ব্রাজিলে বিশ্বকাপের জ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ফুটবল ২০১৪ উপলক্ষে প্রকাশিত প্রথম আলোর ম্যাগাজিন
বিশ্বকাপ ফুটবল ২০১৪ উপলক্ষে প্রকাশিত প্রথম আলোর ম্যাগাজিন

কোপাকাবানা বিচটা কি খুব সুন্দর?
—হ্যাঁ, খুব সুন্দর।
ব্রাজিল দেশটাই তো খুব সুন্দর, তাই না?
—আছে...।
খুব মজা করে ঘুরলেন, না?
—হুঁ।
সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ততর হতে থাকা উত্তর প্রশ্নকর্তার উৎসাহে জল ঢেলে দেয়। রাগও নিশ্চয়ই হয়। এই বিশ্বে রাগ প্রকাশে অমিতব্যয়ী তো আর আমি একা নই। অনেকে সাড়ম্বরে তা প্রকাশও করেন—‘বিশ্বকাপ ফুটবল কাভার করে এসেছে বলে ভাবে বাঁচে না!’
কীভাবে বোঝাই, ভাবটাব কিছু নয়। বিশ্বকাপ ফুটবল কি এটাই প্রথম নাকি! ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপও কাভার করেছি। তা নিয়ে আমার একটা বইও আছে। ব্রাজিল বিশ্বকাপ নিয়েও লেখার পরিকল্পনা ছিল। যেটি কোপাকাবানা সৈকতের পাশের উত্তাল আটলান্টিকে ছুড়ে ফেলে এসেছি। ব্রাজিল নিয়ে প্রশ্নে অমন ‘হঁা-হুঁ’ উত্তর আর বই না-লেখার কারণ অভিন্ন। ব্রাজিল টুরটা আমি ভুলে যেতে চাই।
‘আমাদের মধুরতম সংগীতগুলো গভীরতম দুঃখের কথা বলে’–জাতীয় কী একটা কথা আছে না কবি শেলির, সেটি আমার ক্ষেত্রে একেবারেই খাটছে না। ব্রাজিল থেকে ফিরেছি মাস চারেক হতে চলল, আমার কাছে ‘দুঃখের গল্প’টা এখনো দুঃখই হয়ে আছে। পেছন ফিরে তাকালে বিশ্বকাপের রংবেরং সব ছবিকে কনুই মেরে সামনে এসে দাঁড়ায় ওই দিনটি—বেলো হরিজন্তের হোটেলের বিছানায় ফ্লুতে বিপর্যস্ত-নিঃসঙ্গ আমি ফুঁপিয়ে কাঁদছি!
পুরুষ মানুষের কান্না বেশির ভাগ সময়ই চিত্তদৌর্বল্যের পরিচায়ক। কখনো কখনো হাসির কারণও। এখানে বোধ হয় একটু বিরক্তি উৎপাদকও—ভারি তো একটু ফ্লু হয়েছে, সে জন্য আবার কান্নাকাটি!

বিশ্বকাপ নিয়ে বাংলাদেশেও ছিল উন্মাদনা। গঁাটের পয়সায় অংশগ্রহণকারী দেশের পতাকা উড়িয়েছিলেন ঢাকার এক ভক্ত। ছবি: কবীর শাহরীয়ার
বিশ্বকাপ নিয়ে বাংলাদেশেও ছিল উন্মাদনা। গঁাটের পয়সায় অংশগ্রহণকারী দেশের পতাকা উড়িয়েছিলেন ঢাকার এক ভক্ত। ছবি: কবীর শাহরীয়ার


কথাটা খুবই যৌক্তিক। ফ্লু হলেই আমি কাঁদতে শুরু করি, ব্যাপারটা মোটেই এমন নয়। বেলো হরিজন্তের গো ইন দেল রে হোটেলের বেডে কাতরাতে থাকা আমার চোখের ওই জল যত না রোগযন্ত্রণায়, তার চেয়ে বেশি মনমতো লিখতে না পারার দুঃখে। তারও চেয়ে বেশি আসন্ন ভ্রমণসূচির আতঙ্কে। মনমতো তো পরের কথা; শরীরের তখন এমন অবস্থা যে, ছাইপাঁশ যা-ই হোক কিছু লিখে বিশ্বকাপটা আদৌ শেষ করতে পারব কি না, তা নিয়েই মনে ঘোর সংশয়।
ডাক্তার দেখিয়েছি, ওষুধপথ্যের সঙ্গে জানা ব্যবস্থাপত্রটাই দিয়েছেন। প্রচুর তরল পান এবং পরিপূর্ণ বিশ্রাম। বিশ্রাম! আগের ২৩ দিনে তা-ও দু-একটা শহরে পাঁচ-ছয় দিন থিতু হওয়ার সুযোগ মিলেছে। পরের নয় দিনে আমার ছয়টি ফ্লাইট। চারটি ভেন্যুতে রীতিমতো চরকি পাক। কোনোটায় এক দিন, কোনোটায় বা দুই দিন এবং আমি একদম একা। এয়ারপোর্টে যাও, প্লেনে ওঠো, আরেক এয়ারপোর্টে নেমে হোটেলে দৌড়াও, চেক ইন করেই ছোটো স্টেডিয়ামে—এর সঙ্গে লেখার ‘সামান্য’ ব্যাপারও আছে। সময় পার্থক্যের কারণে যেটির জন্য আবার সাতসকালে উঠতে হয়। কীভাবে যে পেরেছি, এখন ভাবলে একটু বিস্ময়ই জাগে। দুঃসহ স্মৃতিগুলোও ডানা ঝাপটায়। শরীরটা যে-ই একটু ভালো (মানে ‘কম খারাপ’ আরকি!) লাগতে শুরু করে, তখনই এয়ারপোর্ট-প্লেন আর অন্য শহরের ভিন্ন তাপমাত্রায় পুনমূর্ষিকোভব। বানরের তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার অঙ্কটাও খুব মনে পড়ে।
বিশ্বকাপ ফুটবল, তা-ও আবার ব্রাজিলে! দেশে থাকতেই ‘কী কপাল!’ ‘কী কপাল!’ শুনতে শুনতে কান ঝালাপালা। ব্রাজিলেও ফেসবুকের ইনবক্সে প্রায়ই মেসেজ পাই, ‘কী ভাই, খুব মজা করছেন, তাই না?’ ‘আপনাকে হিংসা হয়।’ পড়ি আর ভাবি, ২৬ জুন সন্ধ্যাবেলায় বেলো হরিজন্তে এয়ারপোর্টের মেডিকেল সেন্টারে বিধ্বস্ত আমার একটা ছবি তুলে পোস্ট করলেও কি ওই ‘হিংসা’টা থাকত!
মাত্রই ব্রাসিলিয়া থেকে এসে নেমেছি। সোয়া ঘণ্টার ফ্লাইট। অথচ আমার মনে হলো যেন সোয়া যুগ! প্লেন টেক অফ করার পরপরই দুই কানে তালা। দুই পাশ থেকে চাপ দিয়ে মাথাটা যেন গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কেউ। জীবনে এত প্লেনে উঠেছি, এমন তো হয়নি কখনো। অসহ্য ব্যথায় এমনই কঁকাতে শুরু করেছি যে, পাশের সিটের ব্রাজিলিয়ান তরুণ উদ্বিগ্ন কণ্ঠে ‘কী হয়েছে’ জানতে চাইছে। পরম সৌভাগ্যই বলতে হবে, মার্কিনপ্রবাসী বলে ওই তরুণের কাছে ইংরেজিটা বেশির ভাগ ব্রাজিলিয়ানের মতো ‘হিব্রু ভাষা’ নয়। ব্রাজিলে ১৯ দিনের অভিজ্ঞতা এটাও বলে দিচ্ছে, বেলো হরিজন্তেতে নেমে ইংরেজি জানা কাউকে পাওয়াটা হবে সাত জন্মের পুণ্যের ফল। পুণ্য-টুন্য আদৌ কিছু করেছি বলে নিশ্চিত না থাকায় ফার্নান্ডো নামে ওই তরুণকে বলে রাখলাম, প্লেন থেকে নেমেই যেন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এয়ারপোর্টে নিশ্চয়ই ডাক্তার-টাক্তার থাকবে।
শুধু ডাক্তার নয়, তিন-চারটি বেডসংবলিত একটা মিনি হাসপাতালই পাওয়া গেল। কানে তখনো তালা, অদৃশ্য কোনো শক্তির মাথা গুঁড়িয়ে দেওয়ার চেষ্টাও অব্যাহত। তরুণী ডাক্তার সমস্যার কথা শুনেই বেডে শুইয়ে দিল। কী হয়েছে, আমি তো জানিই। প্রেশার নির্ঘাত ২৫০ বাই ১৫০, স্ট্রোক-ফ্রোক হলো বলে! কিন্তু ডাক্তারকে দিয়ে তো প্রেশারই মাপানো যাচ্ছে না। আমি প্রেশার মাপার কথা বলে যাচ্ছি আর উনি কর্ণকুহরে টর্চ মেরে যাচ্ছেন। শেষ পর্যন্ত সম্ভবত আমার পীড়াপীড়িতেই প্রেশার মাপলেন এবং ঘোষণা করলেন, সমস্যাটা প্রেশারের নয়। বেশি ঠান্ডা লাগলে কানের পর্দাগুলো খুব নাজুক হয়ে যায়। প্লেনের ভেতরের কৃত্রিম বায়ুচাপে শ্রবণেন্দ্রিয়ের স্থায়ী ক্ষতির ঘটনাও খুব কমন। আমার ভাগ্য ভালো যে, ফ্লাইটটা বেশি লম্বা ছিল না। খাওয়ার এবং কানে দেওয়ার ওষুধ লিখে দিয়ে হাসি দিলেন, ‘ইউ আর ভেরি লাকি!’
কানে ড্রপ দিয়ে দেওয়ারও তো কেউ নেই। নিজে নিজে তা দিতে যাই, কানের বদলে গালে পড়ে। গড়িয়ে তা চোখের জলের সঙ্গে মিশে যায়। এমন কোনো পরিস্থিতিতে পড়েই যে রবীন্দ্রনাথ ‘এ পরবাসে রবে কে হায়’ গানটি রচনা করেছিলেন, এ ব্যাপারেও নিঃসন্দেহ হয়ে যাই।
সবকিছুই একসময় শেষ হয়, ‘পরবাস’-ও। যার শেষ কয়েকটি দিনে একটু আনন্দের ছোপ লাগে বন্ধু আনিসুল হকের সঙ্গ পেয়ে। কিন্তু ‘শেষ ভালো’ হলেই কি ‘সব ভালো’ হয়ে যায়? উত্তরটা বোধ হয় দেওয়া হয়ে গেছে।
উৎপল শুভ্র: ক্রীড়া সম্পাদক