ব্রিটেনের রানির 'তরুণ নেতা' হতে চান?

লুঙ্গি-পাঞ্জাবি পরে, গলায় গামছা ঝুলিয়ে ব্রিটেনের রানির কাছ থেকে এক বাংলাদেশি তরুণের পদক নেওয়ার ছবিটা মনে পড়ে? ফেসবুকে ছবিটা বেশ আলোড়ন তুলেছিল। তিনি ছিলেন তরুণ উদ্যোক্তা ওসামা বিন নূর। বাংলাদেশ থেকে ২০১৬ সালের কুইন্স ইয়াং লিডারস অ্যাওয়ার্ড বিজয়ী। এ বছরও একই পুরস্কার পেয়েছেন রাহাত হোসেন ও সাজিদ ইকবাল নামে বাংলাদেশি দুই তরুণ।
শুধু বাংলাদেশি তরুণেরাই নন, প্রতিবছর সারা পৃথিবীর ৬০ জন উদীয়মান তরুণ এই পুরস্কার পান। ২০১৫ সাল থেকে দেওয়া হচ্ছে রানির এই পুরস্কার। সম্প্রতি ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড-২০১৮’-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
যাঁরা আবেদন করতে পারবেন
কমনওয়েলথভুক্ত যেকোনো দেশের ১৮-২৯ বছর বয়সী তরুণ ইয়াং লিডারস অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন। যাঁরা নিজ দেশে আঞ্চলিক কিংবা জাতীয় পর্যায়ে মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছেন, এমন উদীয়মান তরুণদেরই এ পুরস্কার দেওয়া হয়।
আবেদনের সময় নিজের কাজের যথেষ্ট তথ্য-প্রমাণ জমা দিতে হয়। এর মাধ্যমেই আপনার নেতৃত্বগুণ যাচাই করা হয়ে থাকে। লক্ষ্য অর্জন করতে গিয়ে বাধা ডিঙিয়েছেন, এমন তরুণেরা পুরস্কার বিজয়ীদের দৌড়ে এগিয়ে থাকেন। আবেদনের শেষ তারিখ ২১ আগস্ট ২০১৭।

পুরস্কার বিজয়ীরা যা পান
প্রাথমিক আবেদনের পর কয়েক ধাপে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তরুণ নেতা নির্বাচন করা হয়। বিজয়ীরা রাজকীয় অতিথি হিসেবে যান লন্ডনের বাকিংহাম প্রাসাদে। সেখানে জাঁকালো অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁদের হাতে পদক তুলে দেন। এই পদক ছাড়াও বিজয়ীরা পান নানান ধরনের সুবিধা। তাঁর কাজের ক্ষেত্র অনুযায়ী পরামর্শ, প্রয়োজনীয় বিষয়ে অনলাইন কোর্স ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিন দিনের আবাসিক কোর্স।
ইয়াং লিডারস অ্যাওয়ার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানা যাবে এই ওয়েব ঠিকানায়: www.queensyoungleaders.com