ব্রিকফিল্ড ঘাট পাকা হবে কবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী এলাকায় কর্ণফুলী নদীর ঘাট পাকা না হওয়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে নৌপথে চলাচলকারী যাত্রীদের। শুষ্ক মৌসুমেও হাঁটুসমান কাদা মাড়িয়ে এই ঘাট দিয়ে যাতায়াত করতে বাধ্য হয় রাঙ্গুনিয়াবাসী।
জানা গেছে, উপজেলা সদর, রাঙ্গুনিয়া কলেজ, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কর্ণফুলী নদীর উত্তর পাড়ে অবস্থিত। এ কারণে শিলক ও পদুয়ার প্রচুর মানুষ প্রতিদিন নৌপথে যাতায়াত করেন। ঘাট পাকা না হওয়ায় এসব যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
শিলক বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তারেক জানান, এই ঘাট দিয়ে শিলক ও পদুয়া ইউনিয়নের ৪০০ থেকে ৫০০ মানুষ যাতায়াত করে। ঘাট পাকা না হওয়ায় শিক্ষার্থীরা যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছে।
এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, পাকা ঘাট না থাকায় শিলক ও পদুয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকার বিভিন্ন বিলে উৎপাদিত কৃষিপণ্য উপজেলার বড় বাজারগুলোতে নেওয়া সম্ভব হয় না। ফলে কৃষকেরা ফসলের ন্যায্য দাম পায় না।
শিলক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুল্লাহ চৌধুরী জানান, সরকার প্রতিবছর ইজারা দিয়ে এ ঘাট থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে, অথচ ঘাট পাকা করার ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। রাঙ্গুনিয়া পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন শাহ জানান, পাকা ঘাট নির্মাণের জন্য পৌর মেয়রের কাছে আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি। রাঙ্গুনিয়া পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ব্রিকফিল্ড ঘাট পাকা করার জন্য ২০ থেকে ২৫ লাখ টাকা প্রয়োজন, যা জোগান দেওয়ার সাধ্য পৌরসভার নেই। তবে পাকা ঘাট নির্মাণ করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের বরাবরে প্রতিবেদন পাঠাবেন বলে জানান তিনি।