ব্যায়াম করাতে সম্প্রচার বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবার ভাবুন তো, দেশ-বিদেশের খবর জানতে কিংবা পছন্দের কোনো অনুষ্ঠান দেখতে সকালবেলা প্রিয় টেলিভিশন চ্যানেল খুলে বসলেন। আর ঠিক তখনই রীতিমতো ব্যায়াম করার পরামর্শ দিয়ে এক ঘণ্টার জন্য ব্ল্যাকআউট, অর্থাৎ সম্প্রচার বন্ধ করে দিল চ্যানেলটি। কেমন লাগতে পারে? উদ্ভট মনে হলেও যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক আইটিভি ঠিক এই কাণ্ডটিই করেছে।
সম্প্রতি শেষ হওয়া রিও অলিম্পিকে ‘টিম জিবি’র সাফল্যে গত শনিবার যুক্তরাজ্যজুড়ে হাজারো স্পোর্টস ক্লাব সাধারণ মানুষকে ক্লাব অঙ্গনে বিনা মূল্যে খেলাধুলা ও ব্যায়াম করার সুযোগ দেয়। দর্শকদের এই সুযোগ নিতে অনুপ্রাণিত করতেই আইটিভি ওই দিন সকালে এক ঘণ্টার জন্য নিজেদের সাতটি চ্যানেলের সবগুলোর সম্প্রচার বন্ধ করে দেয়। আইটিভি-ই ছিল স্পোর্টস ক্লাবগুলোর এই উদ্যোগের স্পনসর।
ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ১৯৯৯ সাল থেকে নিজেদের ‘গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড অলিম্পিক টিমের’ জন্য ‘টিম জিবি’ ব্র্যান্ড নাম ব্যবহার করে আসছে।
অবশ্য আইটিভির সম্প্রচার বন্ধ করার ঘটনায় নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন যুক্তরাজ্যের মানুষ। টুইটারে এ নিয়ে মজাও করেছেন অনেকে। এক ব্যবহারকারী লিখেছেন, আইটিভি ব্যায়াম করাতে সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এ জন্য তিনি উঠে টিভির সামনে গিয়ে ঘুরে দাঁড়ান।
অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘আইটিভি সম্প্রচার বন্ধ করতেই আমি রিমোটটা হাতে নিলাম, চ্যানেল বদলালাম এবং আবার সোফায় গা এলিয়ে দিলাম।’
তাই বলে সবাই এমনটা করেননি। অনেকেই বাড়ির কাছের স্পোর্টস ক্লাবে গিয়ে সত্যিই খেলাধুলায় অংশ নিয়েছেন, ব্যায়াম করেছেন। স্পোর্টস পোশাক গায়ে নিজেদের হাস্যোজ্জ্বল ছবিও শেয়ার করেছেন তাঁরা।