ব্রিজঘাট ইজারাদারের হাতে জিম্মি উপকূলের ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পূর্ব উপকূলীয় দ্বীপ এলাকার সাধারণ যাত্রীসহ ব্যবসায়ীরা চট্টগ্রামের ব্রিজঘাট এলাকার ইজারাদারের হাতে জিম্মি হয়ে পড়েছেন। কয়েক মাস ধরে ওই ইজারাদার মহেশখালী, মাতারবাড়ি, কুতুবদিয়া এলাকার সাধারণ যাত্রীসহ ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করছেন। এতে ব্যবসায়ীরা হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ফলে তাঁরা এলাকায় বেশি দামে পণ্য বিক্রির মাধ্যমে সেই ক্ষতি পুষিয়ে নিতে বাধ্য হচ্ছেন। এতে শেষপর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। ভুক্তভোগী লোকজন জানান, নগরের সদরঘাট ব্রিজঘাট এলাকা দিয়ে উপকূলীয় এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ট্রলারে করে নিজ নিজ এলাকায় যাতায়াত ও পণ্য পরিবহন করে থাকেন। যাত্রীদের কাছ থেকে টোল আদায়ের জন্য ২০১০ সালের জুন থেকে এ বছরের জুন পর্যন্ত এক বছরের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছ থেকে ব্রিজঘাট এলাকাটি সাড়ে চার লাখ টাকায় ইজারা নেন স্থানীয় নেজাম উদ্দিন। সড়কপথে মালামাল নেওয়ার সুযোগ না থাকায় উপকূল এলাকার অনেক ব্যবসায়ী ট্রলারযোগে চাক্তাই এলাকা থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য ট্রলারযোগে উপকূল এলাকায় নিয়ে যান। মাতারবাড়ি দ্বীপের ট্রলার মাঝি নূর মোহাম্মদ ও কুতুবদিয়া এলাকার ট্রলার এমএল রহমানের মাঝি নুরুল হুদা জানান, ব্রিজঘাট দিয়ে শুধু যাত্রী ওঠানামা করার সময় টোল আদায় করার জন্য ঘাটটি ইজারা দেওয়া হয়েছে। জনপ্রতি দুই টাকা করে টোল আদায় করার কথা থাকলেও বর্তমানে তিন টাকা করে নেওয়া হচ্ছে। এ ছাড়া, বর্তমানে ইজারাদারের লোকজন প্রায় এক কিলোমিটার দূরে চাক্তাই খালের লঞ্চঘাটে গিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য নেওয়ার ওপরও জোর করে বেশি হারে টোল আদায় করছেন। টোল দিতে না চাইলে আদায়কারীরা ব্যবসায়ীদের ওপর নির্যাতন চালাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। ধুরং বাজারের তরকারি ব্যবসায়ী মনির হোসেন চৌধুরী অভিযোগ করেন, এক মণ ওজনের এক বস্তা আলু কিংবা অন্য যেকোনো পণ্যের নির্ধারিত টোল ১০ টাকা। কিন্তু ইজারাদার আদায় করছেন ৪০ টাকা। এতে প্রতিকেজি পণ্যে পরিবহন খাতেই খরচ বাড়ছে এক টাকা। কুতুবদিয়ার বড় ঘোপ এলাকার মুদি পণ্য ব্যবসায়ী শামসুল হক বলেন, ‘ব্রিজঘাটের ইজারাদার চাক্তাই খাল এলাকা থেকে ট্রলারে মালামাল ওঠানামার সময় টোল আদায়ের ঘটনা গত এক যুগেও চোখে পড়েনি। কিন্তু বর্তমানে চাক্তাই খালে ব্রিজঘাটের ইজারাদারকে টোল না দিলে ট্রলারে মালামাল তুলতে দেওয়া হচ্ছে না। অনন্যোপায় হয়ে আমরা টোল দিতে বাধ্য হচ্ছি। ফলে সংশ্লিষ্ট পণ্য প্রতিকেজিতে দুই-তিন টাকা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এতে গ্রাহকেরা আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন।’ইজারাদার নেজাম উদ্দিন মুঠোফোনে জানান, যাত্রী ও পণ্যবাহী ট্রলারগুলো অভ্যন্তরীণ নৌপরিবহন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন। সংশ্লিষ্ট ট্রলার কর্তৃপক্ষের সুবিধার্থে তাঁরা ট্রলারগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ব্রিজঘাট থেকে চাক্তাই এলাকায় নিয়ে সেখান থেকে মালামাল তোলেন। এ কারণে সেখান থেকে আমরা টোল পাওয়ার দাবিদার। সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বেচ্ছায় তা পরিশোধ করেন।’ ব্যবসায়ীদের ওপর নির্যাতনের অভিযোগ তিনি অস্বীকার করেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ চট্টগ্রামের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে ব্রিজঘাট এলাকাটি নৌপরিবহন মন্ত্রণালয় দীর্ঘমেয়াদি ইজারা নিয়েছে। যাত্রী ও মালামাল ওঠানামার সময় টোল আদায়ের জন্য নৌপরিবহন কর্তৃপক্ষ প্রতিবছর এটি স্থানীয়ভাবে ইজারা দিয়ে আসছে। তবে মূল ঘাটের দুই দিকে ৫০০ গজ এলাকা থেকে যাত্রী ও পণ্য ওঠানামার ক্ষেত্রে টোল আদায় করা যাবে। ব্রিজঘাটের ইজারাদার চাক্তাইঘাট এলাকা থেকে টোল আদায় করার প্রশ্নই ওঠে না। এটা করা হলে তা হবে অবৈধ। এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’