
ব্রাজিলের পতাকা ওড়ালেন আর্জেন্টিনা সমর্থক
রস+আলো প্রতিবেদক
প্রিয় দলের পতাকা বানানোর জন্য নিজের জায়গা-জমি বিক্রি করে দিয়েছেন, এটা পুরোনো খবর। কিন্তু দুই চোখে দেখতে পারেন না এমন দলের পতাকা বানানোর জন্য জমি বেচে দিয়েছেন, এমন এক খবরও আমরা পেলাম। এমনটিই ঘটেছে ধুধুচর থানার পটলতোলা গ্রামে। কাণ্ডটি ঘটিয়েছেন গ্রামের কৃষক কালু শেখ। ‘কেন এ ধরনের উদ্যোগ নিলেন?’ এমন প্রশ্নের জবাবে কালু শেখ বলেন, ‘আমার যহন কাপড় পরার বয়স হয় নাই তহন থেইকা লালু আমার ফ্রেন্ড। লালু আর আমার বাড়ি পাশাপাশি। কিন্তু অয় ব্রাজিলের সাপোর্টার আর আমি আর্জেন্টিনার। এই বছর লালুরে টিচিং দেওনের লেইগা আমি দুইটা গরু বেইচা অর বাড়ির সামনে বিশাল একটা আর্জেন্টিনার পতাকা লাগাইছিলাম। কিন্তু কয় দিন পর দেহি, আমার গরুর মতো আর্জেন্টিনাও নাই। সেইটা কথা না। পরে যখন ব্রাজিলও গেলোগা, তহন লালু চিক্কুর পাইড়া কান্দাকাটি করছে। অর কান্দাকাটি দেইখা আমি আর নিজেরে ধইরা রাখতে পারি নাই, জমি বেইচা ব্রাজিলের পতাকা বানাইছি। পতাকা দেইখা লালু খুশি হইছে, আমিও খুশি হইছি।’

ব্রাজিলের বিদায়ে আর্জেন্টিনা ভক্তদের শোক
রস+আলো প্রতিবেদক
কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, তার ভক্তরাও এখন মুমূর্ষুপ্রায়। এমন অবস্থায় এক দিনের জন্য শোক ঘোষণা করেছে বাটিভাঙা এলাকার আর্জেন্টিনা ভক্তসমাজ। শুরুতে তাদের এই উদ্যোগকে নির্মম রসিকতা ভেবেছিলেন ব্রাজিল ভক্তকুল। কিন্তু পরে তাঁরা রস+আলোর কাছে স্বীকার করেন, আর্জেন্টিনার সমর্থকদের শোক ছিল নেইমারের কথায় কথায় পড়ে যাওয়ার মতোই অকৃত্রিম। শোক উপলক্ষে আর্জেন্টিনা সমর্থকেরা কালো ব্যাজ ধারণ, আর্জেন্টিনার পতাকা নামিয়ে ফেলা এবং বেশি হলুদ দেওয়া খিচুড়ি রান্না করে ব্রাজিল সমর্থকদের মধ্যে বিতরণ করেন। খিচুড়ি বিতরণের সময় খানিকটা পাল্টাপাল্টি ধাওয়া হলেও বাকি কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। আগামী চার বছর একটু শান্তিতে ঘুমাতে পারবেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
চন্দ্রমুখী ফিরে গেলেন চুনিলালের কাছে
রস+আলো প্রতিবেদক
সম্প্রতি বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন মাঝারি পর্দার জনপ্রিয় অভিনেত্রী চন্দ্রমুখী। অথচ বছরখানেকও হয়নি চুনিলালের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। তাহলে কী এমন ঘটল যে এত তাড়াতাড়ি বিবাহবিচ্ছেদ হতে যাচ্ছে? রস+আলো গোপন সূত্রে জানতে পেরেছে, বিশ্বকাপ নিয়েই মূলত চন্দ্রমুখী-চুনিলালের দ্বন্দ্ব শুরু। চুনিলাল ব্রাজিলের মরণাপন্ন ভক্ত, অন্যদিকে চন্দ্রমুখী প্রথমে আর্জেন্টিনা, পরে পর্তুগালের ভক্ত। কিন্তু একই দিনে আর্জেন্টিনা ও পর্তুগাল বাদ পড়ে গেলে চুনিলালের টিটকারিতে তাঁদের দাম্পত্যজীবনে নেমে আসে রাতের আঁধার। চন্দ্রমুখী সেদিনই বাক্সপেটরা এবং মেকআপ বক্স গুছিয়ে বাপের বাড়ি চলে আসেন। এবং ফেসবুকে বিভিন্ন ব্রাজিলবিদ্বেষী পোস্ট দিতে থাকেন। তবে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিদায়ে শোকাহত চুনিলালকে দেখে চন্দ্রমুখীর মনে আবারও পুরোনো প্রেম জেগে ওঠে। ফিরে যান আবার চুনিলালের কাছে।
আগামী বিশ্বকাপ পর্যন্ত চুনিলাল-চন্দ্রমুখী দম্পতির মাঝে আর কোনো ঝামেলা হবে না, এমনটাই আশা তাদের ভক্তদের।

ব্রাজিলের বিদায়ে জোড়া লাগল ভেঙে যাওয়া বিয়ে
রস+আলো প্রতিবেদক
কাপভাঙাপুরের টিটু ও মিতু কলেজপড়ুয়া। তাঁরা প্রেম করছিলেন চার বছর ধরে। অবুঝ এই জুটির পছন্দকে সম্মান জানিয়ে দুই পরিবার মিলে সিদ্ধান্ত নেয়, টিটু-মিতুকে বিয়ে দেবে। সবকিছু যখন ঠিকঠাক তখন সোফায় বেঁকে বসেন মিতুর বড় চাচা, যিনি আর্জেন্টিনার সুপার গ্লু সমর্থক। টিটু ব্রাজিলের সমর্থক শুনে বিয়েতে ‘না’ বলেন তিনি। ভেঙে যেতে বসে তরুণ জুটির হৃদয়।
এ কারণেই কি না, ব্রাজিল বিদায় নিল কোয়ার্টার ফাইনাল থেকে। আর কপাল খুলে যায় টিটুর। ব্রাজিলের হারের পর তিনি দুই রাত ঘুমাননি, মুখে তোলেননি কোনো দানাপানি। এ খবর পেয়ে টিটুর বাসায় ছুটে যান মিতুর বড় চাচা। ভাইঝির পছন্দের ছেলের এহেন উদার মানসিকতায় মুগ্ধ হয়ে যান তিনি। সেদিনই সিদ্ধান্ত দেন, ‘এই বিয়ে হবে।’
রস+আলোর এই প্রতিবেদক টিটু-মিতুর কাছে তাঁদের অনুভূতি জানতে চাইলে টিটু বলেন, ‘মিতু আর্জেন্টিনার সমর্থক। ও খুব ধৈর্য্যশীল। ওর সঙ্গে একটা ছন্দময় দাম্পত্যজীবন কাটাতে পারব বলে বিশ্বাস করি।’
মিতুও টিটুর প্রশংসা করে বলেন, ‘টিটু ব্রাজিলের সমর্থক। ও পরিশ্রমী এবং সৎ। এ রকম একটা ছেলের সঙ্গেই বাকিটা জীবন কাটাতে চেয়েছিলাম আমি।’
শেষ খবর পর্যন্ত জানা গেছে, মিতুর বড় চাচা টিটুর জন্য হলুদ রঙের শেরওয়ানি এবং মিতুর জন্য আকাশি রঙের শাড়ির অর্ডার দিয়েছেন।