ব্যারিকেড-বন্দুক ঠেকানো সুর ও ছবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা দেশের জনতাকে যখন রাষ্ট্র ও সরকারের মুখোমুখি দাঁড়িয়ে পড়তে হয় খালি আর খোলা হাতে তখন কেমন হয় সেই লড়াই? সাধারণ মানুষ কীভাবে মোকাবিলা করে সশস্ত্র সন্ত্রাস, পুলিশ ও সেনাবাহিনী? শিল্পই বরাবর মানুষকে প্রতিবাদ-প্রতিরোধের সেই ভাষা জুগিয়েছে। তাই অনায়াসে পুলিশের বন্দুক মোকাবিলায় একটা ক্যামেরা হাতেই অবস্থান নিয়ে নিতে পারেন এক আলোকচিত্রী। রাজপথে সশস্ত্র বাহিনীর ব্যারিকেডের সামনে একাই একটা পিয়ানো নিয়ে বসে সুরের মূর্ছনায় পাল্টা ব্যারিকেড গড়ে তুলতে পারেন এক সংগীতশিল্পী। ইউক্রেনের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার সময়ে প্রতিবাদ-বিক্ষোভে শিল্পীদের অংশগ্রহণ এবং পথশিল্পের নানা নতুন মাত্রা নিয়ে এ প্রতিবেদন।

সংগীতশিল্পী মারকিয়ান মাতসেখ একাই একটা পিয়ানো নিয়ে রাজপথে পুলিশের ব্যারিকেডের সামনে বসে বাজাতে থাকেন। ছবি: বিবিসি
সংগীতশিল্পী মারকিয়ান মাতসেখ একাই একটা পিয়ানো নিয়ে রাজপথে পুলিশের ব্যারিকেডের সামনে বসে বাজাতে থাকেন। ছবি: বিবিসি

ব্যারিকেড মোকাবিলায় পিয়ানো
২০১৩ সালের ৭ ডিসেম্বর জনতার ঘেরাওয়ের হুমকি মোকাবিলায় ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের সামনে ব্যারিকেড বসায় পুলিশ বাহিনী। সংগীতশিল্পী মারকিয়ান মাতসেখ একাই একটা পিয়ানো নিয়ে রাজপথে পুলিশের ব্যারিকেডের সামনে বসে ফ্রেডেরিক শঁপ্যার সুরের মূর্ছনা তুলতে শুরু করলে দ্রুত পালটে যেতে থাকে দৃশ্যপট। পুলিশের সঙ্গে জনতার আসন্ন লড়াই ভিন্নরূপ ধারণ করে। তবে, পুলিশের পক্ষে সেখান থেকে সুরে উন্মাতাল জনতাকে হটানো সম্ভব হয়নি। এ ঘটনার পর মারকিয়ান মাতসেখের এই সুরের ব্যারিকেড ছড়িয়ে পড়েছিল ইউক্রেনের অন্যান্য শহরেও। পিয়ানোয় ইউক্রেনের নীল-হলুদ পতাকার রং করে শিল্পীরা পিয়ানো নিয়ে বসে পড়েছেন রাস্তায়, নগর চত্বরে। কখনো খোদ ব্যারিকেডের ওপরই বসানো হয়েছে পিয়ানো! কিয়েভের নগর-মিলনায়তনের সামনে এমন অনেকগুলো স্বতঃস্ফূর্ত কনসার্ট হয়ে গেছে প্রতিবাদী ইউক্রেনীয় শিল্পী-জনতার অংশগ্রহণে।

‘অন্ধকারের রাজত্বের আত্মসমর্পণ’ শিরোনামে আয়না হাতে পুলিশের মুখোমুখি দাঁড়ানোর এই কর্মসূচিতে অংশ নেন বিপুলসংখ্যক মানুষ। ছবি: আর্টনিউজ ডটকম
‘অন্ধকারের রাজত্বের আত্মসমর্পণ’ শিরোনামে আয়না হাতে পুলিশের মুখোমুখি দাঁড়ানোর এই কর্মসূচিতে অংশ নেন বিপুলসংখ্যক মানুষ। ছবি: আর্টনিউজ ডটকম

আয়নার মুখোমুখি দাঁড় করাও
বিক্ষোভে উত্তাল দিনগুলোতে ইউক্রেনজুড়ে নানা ধরনের ‘পাবলিক পারফর্মেন্স’ অনুষ্ঠিত হয়েছে। শিল্পকলায় ‘পরিস্থিতিবাদ’-এর চর্চার এক ইউক্রেনীয় সংস্করণ দেখা গেছে শিল্পী-জনতার অংশগ্রহণে এসব অভিনব প্রতিবাদে। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর ‘অন্ধকারের রাজত্বের আত্মসমর্পণ’ শিরোনামে কিয়েভের এমনই এক প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেন বিপুলসংখ্যক মানুষ। এতে আয়না হাতে পুলিশের ব্যারিকেডের দিকে এগিয়ে যায় সারিবদ্ধ জনতার মিছিল। বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা পুলিশের দিকে আয়না তাক করে দাঁড়িয়ে থাকে জনতা। কোথাও কোথাও এসব আয়নায় লেখা থাকে ‘হায় খোদা এটা কি আমি!’


