চীনের নতুন প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংগঠন ব্রিকসের সম্মেলনে যোগ দেওয়ার আগে জোটের দেশগুলোর (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেই আলাপচারিতার উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো:প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য রাশিয়াকে বেছে নেওয়ার কারণ কী? আর চীনের সঙ্গে রাশিয়ার বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক, অর্থনৈতিক ও অন্যান্য সম্পর্ককে কীভাবে দেখছেন?চীন ও রাশিয়া পরস্পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। উভয় দেশ সার্বিক কূটনৈতিক বিষয় ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টিকে প্রাধান্য দেয়। এ কারণেই প্রেসিডেন্ট হিসেবে প্রথম সফরের জন্য বন্ধুসুলভ প্রতিবেশী রাশিয়াকে বেছে নেওয়া। এ ছাড়া ২০ বছরের বেশি সময় ধরে চীন ও রাশিয়ার সম্পর্ক এগিয়ে যাচ্ছে কৌশলগত অংশীদারির সমন্বয়ের মাধ্যমে। দুই দেশের সীমান্ত নিয়ে বিরোধ নেই, রাজনৈতিক সম্পর্কও অনেক শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে। গত ২০ বছরে দুই দেশের বাণিজ্য ১৪ গুণ বেড়েছে, যা গত বছর ছিল আট হাজার ৮২০ কোটি মার্কিন ডলার। জ্বালানি, বিনিয়োগ, মহাকাশ গবেষণা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও দুই দেশের গতিশীল সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আমি দারুণ আশাবাদী। দক্ষিণ আফ্রিকার সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ১৫ বছর হলো। দুই দেশের সম্পর্কের বিষয়টি কীভাবে মূল্যায়ন করবেন?২০১০ সালে দক্ষিণ আফ্রিকা সফরের সময় আমি প্রেসিডেন্ট জ্যাকব জুমাসহ দেশটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছি। দক্ষিণ আফ্রিকানদের বন্ধুত্ব ও আতিথেয়তায় আমি মুগ্ধ। দুই দেশের জনগণের মধ্যেও পারস্পরিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকায় বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে চীনের জনগণ সব সময় দৃঢ়ভাবে পাশে থেকেছে। গত ১৫ বছরে এ দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক কৌশলগত পারস্পরিক অংশীদারির পর্যায়ে নিয়ে গেছে। ভারতের সঙ্গে চীনের অনেক দিনের কিছু অমীমাংসিত বিষয় আছে। চীনের নতুন নেতৃত্ব কি ভারতের ক্ষেত্রে নতুন কোনো নীতি গ্রহণ করবে? সীমান্ত প্রশ্নে কোনো পরিবর্তন আসবে কি?ভারত ও চীনের মধ্যে ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ দুই দেশের জনসংখ্যা প্রায় ২৫০ কোটি। দুই দেশ যৌথভাবে শান্তিপূর্ণ উপায়ে সহযোগিতার মাধ্যমে পারস্পরিক স্বার্থে কাজ করছে। এই দুই দেশ পুরো বিশ্বে, বিশেষ করে এশিয়ায় রাজনীতি, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে বিশেষ ভূমিকা রাখছে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কে বেশ অগ্রগতি হয়েছে। এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে হলে প্রথমত আমাদের কৌশলগত যোগাযোগ রক্ষা করতে হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক সঠিক পথে রাখতে হবে। দ্বিতীয়ত, অবকাঠামো ও সমঝোতাভিত্তিক বিনিয়োগ বাড়াতে হবে; তৃতীয়ত, সাংস্কৃতিক যোগাযোগ শক্তিশালী করতে হবে, পারস্পরিক বোঝাপড়া বাড়াতে হবে ও আমাদের জনগণের মধ্যে বন্ধুত্ব বাড়াতে হবে; চতুর্থত, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বাড়াতে হবে; পঞ্চমত, দুই দেশের মধ্যে বিরাজমান সমস্যাগুলো সঠিকভাবে সমাধানের উদ্যোগ ও মতদ্বৈধতা দূর করতে পরস্পরকে কাজ করতে হবে। ব্রাজিল ও চীনের বর্তমান সম্পর্ক কীভাবে ব্যাখ্যা করবেন? চীন কীভাবে ব্রাজিলের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি করবে?বিশ্ব মানচিত্রের পূর্বদিকে চীন ও পশ্চিম দিকে ব্রাজিল সবচেয়ে বড় উন্নয়নশীল দেশ; বড় উদীয়মান বাজারও। ব্রাজিলের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতাপূর্ণ সম্পর্ককে বেইজিং গুরুত্ব দেয়। ২০ বছর আগে ব্রাজিল প্রথম উন্নয়নশীল দেশ হিসেবে চীনের কৌশলগত অংশীদার হয়। তখন থেকে দুই দেশের সম্পর্ক এগিয়ে চলছে, যা দুই দেশ ও এর জনগণকে অনেক লাভবান করেছে। এই মুহূর্তে চীন ও ব্রাজিলের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থায় আছে। চীন এখন ব্রাজিলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। আর ব্রাজিল চীনের দশম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ব্রিকস দেশগুলোর সহযোগিতার বিষয়টি কীভাবে মূল্যায়ন করবেন?ব্রিকস দেশগুলো বিশ্ব অর্থনীতিকে আরও ভারসাম্যপূর্ণ করতে সহযোগিতা করবে। বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড এবং গণতন্ত্রকে আরও সুদৃঢ় করবে। চীন আশা করে, ব্রিকস দেশগুলোর পারস্পরিক অংশীদারি ও সহযোগিতা আরও গভীর হবে। শক্তিশালী আলোচনা ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে ব্রিকস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একতা ও সহযোগিতার ইতিবাচক বার্তা পাঠাবে বলে চীন আশা করে। সূত্র: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট ভাষান্তর: মাহফুজার রহমান