ব্রিটেনে সেরা এশিয়ান ক্রিকেট দল বাংলাদেশিদের লন্ডন টাইগার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাই গেটিংয়ের কাছ থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন আবদুস সালাম ও জাওয়ার আলী
মাই গেটিংয়ের কাছ থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন আবদুস সালাম ও জাওয়ার আলী

ক্রিকেটের তীর্থভূমি আর ফুটবল উন্মাদনার দেশ ব্রিটেন। এখানে ফুটবলে এশিয়ানরা খুব একটা মানিয়ে নিতে না পারলেও ক্রিকেটে নেহাত কম নয়। তবে অবাক বিষয় হচ্ছে, ফুটবল-ক্রিকেট—দুই খেলাতেই সমানে সমান বাজিমাত করেছে বাংলাদেশি বংশোদ্ভূতদের গড়া লন্ডন টাইগার্স ক্রিকেট ক্লাব। দুই বছর আগে ব্রিটেনের সেরা এশিয়ান ফুটবল ক্লাব অ্যাওয়ার্ড জেতার পর এবার সেরা এশিয়ান ক্রিকেট ক্লাব অ্যাওয়ার্ড ২০১৪ নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিয়েছে ক্লাবটি। ব্রিটেনে এশিয়ান ক্রিকেট ক্লাবের ইতিহাসে এই অর্জন বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে সাড়া ফেলেছে।
৭ অক্টোবর লর্ডসের ক্রিকেট গ্রাউন্ডে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে লন্ডন টাইগার্স ক্রিকেট ক্লাবকে সেরা ক্লাব হিসেবে ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এ বছরই এই অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়েছে। মোট ১২টি বিভাগে পুরস্কার দেওয়া হয়।
ইংলিশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইক গেটিংয়ের কাছ থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন লন্ডন টাইগার্স ক্রিকেট ক্লাবের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান আবদুস সালাম ও অপারেশন ডিরেক্টর জাওয়ার আলী।

লন্ডন টাইগার্সের কয়েকজন ক্রিকেট খেলোয়াড়
লন্ডন টাইগার্সের কয়েকজন ক্রিকেট খেলোয়াড়

২০১২ সালে প্রথমবারের মতো ব্রিটেনে সেরা এশিয়ান ফুটবল ক্লাব অ্যাওয়ার্ডে ভূষিত হয় লন্ডন টাইগার্স। মাত্র দুই বছরের ব্যবধানে সেরা ক্রিকেট ক্লাবের মর্যাদা পেল দেশটির এথনিক মাইনরিটি কমিউনিটির সবচেয়ে বৃহৎ এই ক্রীড়া সংগঠন।

অ্যাওয়ার্ড গ্রহণের দৃশ্য
অ্যাওয়ার্ড গ্রহণের দৃশ্য

লন্ডন টাইগার্স ক্রিকেট ক্লাবটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি একদল তরুণ। লন্ডন টাইগার্স পূর্ব ও পশ্চিম লন্ডনে শক্তিশালী ক্রিকেট ক্লাব। ব্রিটেনের তৃণমূল পর্যায়ে ফুটবল ও ক্রিকেট খেলার সঙ্গে নতুন প্রজন্মের তরুণদের পাশাপাশি অন্যান্য বিভিন্ন জাতিগোষ্ঠীর বিপথগামী প্রজন্মকে আলোর পথে ফেরার দিশা দেখিয়ে চলেছে লন্ডন টাইগার্স। যুক্তরাজ্যের নানা অঞ্চলে বসবাসকারী বিভিন্ন দেশের অভিবাসীরা লন্ডন টাইগার্সকে প্রেরণার প্রতীক হিসেবেই দেখে।
ব্রিটিশ কাউন্টি পর্যায়ের ক্রিকেটে বাংলাদেশি কোচ শহিদুল আলম রতনের অক্লান্ত প্রচেষ্টার ফসলই লন্ডন টাইগার্স ক্রিকেট ক্লাবের স্বীকৃতি আদায়ের মূল রহস্য। কোচ শহিদুল প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। আমরা অভিভূত। ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড় ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার জন্যই আজকের এই স্বীকৃতি।’
লন্ডন টাইগার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেসবাহ আহমদ ক্লাবের সব পর্যায়ের ক্রিকেটার, কোচ ও সংগঠককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘এমন অর্জনে আমরা খুশি। কিন্তু পাশাপাশি ভবিষ্যতে উন্নতির ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকারও করতে হবে। আশা করছি, সবার আন্তরিক ভালোবাসা ও সহযোগিতার মধ্য দিয়ে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব।’


উজ্জ্বল দাশ
লন্ডন. যুক্তরাজ্য