
আর্জেন্টিনা দলের অধিনায়ক আইরিন। তাঁর দল জিতেছে। রংপুর থেকে আসা এই মেয়েটি ভবিষ্যতে খেলোয়াড় হতে চায়। সে বলে, ‘আমাদের গ্রামের অনেকে বলেন, এর বিয়ে হবে না। ওসব কথায় কান দিই না। তা না হলে খেলা ছেড়ে দিতে হতো।’ আইরিনের মতো আরও কিশোরীরা আসে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ খেলতে। মনে হতে পারে এটি কোন খেলার কথা বলা হচ্ছে। পত্রপত্রিকা ও টেলিভিশনের সুবাদে ইতিমধ্যে অনেকেই এই খেলার কথা জানেন। ফিফা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্র্যাকের আয়োজনে ঢাকার টিঅ্যান্ডটি স্কুলমাঠে ২৭ জুন অনুষ্ঠিত হয় এই ফুটবল খেলা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কিশোরীরা এতে অংশ নেয়।
২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে সোনালি কাপটার দখল নিয়ে নিল আইরিনদের আর্জেন্টিনা দল। খেলায় জিতলেও ভবিষ্যতে খেলোয়াড় হতে পারবে কি না—এমন শঙ্কা এই কিশোরীদের মনে।
শুধু আইরিন নয়, শ্যামলী বসাক, জান্নাতুল ফেরদৌসও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয় প্রতিদিন। আশার কথা হলো, তারা পরিবারের সমর্থন পায় পুরোপুরি। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল এখন আন্তর্জাতিক পর্যায়ে খেলছে। কে জানে, হয়তো আজকের আইরিন, শ্যামলীরাই হবে কালকের জাতীয় দলের খেলোয়াড়। এমন স্বপ্ন তো আমরা দেখতেই পারি।