
সম্পৃক্ত উপদেষ্টা কর্মকর্তা–কর্মচারীদের সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন উন্নয়ন সংগঠন প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাহিত্যিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যমের প্রতিনিধিদের কথামালা, ফানুস ওড়ানোসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উন্নয়ন সংগঠন ব্রাইট বাংলাদেশ ফোরামের (বিবিএফ) ১৬তম বর্ষপূর্তি অনুষ্ঠান ৮ জানুয়ারি বিকেলে সংস্থার কাতালগঞ্জের প্রধান কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি বার্তা সম্পাদক কলিম সরওয়ার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার।
অনুষ্ঠানের শুরুতে ছিল সংস্থার শিশু ও কিশোর-কিশোরীদের সূচনা সংগীত ও দেশাত্মবোধক গান। স্বাগত বক্তব্য দেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য নাসরিন সুলতানা খানম। সংস্থার সূচনা থেকে বর্তমান সময় পর্যন্ত কার্যক্রম সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করেন প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া। সংস্থার ব্যবস্থাপক (ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন) ইমরান হায়দার খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংস্থার বর্তমান কাজের ক্ষেত্র, কর্ম এলাকাসহ লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলেন সংস্থার ব্যবস্থাপক (প্রোগ্রাম) সোহাইল উদ দোজা।
বর্ষপূর্তি অনুষ্ঠানের বিভিন্ন পর্ব সমন্বয় করেন সংস্থার ব্যবস্থাপক (প্রোগ্রাম) আসাদুজ্জামান, প্রকল্প সমন্বয়কারী সৈয়দ আসাদুল হক, কর্মসূচি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা মামুন আল রশিদ, অ্যাডমিন অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের সিরাজুল ইসলাম ও বাপ্পু ভট্টাচার্য। বিজ্ঞপ্তি