ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা-বাগান সড়কে অবস্থিত একমাত্র সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এর ফলে দেশের অন্যতম বড় চা-বাগানের পণ্য আনা-নেওয়ায় যেমন ব্যাঘাত ঘটছে, তেমনি যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে লেলাং ইউনিয়নে কর্ণফুলী চা-বাগান অবস্থিত। উপজেলার সদর থেকে এই বাগানে যাতায়াতের একমাত্র মাধ্যম পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক। কর্ণফুলী চা–বাগান সড়ক নামে পরিচিত এই সড়কের কিছু অংশ পিচঢালাই করা এবং কিছু অংশ ইট বিছানো। তবে কর্ণফুলী চা-বাগানের ২০০ গজ আগে অবস্থিত সেতুটি বেহাল হয়ে পড়ায় এই সড়কে যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। সিমেন্ট ও কংক্রিটের তৈরি সেতুটির দৈর্ঘ্য ৯০ ফুট এবং প্রস্থ ১৫ ফুট।
সরেজমিনে দেখা গেছে, সেতুর পূর্ব পাশ দেবে গেছে, এর মাঝামাঝি সৃষ্টি হয়েছে গর্ত ও ফাটল। যানবাহন চলাচল করছে গর্ত এড়িয়ে । এতে সেতুতে আটকা পড়ছে গাড়ি। সৃষ্টি হচ্ছে যানজট।
কর্ণফুলী চা-বাগানের ব্যবস্থাপক শাহনেওয়াজ মো. আহসান ভূঁইয়া বলেন, এই বাগানে সাড়ে ১৪ লাখ কেজি চা উৎপাদিত হয়। এই পরিমাণ চা গাড়ি বোঝাই হয়ে এই সেতু দিয়ে দেশের বিভিন্ন স্থানে যায়। এ ছাড়া চা–বাগানের প্রায় সাড়ে পাঁচ হাজার শ্রমিক সেতু দিয়ে যাতায়াত করেন। প্রতিদিন বাগানের ২০০ পণ্যবাহী ট্রাক, ট্রাক্টর, ছোট–বড় গাড়ি এই সেতু দিয়ে চলাচল করে। সেতু ভাঙা থাকায় গাড়ির গতি কমে যাচ্ছে। এতে পণ্য পেঁৗছাতে সময় বেশি লাগছে। লেলাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুতুব উদ্দিন মুহুরী বলেন, ওই সেতুতে গত তিন মাসে ছোট-বড় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। সেতুতে গর্ত থাকায় এমন দুর্ঘটনা ঘটছে।
ওই সড়ক দিয়ে যাতায়াতকারী ফটিকছড়ি ডিগ্রি কলেজের শিক্ষার্থী মুহাম্মদ শাকিল উদ্দিন বলেন, সেতুর একাংশে ভাঙা গর্ত রয়েছে এবং অন্য অংশ দেবে গেছে। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
উপজেলা প্রকৌশলী মুহাম্মদ বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, সেতুটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়ার পরও কোনো বরাদ্দ মেলেনি। বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু করা হবে। বরাদ্দ না আসা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, ‘চা-বাগানে উৎপাদিত চা আমাাদের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষার জন্য সড়কের সেতুটি সংস্কার করা অত্যন্ত জরুরি। বিষয়টি গুরুত্বে সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হবে।’