ব্রণ তারুণ্য ধরে রাখে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কৈশোরে মুখমণ্ডলে ব্রণ—অতিপরিচিত এক সমস্যা। ওই বয়সে এটা নিয়ে দুশ্চিন্তায় পড়াটা স্বাভাবিক। কিন্তু সমস্যাটা শাপে বরও হতে পারে। কারণ, একজন পূর্ণবয়স্ক মানুষ নিজের সেই ব্রণ হওয়ার স্মৃতি নিয়ে আনন্দিত হতে পারেন।
কারণটা কী? কিংস কলেজ লন্ডনের একদল গবেষক ইঙ্গিত দিলেন, মুখে ব্রণের দাগ থাকে যেসব কিশোর-কিশোরীর, পরবর্তী জীবনে অন্যদের তুলনায় তাদের চেহারা বেশি সজীব দেখায়।
বিশেষজ্ঞরা দাবি করেন, ব্রণ যাঁদের শরীরে থাকে, বুড়িয়ে যাওয়া প্রতিরোধে তাঁদের শরীরে একধরনের জন্মগত সুরক্ষার ব্যবস্থা থাকে। তার মানে, বলিরেখা বা চামড়া কুঁচকে যাওয়ার মতো সমস্যায় তাঁরা আক্রান্ত হন অনেক দেরিতে, অন্যদের তুলনায়। কিন্তু কেন?
১ হাজার ২০৫ জন নারী যমজের ওপর ওই গবেষণায় ব্রণ সমস্যায় আক্রান্ত কয়েকজনের রক্তের কোষ সংগ্রহ করে দেখা যায়, তাঁদের ক্রোমোজোমের প্রান্তে সুরক্ষা আবরণ বা টুপিগুলো আর নেই। এসব আবরণ টেলোমেরেস নামে পরিচিত। এগুলো জুতার ফিতার প্রান্তে লাগানো প্লাস্টিকের আবরণের মতো, যা ফিতার সুতাগুলোকে ছড়িয়ে যাওয়া থেকে বিরত রাখে। ক্রোমোজোমের ক্ষেত্রে এভাবেই ক্ষয়রোধ হয়। টেলোমেরেস সময়ে সময়ে সংকুচিত হয় এবং যাঁদের টেলোমেরেস লম্বা, তাঁদের বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াটা অন্যদের চেয়ে ধীরগতির হয়ে যায়। উপসংহার হিসেবে বলা যায়, যেসব কিশোর-কিশোরীর গালে-মুখে ব্রণ আছে, তারা বেশি দিন তারুণ্য ধরে রাখতে পারবে।
কিংস কলেজ লন্ডনের ওই গবেষণায় অংশগ্রহণকারী নারী যমজদের চার ভাগের এক ভাগের ব্রণ ছিল। তাঁদের ত্বকের নমুনা পরীক্ষা করে দেখা যায়, পি৫৩ নামের একটি জিন বিশেষ প্রক্রিয়ায় কোষের মৃত্যু নিয়ন্ত্রণ করে। টেলোমেরেস খুব বেশি ছোট হলে এই জিন বেশি সক্রিয় হয়ে পড়ে। অবশ্য ব্রণ আক্রান্ত ত্বকে পি৫৩ কম সক্রিয় থাকে।
চর্মরোগ বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে জানেন যে ব্রণওয়ালা ত্বকের বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়া ধীরে ধীরে ঘটে। কিন্তু এত দিন পর্যন্ত তাঁরা এ বিষয়ে নিশ্চিত ছিলেন না। কিংস কলেজ লন্ডনের গবেষক সিমোন রিবেরো বলেন, ‘আমাদের গবেষণায় দেখা যাচ্ছে, টেলোমেরেসের দৈর্ঘ্য ব্রণ-আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে। হয়তো এ কারণেই তাঁরা বেশি দিন তারুণ্য ধরে রাখতে পারেন।’
গবেষক ভেরোনিক বাতাই বলেন, তুলনামূলক বেশি লম্বা টেলোমেরেসগুলো সম্ভবত ত্বকের অকালবার্ধক্যের বিরুদ্ধে সুরক্ষা তৈরির ক্ষেত্রে একটা কারণ হিসেবে কাজ করে। অবশ্য এ বিষয়ে আরও বিশদ গবেষণা ও অনুসন্ধান প্রয়োজন।