ব্রিটেনে কারির জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারি অ্যাওয়ার্ডের আসরে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও অ্যাওয়ার্ডের প্রবর্তক এনাম আলীর এমবিইর সঙ্গে বিজয়ীরা
কারি অ্যাওয়ার্ডের আসরে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও অ্যাওয়ার্ডের প্রবর্তক এনাম আলীর এমবিইর সঙ্গে বিজয়ীরা

গতবার এসেছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এবার এলেন সশরীরেই—ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের উপস্থিতি আমন্ত্রিত দুই হাজার অতিথির উচ্ছ্বাস বাড়িয়ে দেয় অনেকখানি। তবে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড বলে কথা, খোদ বিবিসিই তো একে কারিশিল্পের অস্কার বলে আখ্যা দিয়ে দিয়েছে।

ব্রিটেনে কারির জয়জয়কার
ব্রিটেনে কারির জয়জয়কার


গত ২৫ নভেম্বরের লন্ডনের বাটারসি পার্কে বসেছিল নবম কারি অ্যাওয়ার্ডের আসর। এদিন যেমন এসেছিলেন ব্রিটেনের সেরা টেলিভিশন তারকারা, তেমনি এসেছিলেন মন্ত্রীসহ প্রথম সারির রাজনীতিবিদেরা। আর যাঁদের স্বীকৃতি প্রদানের জন্য এমন আয়োজন, মানে ব্রিটেনের সেরা রেস্তোরাঁর মালিক-পরিচালক তাঁরা তো ছিলেনই।
ব্রিটিশ জনপ্রিয় তারকা উপস্থাপক ক্রিস টারান্ট ও ব্রিটিশ মডেল মিলিন্ডা ম্যাসেঞ্জারের সঞ্চালনায় পুরো অনুষ্ঠান ছিল প্রাণবন্ত। কোরমা, বিরিয়ানি, রোস্ট আর সবজি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলেছেন দুই হাজার অতিথি। যুক্তরাজ্যজুড়ে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড ২০১৩-এর মনোনয়ন পায় সাড়ে তিন হাজার রেস্তোরাঁ। এ থেকে চূড়ান্ত পর্বে স্থান পায় ৫৬টি রেস্তোরাঁ। দেশটির বিভিন্ন অঞ্চলকে ভাগ করে মোট ১২টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার জিতে নেয় করমা, রাভাল, দ্য ভাইসরয়, মেম সাব, বোখারা, শাজ মুমতাজ, মিরিস্টিকা, বানারস, ইন্ডিয়ান মোমেন্ট, শাম্পান ফোর, জাস্ট ইট, পলাশ তন্দুরি। এ ছাড়া বিশেষ সম্মাননা পান অতুল কোচার, মধুর জাফরি, সাইরাস তোড়িওয়ালা ওবিই, আনজুম আনন্দ, হেস্টন ব্লুমেনথাল ওবিই এবং সেলিম।
ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রবর্তক এনাম আলী এমবিই বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য অনুষ্ঠানের মান এবং স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার দিকে। কারিশিল্পের প্রতি মানুষের ভালোবাসার ফসল এই পুরস্কার। পুরস্কার প্রাপ্তিতে শুধু ব্যক্তিই লাভবান হবেন না, প্রতিষ্ঠানের ব্যবসাকেও নিয়ে যাবেন অন্যরকম উচ্চতায়।’
ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রযোজক জাস্টিন আলী বলেছেন, ‘এ অ্যাওয়ার্ডের প্রতি মানুষের আস্থা আমাদের দায়িত্ব বহুগুণ বাড়িয়ে দেয়।’