বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের সদর ও রামু উপজেলার প্রায় দুই লাখ মানুষ চলাচল করে ২১ কিলোমিটার দীর্ঘ বাইশারী-ঈদগড়-ঈদগাঁও সড়ক দিয়ে। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় ভোগান্তি বেড়েছে যাত্রীদের। বিশেষ করে শিক্ষার্থী ও নারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া ভাঙা সড়কে ঘটছে দুর্ঘটনা।
কক্সবাজার জেলার সদর উপজেলা, রামু এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা–জুড়ে বিস্তৃত এই সড়ক। সড়কের ১৩ কিলোমিটার কক্সবাজার এবং আট কিলোমিটার বান্দরবান জেলায় পড়েছে। বর্ষা মৌসুমে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়কটির বেশির ভাগ অংশই ভেঙে গেছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন।
গত বৃহস্পতিবার বিকেলে সড়ক ঘুরে দেখা গেছে, পালপাড়া, ভোমারিয়াঘোনা, হিমছড়িঢালা, অর্জুনবাগান, ঘুমচাকাটাসহ বিভিন্ন স্থানে সড়কের পিচ ঢালাই উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে গাড়ি চলছে হেলেদুলে। সড়কের কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের অর্জুনবাগান এলাকার তিন কিলোমিটার–জুড়ে গাড়ি চলাচল করছে না। ফলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে। বর্তমানে সড়কের ওই অংশ হেঁটে পার হচ্ছেন যাত্রীরা।
বাসচালক রহিম উল্লাহ জানান, প্রায়ই সড়কে চলাচল করতে গিয়ে গাড়ি গর্তে পড়ছে। নষ্ট হচ্ছে দামি যন্ত্রাংশ। এই রাস্তায় গাড়ি চালানো খুব কষ্টকর ও ঝুঁকিপূর্ণ।
ভোমরিয়াঘোনার কৃষক আবদুল মজিদ জানান, গত বুধবার সন্ধ্যায় বাইশারী-ঈদগড়-ঈদগাঁও সড়ক দিয়ে যাত্রীবাহী জিপে করে বাড়ি আসছিলেন তিনি। পথে গর্তে জিপের চাকা পড়লে সেটি উল্টে যায়। এতে তিনিসহ সাতজন আহত হন। গুরুত্বপূর্ণ এই সড়ক ভেঙে যাওয়ায় দুই মাস ধরে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিন কিলোমিটার ভাঙা সড়কে হাঁটতে গিয়ে রোগী ও শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে।
অর্জুনবাগান এলাকার চাষি নবী আলম জানান, বাইশারী, ঈদগড় ও ঈদগাঁও ইউনিয়নে উৎপাদিত ধান-চাল, সবজি, ফসল, রাবারসহ নানা পণ্য কক্সবাজার, রামু, চকরিয়ার বিভিন্ন হাটবাজারে নেওয়া হয় এই সড়ক দিয়ে। কিন্তু এই বেহাল সড়কটির কারণে পণ্য পরিবহন সম্ভব হচ্ছে না। ফলে স্থানীয় চাষিরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এই এলাকায় ফসল সংরক্ষণের ব্যবস্থাও নেই।
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ জানান, সাম্প্রতিক সময়ে তিন দফা বন্যা ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে প্রায় ২১ কিলোমিটার লম্বা এই পাকা সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। এতে তিন উপজেলার দুই লাখ মানুষের দুর্ভোগ হচ্ছে। সড়কের কক্সবাজার অংশের (ঈদগড়-ঈদগাঁও) ১৩ কিলোমিটার সংস্কারের জন্য সড়ক ও জনপদ (সওজ) বিভাগ ৭ কোটি ১০ লাখ টাকার বরাদ্দ দিয়েছে। বৃষ্টিপাত শেষ হলে ভাঙা সড়কের কাজ শুরু হবে।
বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক জানান, সড়কের বান্দরবান অংশের (ঈদগড় থেকে বাইশারী) আট কিলোমিটার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ছিল। এখন সড়কটি সওজের অধীনে চলে গেছে। ভাঙা সড়কের উন্নয়ন নিয়ে বান্দরবান সওজ নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করা হয়েছে। কিন্তু সাড়া মিলছে না।
সওজ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মো. ইউছুফ বলেন, তিনি সম্প্রতি বান্দরবানে যোগ দিয়েছেন। সড়কটি সরেজমিন দেখে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।