ইউক্রেনে স্বাগতম!
‘ওয়েলকাম টু ইউক্রেন’ বা ‘ইউক্রেনে স্বাগত’ শিরোনামের চিত্রকর্মের শিল্পী আইভান সেমেসিউক। সঙ্গী শিল্পী ওলেক্সা মানসহ একদল নৈরাজ্যবাদী শিল্পীকে নিয়ে রাজধানী কিয়েভে বিক্ষোভের কেন্দ্রস্থল মেইডেন স্কয়ারে একটা অস্থায়ী আর্ট সেন্টার গড়ে তোলেন আইভান। ছাদহীন একটা উন্মুক্ত গ্যালারির মতোই প্লাইউডের এই অস্থায়ী ডেরা। উত্তাল দিনগুলোতে বিক্ষোভকারীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা শিল্পকর্মগুলোর প্রদর্শনী চলতো এখানে।

‘দ্য রেভল্যুশনারি’ বা ‘বিপ্লবী’ শিরোনামের এই ভাস্কর্য নিয়ে শিল্পীরা ঘুরে ঘুরে নগরের বিভিন্ন ব্যারিকেডে হাজির হয়েছেন এবং সমবেত জনতার সঙ্গে সংহতি জানিয়েছেন। ছবি: আর্টনিউজ ডটকম
‘দ্য রেভল্যুশনারি’ বা ‘বিপ্লবী’ শিরোনামের এই ভাস্কর্য নিয়ে শিল্পীরা ঘুরে ঘুরে নগরের বিভিন্ন ব্যারিকেডে হাজির হয়েছেন এবং সমবেত জনতার সঙ্গে সংহতি জানিয়েছেন। ছবি: আর্টনিউজ ডটকম

বিপ্লবীর প্রতিকৃতি!
রাজধানী কিয়েভের মেইডেন স্কয়ার বা ইনডিপেনডেন্স স্কয়ার হিসেবে পরিচিত নগর চত্বরই ছিল বিক্ষোভের কেন্দ্রস্থল। বিক্ষোভের প্রথম দিনগুলোতেই অনেক শিল্পীরা জড়ো হয়েছিলেন সেখানে। বলা যেতে পারে তাঁরাই মাতিয়ে রেখেছিলেন, সংহত হতে সহায়তা করেছিলেন জনতাকে। এ সময়ই শিল্পী ইয়েভগেন সামবোরস্কি এবং তাঁর বন্ধু মার্তা লিনিনস্কায়া, ইয়োরোস্লাভ ইয়াকুবোভস্কি ও পাভেল ওসাদচুক মিলে একটা পেপার-ম্যাশে ভাস্কর্য বানান। বিক্ষোভের হলুদ পতাকা হাতে দাঁড়িয়ে থাকা এক যুবকের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয় তাতে। আর সব আন্দোলনকারীর সমবেত প্রয়াসকে চিহ্নিত করতে শিল্পীরা এর নাম দেন ‘দ্য রেভল্যুশনারি’ বা ‘বিপ্লবী’। শিল্পীরা এই বিপ্লবীকে নিয়ে ঘুরে ঘুরে হাজির হয়েছেন এবং সমবেত জনতার সঙ্গে সংহতি জানিয়েছেন নগরের বিভিন্ন ব্যারিকেডের সামনে। আন্দোলন এ বছরে গড়ানোর পর ১৮ ফেব্রুয়ারি রাতে পুলিশ সদর দপ্তরের সামনের ভয়ংকর লড়াইয়ের সময় এই ভাস্কর্যটি আগুনে পুড়ে যায়।

আলোকচিত্রী আলেক্সান্ডার চেকমেনেভ ‘যোদ্ধা’ শিরোনামে একটা সিরিজ করেন প্রতিবাদকারীদের নিয়ে। রাস্তার সংঘর্ষগুলোয় অংশ নেওয়া সাধারণ মানুষের মুখচ্ছবি ক্যামেরাবন্দী করেন তিনি। ছবি: বিবিসি
আলোকচিত্রী আলেক্সান্ডার চেকমেনেভ ‘যোদ্ধা’ শিরোনামে একটা সিরিজ করেন প্রতিবাদকারীদের নিয়ে। রাস্তার সংঘর্ষগুলোয় অংশ নেওয়া সাধারণ মানুষের মুখচ্ছবি ক্যামেরাবন্দী করেন তিনি। ছবি: বিবিসি

