ব্রিকলেনে বাঙালিয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যান্টারবুরির আকাশটা আজ হাসছে, সে হাসিতে হাসছে মনটাও। পাশের গির্জা থেকে ভেসে আসছে ঢং ঢং শব্দ। সে শব্দে হূদয় নাচে, প্রাণে বাজে ঢোল, ‘তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের ঢোল...।’ দুই চোখে ভেসে ওঠে রমনার বটমূল, চট্টগ্রামের ডিসি হিল আর হলুদ শাড়িতে লাল পরি-নীল পরির মেলা। কান পেতে যেন শুনি একটি গান, ‘মেলাই যাই রে...’।গত ২৩ মে সকাল ১০টায় রওনা হলাম লন্ডনের উদ্দেশে—মেলায় যাব, বৈশাখী মেলায়। ক্যান্টারবুরি ইস্ট স্টেশন থেকে ট্রেনে উঠলাম। আমার উত্তেজনা দেখে পাশ থেকে ফোড়ন কাটলেন একজন। ছুটির দিনে তাঁকে মানে আমার জামাইটাকে বহু কষ্টে রাজি করিয়েছি।প্রচণ্ড গরমে ভ্রমণক্লান্তি উপেক্ষা করে পাতালরেলে চড়ে পৌঁছে গেলাম ব্রিকলেনে। মেলা প্রাঙ্গণে ঢুকতেই আমাদের চোখ ছানাবড়া। যেন বাঙালির মেলা বসেছে এই মেলায়। ঢোল বাজে, বাঁশি বাজে আর বাজে বাংলার গান। আকাশে ঘুড়ির মেলা, তাতে মত্ত শিশু-কিশোর, যুবারা, দু-একজন বয়েসীও আছেন। তাঁরা নাটাই হাতে যেন মনের ঘুড়ি ওড়াচ্ছেন। মঞ্চ থেকে ভেসে আসছে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের সুর। চারদিকে বাঙালিয়ানার জয়গানে জায়গাটিকে মনে হলো ইংল্যান্ডের মধ্যে যেন এক ছোট্ট বাংলাদেশ।রুচি, ঢাকাই বিরিয়ানি, কলাপাতা—নামগুলো খুব চেনা মনে হচ্ছে না! হ্যাঁ, এসব নামের খাবারের দোকানে দেদার বিক্রি হচ্ছে চটপটি, সমুচা, ফুচকা ও পেঁয়াজু। আরও আছে শাড়ি, চুড়ি, গয়না, পুতুল ও রকমারি জিনিসের দোকান। নাগরদোলায় বাচ্চাদের সঙ্গে তাল মিলিয়ে চড়ছেন বড়রাও।মেলা শুরু হয় বেলা ১১টায় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে। রিকশা ভ্রমণ, নাচ, গান, কবিতায় জমে ওঠে মেলা। বাংলাদেশ থেকে নামজাদা শিল্পীরাও এসেছেন উত্সবে। ইংল্যান্ডের নানা প্রান্ত থেকে এসেছে বাঙালিরা। বহুদিন পর একে অন্যকে দেখে জড়িয়ে ধরছে আবেগে।মেলায় যে শুধু বাঙালি ছিল, তা নয়, ছিলেন বিলেতি সাহেবরাও। ফ্রান্স, আমেরিকা, জার্মানিসহ ভিনদেশি বাবুরাও অবাক চোখে দেখছেন বাঙালির কাণ্ডকারখানা। তাঁদের কেউ কেউ আবার শাড়ি, পাঞ্জাবি পরার চেষ্টা করেছেন। এক বিদেশিনীকে দেখলাম, আস্ত একটা জামদানি গলায় পেঁচিয়ে রেখেছেন। যেন বাঙালির সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা!রোদের তেজ একটু কমলে বাড়ল সুরের প্লাবন। মঞ্চে তখন মূল আকর্ষণ শিল্পী কুমার বিশ্বজিৎ। ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’ গানটির সঙ্গে কণ্ঠ মেলালেন প্রতিটি বাঙালি। সাত সাগর তের নদীর এপারে থাকলেও প্রত্যেক বাঙালির হূদয়জুড়ে যে বাংলাদেশ, সেটাই যেন ধ্বনিত হলো এ গানে। কথায়-গানে রাত বাড়ে, একসময় ভাঙল মিলন মেলা। সবার মনে তখন বিদায়ের বিষণ্নতা, চোখে হয়তো স্বপ্নের হাতছানি—এক বছর পর আবার মিলিত হবে সব বাঙালি এই ব্রিকলেনে, বৈশাখের রঙের মেলায়।শাহরীন জেবুনক্যান্টারবুরি, ইংল্যান্ড।