ব্যায়ামের পোশাকটা যেমন
শীতকালে চারপাশের আবহাওয়ার মতো শরীরটাও যেন আড়ষ্ট হয়ে থাকে। সবকিছুতেই ভারি আলস্য। তবে এটা কাটিয়ে উঠতে ব্যায়ামের বিকল্প নেই। আর শীতের সব আড়ষ্টতা কাটাতে ব্যায়ামের কোনো বিকল্প নেই। শরীরকে চাঙা আর ঝরঝরে রাখতে তাই অনেকেই একটু-আধটু ফ্রি হ্যান্ড ব্যায়াম করে থাকেন। অনেকে আবার ব্যায়ামের সঙ্গে শীতের সকালে খোলা পার্কে বা রাস্তায় হাঁটতে পছন্দ করেন। আর যাঁরা নিয়মিত ব্যায়াম করেন, তাঁরা তো জিমেই যাবেন।শিশিরভেজা খোলা জায়গায় হাঁটলে বা ব্যায়াম করলে অসুস্থ হয়ে যেতে পারেন। ঠান্ডা-কাশির মতো নানা সমস্যা জেঁকে বসতে পারে। আর শরীরটা সুস্থ রাখার পরিবর্তে হয়ে যেতে পারেন আরও অসুস্থ। তাই হাঁটা বা ব্যায়ামের আগে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষ করে, পোশাকের দিকে নজর রাখা উচিত। পারসোনা হেলথের হেড অব জিম তানজিনা চৌধুরী বলেন, ‘গরমে অল্প সময় ব্যায়াম বা হাঁটাহাঁটি করলে শরীর থেকে প্রচুর ঘাম বেরিয়ে যায়। আর তাই শীতকালকে অনেকেই ব্যায়ামের উপযুক্ত সময় মনে করেন। ব্যায়াম করলে অল্প সময়ের মধ্যে শরীরের ভেতরে তাপ উৎপন্ন হয়ে শরীর গরম হয়ে যায়।’ব্যায়ামের পোশাক নিয়ে তাঁর পরামর্শ হলো, শীতকালে খুব ভোরে খোলা জায়গায় হাঁটতে বা ব্যায়াম শুরু করার আগে ফুলহাতা টি-শার্ট পরে নেওয়া যেতে পারে। সঙ্গে ট্রাউজার বা থ্রি কোয়ার্টার প্যান্ট পরা যেতে পারে। আর এই পোশাকগুলো পাতলা গেঞ্জির কাপড়ের হলে ভালো। ঠান্ডা যদি বেশি থাকে সে ক্ষেত্রে হুডওয়ালা যেকোনো জ্যাকেট পরা যেতে পারে। আর পায়ে অবশ্যই থাকবে জুতা।অনেকে মনে করেন, ব্যায়ামের জন্য জুতার তেমন গুরুত্ব নেই। সাধারণ একটা জুতা পরলেই চলে। কিন্তু ব্যায়ামের সময় ভালো ব্র্যান্ডের নরম কেডস পরা প্রয়োজন। কেননা শরীরের পুরো চাপ পড়ে পায়ের ওপর। তাই পায়ের ভারসাম্য যাতে ঠিক থাকে সে জন্য মোজা পরে নেওয়াও ভালো। নইলে পায়ের চামড়া ছিলে যেতে পারে। বাটা বা পাওয়ার ব্র্যান্ডের জুতা এ জন্য বেশ ভালো। এ ছাড়া ট্রাউজার, টি-শার্ট পাবেন নানা খেলাধুলা সামগ্রীর দোকানে। ঢাকার বদরুদ্দোজা সুপার মার্কেটেও পাবেন এ ধরনের পোশাক।তবে শীতকাল বাদে অন্য সময়ে ফুলহাতা না পরে হাফ হাতার টি-শার্ট পরেও ব্যায়াম করা যায়।