ব্রিটেনে উচ্চশিক্ষা
উন্নত জীবন আর হাতছানিতে প্রতিবছর এ দেশের উল্লেখযোগ্যসংখ্যক মেধাবী তরুণ-তরুণী পাড়ি দিচ্ছেন বিদেশে। উচ্চমাধ্যমিক শেষ করেই এঁদের বেশির ভাগ দেশ ছাড়ছেন। জীবনের বাকি পড়াশোনাটা শেষ করে পেশাগত জীবনে সে দেশেই থিতু হয়ে যাচ্ছেন। নিশ্চিত ভবিষ্যত্-পিয়াসীদের কাছে এমন একটি আকর্ষণীয় গন্তব্য ব্রিটেন। আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও উন্নত জীবন অনেকের মতো হাতছানি দেয় বাংলাদেশের তরুণ-তরুণীদেরও। গড়ে প্রতিবছর হাজার পাঁচেক বাংলাদেশি শিক্ষার্থী দেশটিতে পাড়ি দেন। কেমন সেখানকার জীবন? চলুন শোনা যাক, এমন কয়েকজনের অভিজ্ঞতা।স্নাতক ডিগ্রি শেষে ২০০৬ সালে লন্ডনে পাড়ি জমান জহিরুল ইসলাম খান। প্রায় পাঁচ হাজার পাউন্ড (এক পাউন্ড=১০৬ টাকা) খরচ করে ব্যবসায় প্রশাসন পড়তে ভর্তি হন লন্ডন কলেজ অব অ্যাডভান্সড স্টাডিজে। বছর ঘুরতেই জহির বুঝতে পারেন ভুল করেছেন। যে স্বপ্নের হাতছানিতে প্রিয়জন ছেড়ে এত দূরে এসেছেন, এ কলেজ তাঁকে সেখানে নিয়ে যাবে না। খুঁজতে শুরু করেন বিকল্প পথ। ছয় মাস পর সিদ্ধান্ত নেন ভর্তি হবেন হোটেল ব্যবস্থাপনায়। এর পরের ছবিটা একেবারেই উল্টো। মাঝেমধ্যে জহিরের কাছেই অবিশ্বাস্য মনে হয়! কারণ, ২০০৮ সালের জানুয়ারিতে ইলিং হ্যামারস্মিথ অ্যান্ড ওয়েস্ট লন্ডন কলেজে ভর্তির ছয় মাসের মাথায় শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ পান পাঁচ-তারকা হোটেল কনোট মেফেয়ারে। পড়াশোনা শেষ করার আগেই হোটেলটিতে তাঁর চাকরি স্থায়ী হয়ে গেছে। সপ্তাহ শেষে পকেটে ভরছেন ভালো বেতন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের অভিজ্ঞতা একটু অন্য রকম। কয়েক বছর সান্ডারল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া প্রডাকশনে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর বছর খানেকের জন্য বিরতি নেন। এরপর ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তি হন সাজ্জাদ হোসেন। পড়াশোনার মাঝখানে বিরতি নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ব্রিটেনে পিএইচডিসহ সব ধরনের উচ্চশিক্ষা বেশ ব্যয়বহুল। তাই স্নাতকোত্তর ডিগ্রি শেষে এক বছর প্রচুর পরিশ্রম করে টাকা জমিয়েছি। এরপর ভর্তি হয়েছি পিএইচডিতে।ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন থেকে স্নাতক ডিগ্রি শেষে দেশের শীর্ষস্থানীয় মুঠোফোন সংস্থায় কাজ শুরু করেন নোয়েল চৌধুরী। মাস ছয়েক পর তাঁর মনে হলো পরীক্ষার ফলাফল ভালো, বৃত্তির চেষ্টা করে দেখলে কেমন হয়! সে ভাবনা থেকেই ইন্টারনেটে যোগাযোগ ও নানাজনের সঙ্গে পরামর্শ। তারই ফলে নোয়েল বার্মিংহাম সিটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হন। নোয়েলের অভিজ্ঞতাটা কেমন? ‘প্রতিনিয়ত পাল্টে যাওয়া পৃথিবী আর বাজারের চাহিদার বিষয়টি মাথায় রেখে শিক্ষাক্রম যে কীভাবে পাল্টে যায়, সেটা আমি এখানে ভর্তির কয়েক মাস পর বুঝতে পেরেছি। ইউনিলিভার, এইচএসবিসিসহ বেশ কিছু বিখ্যাত করপোরেট সংস্থা নানাভাবে পৃষ্ঠপোষকতা করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে। এর বিনিময়ে পড়াশোনা শেষে মেধাবী শিক্ষার্থীদের নিজেদের প্রতিষ্ঠানে পায় করপোরেট সংস্থাগুলো। ফলে বাজারের চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে থাকতে আমাদের গড়ে তোলা হয়।’ওপরের দৃষ্টান্তগুলোই বলছে, যে স্বপ্ন বাংলাদেশের তরুণ-তরুণীদের ব্রিটেনে টানছে, তার বাস্তবে রূপ দেওয়া সম্ভব। কারণ, এখানে বাজারের চাহিদা পূরণ করা বিভিন্ন বিষয় কিংবা গবেষণাধর্মী আন্তর্জাতিক মানের শিক্ষার ব্যাপক সুযোগ আছে। সেই সঙ্গে আছে শিক্ষাজীবন শেষে পেশাগত জীবনে সাফল্য লাভের সুযোগ। মোট কথা, সাফল্য অধরা নয়। তবে জরুরি বিষয়টি হচ্ছে সঠিক নির্বাচন। কী করবেন, কী পড়বেন, আর কোথায় পড়বেন। এ বিষয়গুলো যথার্থ না হলে পা পিছলে পড়ার আশঙ্কা তো থাকছেই।এ ব্যাপারে জহির, নোয়েল আর সাজ্জাদ—তিনজনই জানালেন, খুব ভালোভাবে যাচাই করে ব্রিটেনে পা রাখা উচিত। কারণ, ভুল সিদ্ধান্তের জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। অদম্য মনোবল আর ন্যূনতম সহযোগিতা না থাকলে শেষ পর্যন্ত জীবন বদলের স্বপ্ন মুখ থুবড়ে পড়ে। তাই যথাযথভাবে প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে ব্রিটেনে পাড়ি জমানো উচিত। তাঁদের মতে, ইন্টারনেট, বন্ধু আর নিকটজনের পাশাপাশি সাম্প্রতিককালে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে আয়োজিত ব্রিটিশ শিক্ষামেলা এ ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে।ব্রিটিশ কাউন্সিলের পরিচালক চার্লস নাটাল মনে করেন, শিক্ষামেলায় যেসব প্রতিষ্ঠান অংশ নেয়, শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা সরাসরি কথা বলতে পারেন। জেনে নিতে পারেন কোন প্রতিষ্ঠান তাঁদের জন্য সবচেয়ে যথার্থ হবে।