ব্রিটিশদের ভিটামিন ডি খেতে হবে যে কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবলিক হেলথ ইংল্যান্ড এর তথ্যমতে ব্রিটেনে প্রতি পাঁচজনে একজন ভিটামিন ডি-র স্বল্পতা রয়েছে।
পাবলিক হেলথ ইংল্যান্ড এর তথ্যমতে ব্রিটেনে প্রতি পাঁচজনে একজন ভিটামিন ডি-র স্বল্পতা রয়েছে।

ভিটামিন ডি-র চাহিদা মেটাতে ব্রিটিশদের ওষুধ খাওয়ার পরামর্শ দিতে যাচ্ছেন ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ব্রিটেনের আবহাওয়ায় বছরের বেশির ভাগ সময় যথেষ্ট সূর্যালোক বা রোদ থাকে না। আর শুধু প্রাকৃতিক খাবারদাবার থেকেও পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া যায় না। ফলে আলাদাভাবে সাপ্লিমেন্ট বা বড়ি-ক্যাপসুল খেয়ে এই ভিটামিনের চাহিদা মেটানো প্রয়োজন। দেশটির পুষ্টি বিষয়ক বৈজ্ঞানিক উপদেষ্টা পরিষদ (এসএসিএন) এক খসড়ায় এই মত জানিয়েছে।


মানুষের শরীর সূর্যের আলো থেকে সরাসরি ভিটামিন ডি তৈরি করতে পারে। এ জন্য অন্য কোনো অনুঘটকের প্রয়োজন হয় না। দিনের আলোয় বা রোদে দাঁড়িয়ে থাকলেই শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবার শরীরেই ভিটামিন ডি তৈরি হয়। পাশাপাশি প্রাকৃতিক নানা খাবারদাবার থেকেও আমরা ভিটামিন ডি পেয়ে থাকি।

কিন্তু ব্রিটেনের মতো শীতপ্রধান অঞ্চলগুলোতে সারা বছর পর্যাপ্ত সূর্যের আলো থাকে না। দীর্ঘ শীতকাল এবং বছরের লম্বা সময় জুড়ে ঝিরিঝিরি বৃষ্টি, তুষারপাত ও স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে এসব অঞ্চলের মানুষদের ভিটামিন ডি-র চাহিদা মেটানোর জন্য খাবারদাবারের ওপরই নির্ভর করতে হয়।
নারীর জন্য সূর্যালোকের ভিটামিন

ব্রিটেনের জনস্বাস্থ্য বিষয়ক জরিপ চালাতে গিয়ে বিশেষজ্ঞরা নাগরিকদের মধ্যে ভিটামিন ডি-র অভাবজনিত নানা সমস্যা দেখতে পেয়েছেন। দেখা গেছে ব্রিটিশ নাগরিকদের মধ্যে বিপুলসংখ্যকই মাসকিউলোস্কেলিটাল (পেশি ও হাড়ের) স্বাস্থ্য সমস্যা, হৃদ্‌রোগ, টাইপ-১ ডায়াবেটিস, ক্যানসার এবং নানাবিধ স্কলোসিসে আক্রান্ত। আর এই সবগুলো রোগের সঙ্গেই ভিটামিন ডি-র অভাবের যোগসূত্র রয়েছে।

পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে, ব্রিটেনে প্রতি পাঁচজনে একজন ভিটামিন ডি-র স্বল্পতায় ভুগছে। আর ব্রিটেনের অনেক জ্যেষ্ঠ স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এই পরামর্শকে ‘চিন্তাগত গুরুত্বপূর্ণ পরিবর্তন’ হিসেবে উল্লেখ করে একে স্বাগত জানিয়েছেন।

এ অবস্থার প্রেক্ষিতেই প্রাকৃতিক খাবারদাবারের পাশাপাশি সাপ্লিমেন্ট হিসেবে আলাদাভাবে ভিটামিন ডি খাওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এসএসিএন বা পুষ্টি বিষয়ক বৈজ্ঞানিক উপদেষ্টা পরিষদ একটি স্বাধীন সংস্থা হিসেবে ব্রিটিশ সরকারকে এমন নানা পরামর্শ দিয়ে থাকে। এসএসিএন-এর এই খসড়া পরামর্শ গৃহীত হলে হয়তো ব্রিটিশ স্বাস্থ্যনীতিতে এ বিষয়টি অন্তর্ভুক্ত হতে পারে। (বিবিসি অবলম্বনে)