ব্যালেরিনা শু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশনেবল জুতা মানেই উঁচু হিল—এ ধারণা বদলে দিয়েছে ব্যালেরিনা শু। ফ্ল্যাট পাম্পও বলা যায় একে। ব্যালে নাচের সময় পরা হয় বলেই এমন নাম। তবে ব্যালে নাচেন আর না নাচেন, এ জুতো এখন ফ্যাশনেবল মেয়েমাত্রই পরছেন। পাশ্চাত্যে অনেক আগে থেকেই এ জুতোর চাহিদা। পাকিস্তান, পাঞ্জাবে জুতি, নাগড়া, মোচি বলে পরিচিত। এগুলো সেখানকার ঐতিহ্যবাহী জুতো। আমাদের দেশেও এখন জনপ্রিয়তা পেয়েছে ব্যালেরিনা শু। দেখতে একদমই সাধারণ। তবে পায়ে দেওয়ার পর দেখতে লাগে অসাধারণ। পায়ের জন্যও আরামদায়ক বটে। তবে তা যদি সঠিক মাপমতো হয়। ‘একসময় এটি শুধু কাপড়ের তৈরি হতো। এখন চামড়া, প্রিন্টেড চামড়া, ক্যানভাস দিয়েও তৈরি করা হচ্ছে। পায়ে সুন্দর করে আঁটসাঁট হয়ে লেগে থাকে বলে পা দুটো স্লিম মনে হয়। পাশাপাশি এনে দেয় ক্লাসিক লুকও। দেখতে স্মার্ট এবং চমৎকার লাগে।’ জানালেন ফ্যাশন ডিজাইনার মাহিন খান। এ জুতো যত নরম কাপড় দিয়ে তৈরি হবে, পরতে ঠিক ততটাই আরামদায়ক হবে। সব পোশাকেই মানানসই। ক্যাপ্রি, খাটো ট্রাউজার, সালোয়ার কামিজ, স্কার্ট, ফ্রক—বাদ থাকবে কেন শাড়ি। এর সঙ্গেও জুতোজোড়া ভালোই লাগবে বলে জানান মাহিন খান। শুধু দিনের যত্রতত্র ঘোরাঘুরিতে নয়, রাতের দাওয়াতেও পরা যাবে। তবে তখন জুতাটি একটু কারুকার্যময় হতে হবে। বাজারে এটি বেশ কিছু নকশায় পাওয়া যাচ্ছে। তবে প্লাস্টিকের তৈরি ব্যালেরিনা শুর কাটতি বেশি। কাদা লাগলেও যখন-তখন চট করে ধুয়ে ফেলা যাবে। কিছু আছে একরঙায়। কিছু আছে দুই রঙের মিশ্রণে। তবে কালো, রুপালি, তামাটে, চাপা সাদা রঙের জুতো কিনলে যেকোনো পোশাকের সঙ্গে মিলিয়ে পরতে পারবেন। একদম ক্যানভাসের তৈরি হলে এগুলো একটু যত্ন নিয়েই পরতে হবে। তবে হাতে গোনা কিছু দোকানে জুতোগুলো বেশি পাওয়া যাচ্ছে। দাম ২০০ থেকে ১৫০০০ টাকা পর্যন্ত। ঢাকার ক্যাটস আই, আলমাস জেনারেল স্টোর, রাইফেলস স্কয়ার, বসুন্ধরা সিটি, গুলশানের ডিসিসি মার্কেট, স্পার্ক গিয়ারসহ কিছু দোকানে পাওয়া যাচ্ছে। মনে রাখবেনব্যালেরিনা শু কেনার সময় দেখে নেবেন যেন আপনার আঁটসাঁট আঙুলগুলো পুরোপুরি ঢেকে যায়। নাহলে দেখতে ভালো লাগে না।