ব্রোঞ্জপদক বাংলাদেশ দলের

করোনার প্রকোপে আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের (আইফো) আয়োজন বাতিল হলেও নতুন কাঠামোতে আয়োজন করা হয় ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটেড ফিজিকস অলিম্পিয়াড (আইডিফো)। কেমন ছিল বাংলাদেশ দলের অভিজ্ঞতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার প্রকোপে আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের (আইফো) আয়োজন বাতিল হলেও নতুন কাঠামোতে আয়োজন করা হয় ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটেড ফিজিকস অলিম্পিয়াড (আইডিফো)
ছবি: সংগৃহীত

২০২০ সাল আমাদের শিখিয়েছে, কীভাবে বড় বড় আয়োজনও অনলাইনে করে ফেলা সম্ভব। এ বছর আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড হওয়ার কথা ছিল লিথুয়ানিয়ায়। কিন্তু করোনার কারণে সারা বিশ্বই হয়ে গেল প্রতিযোগিতার ভেন্যু। আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড (আইফো) কমিটি ও রাশিয়ার মস্কো ইনস্টিটিউট অব ফিজিকস অ্যান্ড টেকনোলজির তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিযোগীদের নিজ নিজ দেশে আয়োজন করা হয় ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটেড ফিজিকস অলিম্পিয়াড (আইডিফো) ২০২০। আয়োজকদের পাঠানো প্রতিবেদন ও সার্বক্ষণিক ভিডিও পর্যবেক্ষণের মাধ্যমে ৭-১৫ ডিসেম্বর চলে এই আয়োজন।

বাংলাদেশ দল

করোনায় নিরাপদ দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঢাকার রুশ সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয় আইডিফো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেয় বাংলাদেশ দলের শিক্ষার্থীরা। এ বছর বাংলাদেশ দলে ছিল ঢাকার নটর ডেম কলেজের রাশেদুল ইসলাম, ইমতিয়াজ তানভির, এম সামিন সালেক, রাজশাহী সরকারি ডিগ্রি কলেজের রুবায়াত জালাল ও কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী গোলাম ইশতিয়াক।

বছরের শুরুর দিকেই শেষ হয় বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের (বিডিফো) জাতীয় পর্ব। ডাচ–বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় এই আয়োজন করে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটি। তবে করোনার কারণে জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে ক্যাম্প করার সুযোগ এবার হয়নি। ওদিকে গত জুলাই মাসে আইফো বাতিল হলেও নভেম্বরে ঘোষণা আসে আইডিফো আয়োজনের। থমকে গিয়েও আবার নড়েচড়ে বসে বিডিফো কমিটি। যেহেতু ক্যাম্প হয়নি, তাই এশিয়ান ফিজিকস অলিম্পিয়াড (এফো) ও ইউরোপিয়ান ফিজিকস অলিম্পিয়াডে (ইউফো) বাংলাদেশি দলের সদস্যদের থেকে বাছাই করে তৈরি হয় এবারের দল।

যেভাবে পরীক্ষা

ঢাকার রুশ সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত আইডিফোর বাংলাদেশ পর্বের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডের আয়োজনকারী দলের সদস্য ম্যাক্সিম দোব্রখভ। ভিডিও ক্যামেরায় পরীক্ষা পর্যবেক্ষণ করেছে রাশিয়ার আন্তর্জাতিক কমিটি। ম্যাক্সিম দোব্রখভ বলেন, ‘পর্যবেক্ষক হিসেবে কাজ করতে এসে আমি প্রতিযোগীদের একাগ্রতা দেখেছি। আশা করছি সব ঠিক হয়ে গেলে, আগামী বছরগুলোতে বাংলাদেশ দল আরও ভালো করতে পারবে।’

সবশেষে ফলাফলে জানা যায়, বাংলাদেশের হয়ে ব্রোঞ্জপদক অর্জন করেছে রাশেদুল ইসলাম ও ইমতিয়াজ তানভির। এ ছাড়া বিশেষ সম্মাননা পদক পায় গোলাম ইশতিয়াক। কম সময়ের প্রস্তুতিতেও এমন সাফল্যে খুশি বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড দলের কোচ অধ্যাপক ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী আরশাদ মোমেন। তিনি বলেন, ‘অনেক সীমাবদ্ধতা পেরিয়েও আমাদের শিক্ষার্থীরা ভালো করেছে। আন্তর্জাতিক পরিসর থেকে যথাযথ সাহায্য পেয়েছি আমরা।’

বিজয়ী দলের সঙ্গে কথা হয় গুগল মিট সফটওয়্যারে। ইমতিয়াজ তানভীর বলল, ‘পরীক্ষা শুরুর আগে ঠিক বুঝতে পারছিলাম না, কী হচ্ছে চারপাশে। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পর আশপাশের আর কিছু মাথায় ছিল না।’ এই দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য রাশেদুল ইসলাম। ২০১৭ সালে প্রথম জাতীয় ফিজিকস অলিম্পিয়াডে অংশ নিয়েছিল সে। গত বছর আইফোর দলে থাকলেও আন্তর্জাতিক পর্বে অংশ নেয়নি বাংলাদেশ। কিন্তু এ বছর দেশের মাটি থেকেই আন্তর্জাতিক আয়োজনে নিজের সেরাটা দিয়েছে রাশেদুল।

গোলাম ইশতিয়াক দলের সর্বকনিষ্ঠ সদস্য। ২০১৮ সালের আঞ্চলিক পর্ব দিয়ে ফিজিকস অলিম্পিয়াডের সঙ্গে পরিচয় হয় তার। দীর্ঘ সময়ের প্রস্তুতিতে এবারের আন্তর্জাতিক দলে থাকার সুযোগ পেয়েছে সে। তাই এই অর্জনেও বেশ খুশি ইশতিয়াক।

সামিন আর রুবায়াতের ঝুলিতে পদক জমা না হলেও, শেষ সময়ের আয়োজনে নিজেদের সেরাটা দিতে পেরে খুশি তারা। রুবায়াত বলে, ‘করোনার কারণে আইফো বাতিল হয়। উচ্চমাধ্যমিক পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু আইডিফোর খবর জানতেই আবার পুরোদমে অনুশীলন শুরু করি।’

পদার্থবিজ্ঞান চর্চায় আগ্রহ তো আছেই, পাশাপাশি নিয়মিত খেলাধুলা, বই পড়া আর টিভি সিরিজের প্রতি বিপুল আগ্রহ দলের সবার। প্রত্যেকেই ভবিষ্যতে পদার্থবিজ্ঞান নিয়ে পড়ালেখা বা গবেষণা করতে চায় বলে জানায়।