ব্রাজিল-আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানি না কেমন করে আমার সব পছন্দ-অপছন্দ অদিতির সঙ্গে মিলে যায়। রাজ কাপুর, আমির খানের আমি অন্ধ ভক্ত, অদিতিও। আমরা দুজনই বাপ্পা মজুমদারের গান ভীষণ পছন্দ করি। হিঁদল ভর্তা, ছোট মাছের চচ্চড়ি হলে আমি যেমন কয়েক গামলা ভাত একাই খেতে পারি, সেও। আমার সবচেয়ে অপছন্দের খাবার দুধ। আম্মার ঝাড়ির ভয়ে নাক চেপে ধরে আমি সামান্য দুধ খেলেও অদিতি দুধ খেতেই পারে না। দুধ খেলেই ও বমি করে সব বের করে দেয়। শুধু একটা বিষয়ে আমাদের দুজনের মধ্যে দারুণ অমিল। ফুটবল বিশ্বকাপে ওর পছন্দের দল আর্জেন্টিনা আর আমার ব্রাজিল। ওর যুক্তি, ‘নব্বই মিনিট ধরে কয়েকটা কালো ভূতের নাচন দেখার কোনো মানে হয় না। আর্জেন্টিনার সব খেলোয়াড় কত কিউট!’ মেয়েরা এমনই হয়। আচ্ছা বাবা, যদি চেহারাই দেখবি তো ফুটবল খেলা কেন, বসে বসে কোনো বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা দেখ। ফুটবলের শৈল্পিক প্রদর্শনী দেখতে হলে তো ব্রাজিলের খেলাই দেখতে হবে। সামনে আরেকটা বিশ্বকাপ। প্রথম খোঁচাটা ওকে আমিই দিলাম। বললাম, ‘কিরে, অনেক কষ্টে তোর দল মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে, গ্রুপ পর্ব পার হতে পারবে তো?’ ও বলল, ‘এবার আর বিশ্বকাপ খেলা দেখা হবে না রে, বিশ্বকাপের মাসেই আমার ফাইনাল পরীক্ষা।’ ধ্যাৎ! মেডিকেলে এত পড়ার চাপ! ভাগ্যিস মেডিকেলে পড়ি না। এবারও আমাদের জামগাছটায় উড়বে ব্রাজিলের বিশাল পতাকা, তবে আমার মনে উড়বে আর্জেন্টিনার পতাকা। পাগলিটার হয়ে আর্জেন্টিনার খেলায় হয়তো বা আমিই হাততালি দেব। অদিতির জন্যই চাইছি, আর্জেন্টিনা যেন ফাইনালে ওঠে। তবে হ্যাঁ, ফাইনালে কিন্তু আর্জেন্টিনাকে হারতেই হবে ব্রাজিলের কাছে। রোদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ।