ব্রাদারহুডের ওপর নির্যাতন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাদারহুডের সদস্যদের মৃত্যুদণ্ড দেওয়ার পর কান্নায় ভেঙে পড়েন তাঁদের স্বজনেরা
ব্রাদারহুডের সদস্যদের মৃত্যুদণ্ড দেওয়ার পর কান্নায় ভেঙে পড়েন তাঁদের স্বজনেরা

বছরের পর বছর পেরিয়েছে, নেতা, এমনকি সীমানায়ও বদল এসেছে, তবে একটা নীতির বেলায় আজও বদলায়নি মিসর: মুসলিম ব্রাদারহুডের বিরদ্ধে দমন-পীড়ন৷ ইসলামপন্থী এই সংগঠনটিকে শায়েস্তা করতে এর প্রতিষ্ঠালগ্ন থেকেই নানাভাবে তৎপর থেকেছে দেশটির শাসকগোষ্ঠী৷ এই তৎপরতার বিস্তৃতি নেতা-কর্মীদের ধরপাকড়, নির্বাসনে পাঠানো ও ফাঁসিতে ঝোলানো থেকে শুরু করে সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করা পর্যন্ত৷
ব্রাদারহুডের ওপর দমন-পীড়নের সর্বশেষ নিদর্শন হচ্ছে গত ২৮ এপ্রিল একটি আদালতের দেওয়া হাস্যকর রায়৷ বিচারের নামে প্রহসন করে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনইয়া প্রদেশের একটি আদালত এদিন অতি সংক্ষিপ্ত দুই সেশন শুনানি শেষে ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বাদিসহ ৬৮৩ জনের মৃত্যুদণ্ড দেন৷ একই আদালত গত মার্চ মাসে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ব্রাদারহুডের আরও ৫২৯ জন সদস্যকে৷ একজন মাত্র পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় সব মিলিয়ে এক হাজার ২১২ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো৷ অথচ গত জুলাই মাসে ব্রাদারহুড নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে নিরাপত্তাকর্মীরা যে এক হাজারের বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছেন, সে জন্য এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগই আনা হয়নি৷
যে আদালতের দায়িত্ব হচ্ছে, দেশের নির্বাহী বিভাগের ভুলভাল শুধরে দেওয়া, সেই আদালতই দায়িত্বজ্ঞান ভুলে রাষ্ট্রের নীতিবিবর্জিত তৎপরতার সঙ্গে হাত মিলিয়েছেন৷
মিনইয়া আদালতের পাশাপাশি রাজধানী কায়রোর একটি আদালতের রায় মিসরের বিচারব্যবস্থার বর্তমান চিত্রকে স্পষ্ট করে দিয়েছেন৷ কায়রোর জরুরি বিষয়-সংক্রান্ত একটি আদালত দেশটির আলোচিত এপ্রিল ৬ মুভমেন্টকে নিষিদ্ধ ঘোষণা করে রায় দিয়েছেন৷ মিসরের তরুণদের অংশগ্রহণে গড়ে ওঠা এই সংগঠনটির আন্দোলনের মুখেই ২০১১ সালে ক্ষমতা ছাড়তে হয়েছিল দীর্ঘদিনের স্বৈরশাসক হোসনি মোবারককে৷
গত মার্চ মাসের রায়ের পর আন্তর্জাতিক সম্প্রদায় যে প্রতিক্রিয়া দেখিয়েছিল, তার প্রভাব কিছুটা হলেও পড়েছে৷ কেননা, ২৮ এপ্রিল নতুন করে ৬৮৩ জনের মৃত্যুদণ্ড ঘোষণার পাশাপাশি আদালত আগে মৃত্যুদণ্ড দেওয়া ৫২৯ জনের সাজা পুনর্বিবেচনা করছেন৷ তাঁদের মধ্যে ৩৭ জন বাদে সবার শাস্তি কমানো হয়েছে৷
তবে এবারের রায়ের পর কিছু মানবাধিকারকর্মী ছাড়া কারও পক্ষ থেকে তেমন কোনো নিন্দা-প্রতিবাদ আসেনি৷ বিশ্ব-মোড়ল যুক্তরাষ্ট্র অবশ্য বলেছে, তারা এই রায়ে গভীরভাবে ‘বিচলিত’ হয়েছে৷ এটুকুতেই শেষ৷
যে ঘটনায় মিনইয়ার আদালত রায় দুটি দিয়েছেন, সেটি ছিল গত আগস্ট মাসে মিসরজুড়ে সংঘাতময় পরিস্থিতির একটা অংশবিশেষ৷ প্রভাবশালী সামরিক বাহিনী দেশটির

গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর ওই সংঘাত শুরু হয়৷ মুরসির ব্রাদারহুডসহ ইসলামপন্থী সমর্থকেরা তাঁকে পুনর্বহালের দাবিতে কায়রোসহ দেশজুড়ে আন্দোলন শুরু করেন৷ তখন এক কায়রোতেই নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ দেন এক হাজারের বেশি মুরসি-সমর্থক৷ এই দমন-পীড়নে সম্পৃক্ত হয়েছিল দেশের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গই৷ এমনকি দশকের পর দশক ধরে চলা স্বৈরশাসনের সময়ও যে আদালত অনেকটা স্বাধীনভাবে কাজ করার খ্যাতি ধরে রাখতে সক্ষম হয়েছিলেন, সেই আদালতও এখন দৃশ্যত দমন-পীড়নকারীদের অংশ হচ্ছেন৷
মিসরের বিচারকেরা মুসলিম ব্রাদারহুডের পাশাপাশি ফিলিস্তিনের গাজা উপত্যকাভিত্তিক হামাস গোষ্ঠীকেও সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণা করেছে আগেই৷ এবার এপ্রিল ৬ মুভমেন্টকে নিষিদ্ধ করল৷
তাত্ত্বিকভাবে এসব রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে৷ তবে দৃশ্যত সে পথে কারও যাওয়ার সুযোগ সীমিত৷ এর আগে গত মাসের শুরুর দিকে মিসরের অনলাইনভিত্তিক মানবাধিকার গোষ্ঠী আভাজের একটি প্রতিনিধিদলকে আটক করা হয়৷ ওই মানবািধকারকর্মীদের অপরাধ(!), তাঁরা দেশটির গ্র্যান্ড মুফতির সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন৷ গ্র্যান্ড মুফতি হচ্ছেন মিসরের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ, যিনি প্রতিটি মৃত্যুদণ্ডের রায় পর্যালোচনা করে থাকেন৷ ওই মানবাধিকারকর্মীরা গত মার্চ মাসে মৃত্যুদণ্ড পাওয়া ৫২৯ জনের পক্ষে একটি আবেদন গ্র্যান্ড মুফতির কাছে পেশ করার চেষ্টা করেছিলেন, যেটিতে দেশটির ১১ লাখ মানুষের সই ছিল৷
বিশ্লেষকেরা বলছেন, ব্রাদারহুডের সুপ্রিম নেতা বাদির পরিণতির বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ হতে পারে৷ তাঁকে ফাঁসিতে ঝোলানো হলে মিসর আরও সংঘাতময় হয়ে উঠতে পারে বাদিকে ফাঁসিতে ঝোলানো হলে, তিনি হবেন ইসলামপন্থী সংগঠনটির এই পরিণতি বরণ করা অষ্টম প্রধান৷ আধুনিক সরকারব্যবস্থায় ইসলামের নিয়মকানুন প্রয়োগের ব্রত নিয়ে মিসরের স্কুলশিক্ষক হাসানুল বান্নার হাতে প্রতিষ্ঠা পাওয়া সংগঠনটির সাতজন শীর্ষস্থানীয় নেতাকে এ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়েছে দেশটির কর্তৃপক্ষ৷ বাদির কর্তৃত্ব যদিও মিসরে, তবে অন্যান্য দেশে ব্রাদারহুডের শাখাগুলোতেও তাঁর প্রভাব লক্ষণীয়৷
পাশাপাশি গত ৩ জুলাই প্রভাবশালী সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়া মুরসিরও বিচার চলছে৷ হত্যায় উসকানি দেওয়াসহ বিভিন্ন অভিযোগে তাঁকেও মৃৃত্যুদণ্ড দেওয়া হতে পারে৷ সেটা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে৷
l

হারুন-অর-রশীদ
সূত্র: বিভিন্ন সংবাদ সংস্থা ও পত্রিকা৷