ব্রাজিল যখন নতুন আমেরিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৬ বছর মিসৌরি অঙ্গরাজ্যের একটি ফুড চেইনে প্রধান পাচক হিসেবে কাজ করছিলেন মার্কিন নাগরিক টড হারকিন। দুই বছর আগে তিনি খেয়াল করলেন, তাঁর প্রতিষ্ঠানের ব্রাজিল শাখার কর্মীদের বেতন ও সুযোগ-সুবিধা বেশি। হারকিন এ ব্যাপারে খোঁজখবর শুরু করলেন। কোম্পানির কাছে আগ্রহ দেখানোর পর কর্তৃপক্ষ তাঁকে ব্রাজিল পাঠাতে রাজিও হয়ে গেল। ২০০৯ সালে স্ত্রী মেলিসাকে নিয়ে ব্রাজিলের বাণিজ্যিক রাজধানী সাও পাওলোতে পাড়ি জমান টড হারকিন। আমেরিকান-মেক্সিকান দম্পতি হোসে ও মার্সেলা লিজারাগাও গত বছর যুক্তরাষ্ট্রের ডালাস থেকে ব্রাজিলে পাড়ি জমান। হোসে লিজারাগাও একটি হোটেল কোম্পানিতে কাজ করতেন। প্রতিষ্ঠানটি তাদের লাতিন আমেরিকান সদর দপ্তর ডালাস থেকে সরিয়ে নেয় ব্রাজিলে।সম্প্রতি এভাবে যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিলে পাড়ি জমিয়েছেন অনেকেই। কিন্তু কেন তা ঘটছে? কারণ খুবই পরিষ্কার। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দা এখনো কাটেনি। বেকারত্বের হার এখন ৯ শতাংশ। মন্দা কাটাতে দেশটির আপ্রাণ চেষ্টা আশানুরূপ ফল দেয়নি। অন্যদিকে ব্রাজিলের অর্থনীতির অবস্থা সাম্প্রতিক সময়ে বেশ মজবুত।ব্রাজিলের শ্রম মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০১০ সালে সাত হাজার ৫৫০ জন মার্কিন নাগরিক ব্রাজিলে কাজের ভিসা নিয়ে আসেন। এর আগের বছর কাজের ভিসা দেওয়া হয়েছে পাঁচ হাজার ৫৯০ জন মার্কিন নাগরিককে। ২০০৬ সালে ছিল মাত্র সাড়ে তিন হাজারের মতো। ব্রাজিলে এখন যত বিদেশি বৈধভাবে কাজ করছেন, তাঁদের অধিকাংশই যুক্তরাষ্ট্র থেকে আসা।প্রভাবশালী জনশক্তি নিয়োগকারী রাসেল রেনল্ডসের কর্মকর্তা জ্যাক সারফাত্তি বলেন, ‘আমরা সব সময় দেখে এসেছি, কাজের সন্ধানে ব্রাজিলে ইউরোপীয়রা আসছেন, মার্কিনরা নন। এখন তাঁরাও অনেক সুযোগ দেখে আসছেন।’বিদেশি কর্মীদের আগ্রহের একটি বড় জায়গা হচ্ছে জ্বালানি খাত। ব্রাজিলের তেল ও গ্যাস অনুসন্ধান শিল্প দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এ জন্য দক্ষ বিদেশিরা এখানে ভিড় জমাচ্ছেন। রিও ডি জেনিরো-ভিত্তিক প্রতিষ্ঠান ‘ওয়েলকাম এক্সপ্যাটস’ বিদেশি শ্রমিকদের ব্রাজিলে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মনিকা ডি মেলো জানান, ২০০৯ সালের পর থেকে ব্রাজিলে বিদেশি শ্রমিকের চাহিদা দ্বিগুণ হয়েছে। আর তা হয়েছে মূলত তেলশিল্পের জন্য। তবে মার্কিন নাগরিকদের সবার জন্য ব্রাজিলের মতো বিভূঁইয়ে নুতন জীবন শুরু করা খুব সহজ হচ্ছে না। ভাষাগত ও সাংস্কৃতিক ব্যবধান তো আছেই। আমলাতন্ত্র, বড় শহরগুলোতে জীবনযাত্রার অত্যধিক ব্যয় ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগও স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।লিজারাগা দম্পতি জানান, ডালাসের চেয়ে ছোট বাড়িতে থাকলেও সাও পাওলোতে সেখানকার দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে তাঁদের। রেস্তোরাঁয় খাবারের দাম বা পরিবহনের খরচও তুলনামূলকভাবে অনেক বেশি। তবে ব্রাজিলীয়দের অতিথিপরায়ণতা খুব ভালো লেগেছে এ মার্কিন দম্পতির।ব্রাজিল নিজের দেশ হলেও টড হারকিনের স্ত্রী মেলিসা মিসৌরির শান্ত ও নিরিবিলি পরিবেশের অভাব খুব অনুভব করেন। স্বামীর সঙ্গে এক বছরের কিছু কম সময় তিনি মিসৌরিতে ছিলেন। ওই সময়ে জায়গাটিকে খুব ভালোবেসে ফেলেছিলেন তিনি। জনবহুল বন্দরনগর সাও পাওলোর ট্রাফিক জ্যামে যখন ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন, তখন বিষয়টি আরও বেশি করে অনুভব করেন।