যোদ্ধার মুখচ্ছবি
আলোকচিত্রী আলেক্সান্ডার চেকমেনেভ ‘যোদ্ধা’ শিরোনামে একটা সিরিজ করেন প্রতিবাদকারীদের নিয়ে। রাস্তার সংঘর্ষগুলোয় অংশ নেওয়া সাধারণ মানুষের মুখচ্ছবি ক্যামেরাবন্দী করেন তিনি। আরেক আলোকচিত্রী মারিয়া পাভলেনকো এই বিক্ষোভের মধ্যে খুঁজে পেয়েছেন মধ্যযুগের নানা চিত্রকল্প! মানুষজন রাজ-রাজড়াদের পোশাক পরে হেঁটে বেড়াচ্ছেন রাতের কিয়েভে, জনতা যেন মেইডেন চত্বরকে ঘিরে রেখেছে রাজার দুর্গ ঘেরাওয়ের মতো করেই, আর রাস্তায় রাস্তায় সংঘর্ষে জড়িয়ে পড়া জনতাকে সঙ্গ দিচ্ছেন সব মন্ত্র-জপা পুরোহিতরা! এদিকে বিখ্যাত চিত্রকর ভাসিলি সাগোলভ যেন এই উত্তাল বিক্ষোভের দিনগুলোর ভবিষ্যদ্বাণীই করেছিলেন! ‘ঘোস্ট অব রেভল্যুশন’ বা ‘বিপ্লবের ভূত’ শিরোনামে বিশালাকারের সব চিত্রকর্মের একটা সিরিজ করেন তিনি। আর বিক্ষোভ শুরুর ঠিক আগের মাসে ২০১৩ সালের অক্টোবরেই তাঁর চিত্রকর্মগুলোর প্রদর্শনী হয় রাজধানী কিয়েভে। ভাসিলির চিত্রকর্মগুলোতে দেখা গেছে রাজপথে পুলিশের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে মলোটভ ককটেল ছুড়ছে জনতা।

শিল্পী নিকিতা শালেননির ছবিমালার নাম ‘তোমার ভাইটি কোথায়?’ এই সিরিজের ছবিতে সরকারি বাহিনীর নিপীড়ন-নির্যাতন-গুম-খুনের নানা চিত্রকল্প ফুটিয়ে তোলা হয়েছে। ছবি: বিবিসি
শিল্পী নিকিতা শালেননির ছবিমালার নাম ‘তোমার ভাইটি কোথায়?’ এই সিরিজের ছবিতে সরকারি বাহিনীর নিপীড়ন-নির্যাতন-গুম-খুনের নানা চিত্রকল্প ফুটিয়ে তোলা হয়েছে। ছবি: বিবিসি

নিকিতার ভাইয়েরা কোথায়?
২০১৪ সালের জানুয়ারিতে বিক্ষোভ যখন তুঙ্গে তখনই একটা প্রদর্শনীর আয়োজন করেছিলেন শিল্পী নিকিতা শালেননি। আলোকচিত্রকে নানারূপে রূপান্তরিত করে তাঁর এই ছবিমালার নাম ছিল ‘তোমার ভাইটি কোথায়?’ ইউক্রেনের রুশপন্থী সাবেক প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের শক্ত ঘাঁটি দিনিপরোপেত্রোভস্ক শহরে অনুষ্ঠিত হয়েছিল ওই প্রদর্শনী। বিখ্যাত কিছু চিত্রকর্মের অনুকৃতির মতো করে কম্পোজিশন করা এসব ছবিতে বিক্ষোভের দিনগুলোতে সরকারি বাহিনীর নিপীড়ন-নির্যাতন-গুম-খুনের নানা চিত্রকল্প ফুটিয়ে তোলা হয়েছে।


২০১৩ সালের নভেম্বরে সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পরপরই ইউক্রেনে ‘স্ট্রিট আর্ট’ বা পথশিল্পের অর্থ পালটে যেতে শুরু করেছিল। এ বছরের মার্চ মাসে কিয়েভে এক প্রদর্শনীতে দেখা গেছে শিল্পীরা কীভাবে প্রতিবাদ-বিক্ষোভকে একে নতুন ভাষা দিয়েছিলেন। ওই প্রদর্শনীতে দেখা গেছে কীভাবে আগুনে পুড়ে যাওয়া একটা ব্যারিকেডের অর্ধেক অংশ, লাল রঙে রাঙানো একটা পরিত্যক্ত বুলেট কিংবা সেনাবাহিনীর একটা হেলমেট সবই শিল্পকর্মে রূপান্তরিত হতে পারে। কিয়েভের পর সম্প্রতি অস্ট্রিয়াতেও অনুষ্ঠিত হয়েছে এসব শিল্পকর্মের প্রদর্শনী।

প্রতিবেদনটি তৈরিতে বিবিসি এবং ‘আর্ট ইউক্রেন ডটকম ডটইউএ’ এবং ‘আর্টনিউজ ডটকম’-এর সহায়তা নেওয়া হয়েছে।