিনে এ কাজটি গুছিয়ে করতে হয়। না হলে বিভিন্ন চরিত্রের ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।’
গত বছর বাবাকে হারিয়েছেন অপু। তাই এখন ছুটির দিনে মাকে আগের চেয়ে বেশি সময় দেন তিনি। বললেন, ‘বাবা হারানোর পর থেকে মা অনেক বেশি একা হয়ে গেছেন। আগে শুটিংয়ের পর অন্যান্য কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকলেও এখন আর সেভাবে থাকি না। মার কথা বেশি মনে পড়ে। ছুটির দিনে মাকে নিয়ে গাড়িতে করে ঘুরতে বের হয়ে পড়ি। এখন তো শীতের মৌসুম। নানা স্বাদের পিঠা নিয়ে রাস্তায় অনেকে বিক্রি করতে বসেন। মা-মেয়ে দুজনে মিলে গাড়িতে ঘোরার সময় রাস্তার পাশে পিঠা খেতে নেমে যাই। এ ক্ষেত্রে চিতই পিঠা সবচেয়ে বেশি পছন্দ। দেশের ও দেশের বাইরে অনেক নামীদামি হোটেলে নানা জাতের পিঠা খেয়েছি। কিন্তু রাস্তার পাশে বানানো চিতই পিঠার স্বাদ কোথাও পাইনি। আমি ও মা মজা করে খাই।’
ছোটবেলা থেকে বলিউড অভিনেতা শাহরুখ খানের ভক্ত অপু। তাঁর এমন কোনো ছবি মুক্তি পায়নি, যা অপুর সংগ্রহে নেই। অপু বলেন, ‘সত্যি কথা বলতে, আমি শাহরুখ খানের অন্ধ ভক্ত। তাঁর ছবি মুক্তি পাওয়ার পরই যেকোনো উপায়ে সংগ্রহ করি। সর্বশেষ হ্যাপি নিউ ইয়ার ছবিটি দেখলাম।’