বজ্রপাতে গভীর নলকূপ নষ্ট হওয়ায় দীঘিনালা উপজেলার শান্তিপুর গ্রামের প্রায় ৫০ একর জমিতে এ বছর বোরো চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মাইনী নদী থেকে বিকল্প উপায়ে পানি সরবরাহ না করা হলে সামনের মৌসুমেও জমি অনাবাদি থেকে যাবে বলে আশঙ্কা কৃষকদের।জানা গেছে, ২০০৭ সালে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির সহায়তায় স্থানীয় সংস্থা হিল টাচ ফাউন্ডেশন দীঘিনালায় ২৫ লাখ টাকা ব্যয়ে গভীর নলকূপ খনন করে। পানি সরবরাহের পাইপ লাইনও স্থাপন করা হয়। এতে প্রায় ৫০ একর জমি সেচের আওতায় আসে। সেচের সুবিধার কারণে এ এলাকার এক ফসলি জমি তিন ফসলি জমিতে পরিণত হয়। এ প্রকল্পের সুবিধাপ্রাপ্ত পরিবারের সংখ্যা ১০০। তবে প্রকল্প বাস্তবায়নের দুই বছরের মাথায় ২০০৯ সালে বজ্রপাতে গভীর নলকূপের মোটর নষ্ট হয়ে যায়। হিল টাচ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকুল কান্তি দেওয়ান জানান, ‘নলকূপের মোটর নষ্ট হওয়ার পর আমরা বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির সঙ্গে যোগাযোগ করি। তারা এসে মোটরটি খুলে মেরামতের জন্য নিয়ে যায়। এখনো ফিরিয়ে দেয়নি। এ কারণে সেচ প্রকল্পটি গত দুই বছর ধরে বন্ধ আছে।’ প্রকল্পের সুবিধাভোগী কৃষক বসন্ত চাকমা জানান, ‘নলকূপ নষ্ট হয়ে যাওয়ায় প্রকৃতির ওপর নির্ভর করে বছরে একবার ফসল ফলাতে পারছি।’ তাঁর দাবি মাইনী নদী থেকে বিকল্প উপায়ে পানি সরবরাহ করা হোক।শান্তিপুর এলাকার কৃষকেরা জানান, মাইনী নদীর পানি সরবরাহের ব্যবস্থা করা হলে তাঁরা আবার বছরে তিন বার ফসল ফলাতে পারবেন।