আনোয়ারায় হঠাৎ লোডশেডিং বেড়ে যাওয়ায় বোরো চাষ ব্যাহত হচ্ছে। সেচের অভাবে অনেক স্থানে জমি শুকিয়ে যাচ্ছে।সরেজমিনে দেখা যায়, আনোয়ারার বরুমচড়া ও বারখাইনে পানির অভাবে বোরো ধানের খেত শুকিয়ে যাচ্ছে। দ্রুত সেচ না দিলে এসব খেত থেকে ধান পাবার আশা নেই বলে জানিয়েছেন চাষিরা।বারখাইনের চাষি মো. রফিক জানান, ‘পানির অভাবে জমি শুকিয়ে যাচ্ছে। জানি না খরচ তুলতে পারব কি না।’ বরুমচড়ার সেচ প্রকল্পের মালিক জামাল উদ্দিন জানান, ‘সময়মতো বিদ্যুৎ না পাওয়ায় জমিতে সেচ দিতে পারছি না। এতে চাষিদের গালমন্দ শুনতে হচ্ছে।’ পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, বর্তমানে আনোয়ারায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা থাকে নয় মেগাওয়াট এবং অফপিক আওয়ারে পাঁচ মেগাওয়াট। অথচ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র তিন-চার মেগাওয়াট।আনোয়ারা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক দীলিপচন্দ্র সরকার জানান, বিশ্বকাপের কারণে এখন বিদ্যুতের চাহিদা বেশি তাই লোডশেডিং করতে হচ্ছে। বোরো মৌসুমে সেচের কথা মাথায় রেখে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়ানো হবে বলে তিনি জানান।