>কী অদ্ভুত একটা নির্বাচন হলো ব্রিটেনে! মারামারি-কাটাকাটিবিহীন এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য আমাদের রাজনীতিবিদদের কাছে? কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, খুন-খারাবি ছাড়া নির্বাচন আসলেই কোনো নির্বাচনের কাতারে পড়ে কি? দেশীয় রাজনীতিবিদদের কাছে প্রশ্ন রেখে নিজেই উত্তর দিলেন মাসউদ ফোরকান

থেরেসা মে এই নির্বাচন দিয়েছেন নিজের জনপ্রিয়তা যাচাই করার জন্য। এটা একটা মধ্যবর্তী নির্বাচন ছিল। আপনিই বলুন, পাগলেও কি এই কথা বিশ্বাস করবে? জনপ্রিয়তা যাচাইয়ের জন্য নির্বাচন হয় নাকি? আমাদের দেশে যেকোনো সরকারই জনপ্রিয়। দুষ্ট বিরোধী দল কটু কথা বলবেই। তাই বলে রাগ করে একেবারে নির্বাচন দিয়ে বসতে হবে!
ব্রিটেনে সব আসনেই নাকি নির্বাচন হয়েছে। এ তো অবিশ্বাস্য! তার মানে ব্রিটেনের এমপিরা নিজ এলাকায় জনপ্রিয় নন। আরে, আমাদের দেশের এমপিদের কাছে তাঁদের কত কি শেখার আছে! কীভাবে নির্বাচনে দাঁড়িয়ে নির্বাচিত হওয়া যায়, এটা তো ওরা আমাদের কাছে জিজ্ঞেস করলেই পারত। এত আয়োজন তো দেশের মানুষের জন্যই, নাকি? কষ্ট করে ভোট দেওয়া আসলে অর্থহীন। আমাদের দেশে ‘এলাকার সবার নয়নের মণি’ কে, তা তো সবাই জানে আগে থেকেই। আর নির্বাচন করে অযথা গন্ডগোলের দরকারই বা কী! ব্রিটেন কী করল এটা? ভোটাভুটি করে নির্বাচন! জনগণকে কষ্ট দেওয়ার কোনো অর্থ হয় না।
বিরোধী দল হলো লেবার পার্টি। এত ‘লেবার’ দিয়ে নির্বাচন বানচাল করতে পারল না? নিশ্চয়ই তাদের ‘শ্রমিকেরা’ এত অলস যে আন্দোলনে আগ্রহই নেই। আমাদের বিভিন্ন সংগঠনের ‘শ্রমিকদের’ থেকে তাদের অনুপ্রেরণা নেওয়া উচিত। কোনো বিষয় পক্ষে না গেলে কীভাবে সারা দেশের যোগাযোগ বন্ধ করে দিতে হয়, তা অবশ্যই শেখা উচিত আমাদের কাছ থেকে। আর বিরোধী দলের কাছ থেকেও তাদের অনেক কিছু শেখার আছে। নির্বাচন কমিশন বলল, তারা হেরে গেছে, আর তারা সেটা মেনে নিল? নির্বাচনে কারচুপি না হলেও সমস্যা কী? কারচুপি হয়েছে দাবি করে লাগাতার হরতাল যারা দেয় না, তারা আবার কিসের বিরোধী দল! বাসে আগুন দেওয়ার সাহসই নেই তাদের। এমন অযোগ্য বিরোধী দল হলে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবেই।
৬৮ শতাংশ মানুষ ভোট দিয়েছে? তাদের কি কোনো কাজ নেই? আমাদের দেশে ১০ শতাংশ মানুষই যায় না ভোট দিতে। আমাদের কত কাজ থাকে। আর তাদের এত মানুষ গেছে ভোট দিতে! নিশ্চয়ই প্রার্থীরা বিরিয়ানির প্যাকেটের লোভ দেখিয়েছে। ব্রিটেনের জনগণ কি বোকা! সামান্য বিরিয়ানির প্যাকেটের লোভে ভোট দিতে যায়! সেদিন তাহলে ক্রিকেট খেলাও দেখেনি ব্রিটেনের মানুষজন। আচ্ছা, নিজেদের দেশে টুর্নামেন্ট আয়োজন করে নিজেরাই যদি খেলা না দেখে, অন্য দেশের মানুষদের অপমান করা হয় নাকি? যে জাতির এই ন্যূনতম ভদ্রতাটুকু নেই, সেই জাতির গণতন্ত্রেরই বা কী দরকার? আর নির্বাচনেরই বা কী প্রয়োজন? অর্থহীন নির্বাচন। তাদের উচিত আমাদের কাছ থেকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানের নির্বাচনের ক্ষেত্র কীভাবে প্রস্তুত করতে হয়, তা শেখা। গণতন্ত্রের জন্য ব্রিটেনকে এখনো অনেক দূর যেতে হবে।
বিরোধী দল তাহলে এখন পরবর্তী পাঁচ বছর কী করবে? আমাদের দেশের বিরোধী দল হলেও একটা কথা বলতে পারত যে ‘জনগণ আপনাদের চায় না। জনগণ গণতন্ত্র চায়। আপনাদের কোনো অধিকার নেই দেশ চালানোর। সাহস থাকলে জনপ্রিয়তা যাচাইয়ে নির্বাচন দিন।’ এখন কথা হচ্ছে, ব্রিটেনের এই নির্বাচন থেরেসা মে জনপ্রিয়তা যাচাইয়ের জন্যই দিয়েছেন এবং তিনি মোটামুটি সফল। এখন বিরোধী দল না পারবে গালি দিতে, না পারবে সহ্য করতে। এই জ্বালা বয়ে বেড়াবে পাঁচ বছর ধরে! কী দুঃসহনীয় অপমান আর জ্বালা!
আঁকা: রাজীব