চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সুইট হোমস কাপ জেলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রাদার্স ইউনিয়ন চার বিভাগের তিনটিতে শিরোপা জিতে নিয়েছে। সিজেকেএস জিমনেসিয়ামে গত সোমবার রাতে অনুষ্ঠিত হয় এই চার বিভাগের চূড়ান্ত পর্ব। ব্রাদার্সের হয়ে জাতীয় দলের খেলোয়াড় আসাদ পুরুষ একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতে—তিনটি শিরোপা জিততে মুখ্য ভূমিকা রাখেন। তবে প্রবীণ দ্বৈত ইভেন্টের শিরোপা জিতেছেন কোয়ালিটি স্পোর্টস ক্লাবের শাহীন-সেলিম জুটি। ১৪ জুন সিজেকেএস জিমনেসিয়ামে সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান সুইট হোমসের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক ও কো-স্পন্সর নুর মোটরসের পরিচালক নুরুল হক। বক্তব্য দেন সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলাম ও সম্পাদক জাহেদুল ইসলাম। সোমবার অনুষ্ঠিত পুরুষ এককে ব্রাদার্সের খেলোয়াড় আসাদ সরাসরি ২-০ সেটে বাকলিয়ার রিমনকে হারান। পুরুষ দ্বৈতে ব্রাদার্সের ডানহাতি আসাদ ও বাঁহাতি আলম জুটির কাছে ২-১ সেটে বাকলিয়ার সোহেল-ইমন হেরে যায়। মিশ্র দ্বৈতের ব্রাদার্সের আসাদ-সীমা জুটি ২-১ সেটে কোয়ালিটি স্পোর্টসের ইমন-পুতুল জুটিকে হারায়। এর আগে রোববার প্রবীণ দ্বৈতে শাহীন-সেলিম জুটি ২-১ সেটে হারায় ব্রাদার্সের বাবুল-মুসা জুটিকে। সমাপনী দিনেও প্রধান অতিথি ছিলেন সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। উপস্থিত ছিলেন সিজেকেএসের সহসভাপতি শাহেদ আজগর চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলাম, সম্পাদক জাহেদুল ইসলাম, নির্বাহী সদস্য আল্লামা মো. ইকবাল প্রমুখ। জেলা চ্যাম্পিয়নশিপে এবার ১৪ ক্লাবের ১০২ জন প্রতিযোগী চারটি ইভেন্টে অংশ নিয়েছেন।