রেসিপি
ব্রকলির সজীব স্বাদে
দেখতে ফুলকপির মতোই, একটু ছোট। ফুলগুলো গাঢ় সবুজ। এই সবজির নাম ব্রকলি। দেশে এখন বেশ ভালো পরিমাণেই উৎপাদিত হচ্ছে। সবুজ ব্রকলির খাবারে সতেজ ভাব ও স্বাস্থ্যকর উপাদান—পাওয়া যাবে দুটোই। ব্রকলি দিয়ে তৈরি কয়েক পদের খাবার থাকছে আজ। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার।
গার্লিক রোস্টেড পারমিজান ব্রকলি
উপকরণ: ব্রকলি ২৫০ গ্রাম, জলপাই তেল ২ টেবিল চামচ, গোলমরিচগুঁড়া আধা চা-চামচ, রসুনকুচি ১ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, পারমিজান চিজ আধা কাপ ও কোসের লবণ সামান্য।
প্রণালি: পারমিজান চিজ বাদে বাকি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। বেকিং ট্রেতে সামান্য জলপাই তেল মাখিয়ে নিন। মেখে রাখা উপকরণ ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১০-১৫ মিনিট বেক করে নামিয়ে নিন। পরিবেশন পাত্রে নিয়ে ওপর থেকে পারমিজান চিজ, সামান্য লেবুর রস ও জলপাই তেল ছড়িয়ে দিন।
ব্রকলি কিটো পিৎজা
উপকরণ: ব্রকলি ৫০০ গ্রাম, মোজারেলা চিজ ১ কাপ, ডিম ১টি, জলপাই তেল ২ চা-চামচ, মাখন আধা চা-চামচ, চিলিফ্লেক্স সামান্য, রসুনগুঁড়া ও লবণ স্বাদমতো।
প্রণালি: ব্রকলির ফুলগুলো ভালোভাবে কুচি করে ২০ সেকেন্ড ভাপিয়ে পানি চিপে নিন। এবার এতে মোজারেলা চিজ কুচি, ডিম, জলপাই তেল, লবণ ও রসুনগুঁড়া মেখে ডো বানিয়ে নিন। বেকিং ট্রেতে সামান্য মাখন ব্রাশ করে ডো ৮ থেকে ৯ ইঞ্চি পরিমাণ ছড়িয়ে দিন। ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১০-১৫ মিনিট বেক করে নামিয়ে নিন। এবার এর ওপর পিৎজাসস ছড়িয়ে দিন। চিজ দিয়ে আরও ৪/৫ মিনিট বেক করে নামিয়ে নিন। পরিবেশন করুন।
ব্রকলি ফ্রায়েড রাইস
উপকরণ: ব্রকলি ২৫০ গ্রাম, চিংড়ি কিউব ১ কাপ, গাজরকুচি ১ টেবিল চামচ, মাখন ২ টেবিল চামচ, আদাগুঁড়া আধা চা-চামচ, রসুন আধা চা-চামচ, সাদা গোলমরিচগুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, সয়াসস ১ চা-চামচ ও লবণ স্বাদমতো।
প্রণালি: ব্রকলির ফুলগুলো কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মিক্সিতে ব্লেন্ড (চালের মতো ঝরঝরে) করে নিন। প্যানে মাখন দিয়ে পেঁয়াজ ও রসুনকুচি দিয়ে মুরগির কিউবসহ বাকি উপকরণ দিয়ে নাড়ুন। এবার গুঁড়া করা ব্রকলি এবং স্বাদমতো লবণ দিয়ে খুব সাবধানে নেড়ে ঢেকে দিন। দুই মিনিট পর নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন
ব্রকলি বাইটস
উপকরণ: ব্রকলি ২৫০ গ্রাম, আদাগুঁড়া আধা চা-চামচ, রসুন আধা চা-চামচ, সাদা গোলমরিচগুঁড়া আধা চা-চামচ, পারমিজান চিজ ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ২ কাপ, মাখন ২ চা-চামচ ও বাদামি চিনি আধা কাপ।
প্রণালি: ব্রকলির ফুলগুলো ছোট ছোট করে কেটে পানি ঝরিয়ে রাখুন। এবার তেল বাদে বাকি সব উপকরণ ভালো করে মেখে নিন। একটি একটি করে গরম তেলে ছাড়ুন এবং মুচমুচে করে ভেজে নিন। অন্য প্যানে মাখন গলিয়ে নিন। বাদামি চিনি, সামান্য লবণ ও সস তৈরি করে নিন। ভেজে রাখা ব্রকলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এক মিনিট পর সাজিয়ে পরিবেশন করুন।